ট্রাম্প যেসব নীতিতে বিশ্বাসী
>নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা-বিবৃতির মধ্য দিয়ে তাঁর নীতি এবং বিশ্বাস সম্পর্কে ইতিমধ্যে একটি স্পষ্ট ধারণা দিয়েছেন। ট্রাম্পের সে নীতি ও বিশ্বাসগুলোর মধ্যে বিবিসির নির্বাচিত কয়েকটি তুলে ধরা হলো:
১
ট্রাম্প বারবার বলে এসেছেন, ৯/১১ হামলায় আরব বংশোদ্ভূত মার্কিন ও মুসলমানরা খুশি হয়েছে। কোনো তথ্যসূত্র ছাড়াই ট্রাম্প বলেছেন, টুইন টাওয়ারে হামলার পর যুক্তরাষ্ট্রে মুসলিমরা আনন্দ করেছে এবং এটি মার্কিন নাগরিকদের জন্য আশঙ্কার বিষয়।
২
ট্রাম্প সম্প্রতি বলেছেন, যুক্তরাষ্ট্রের সব মসজিদের ওপর নজরদারি করা উচিত। এমনকি সন্ত্রাসবিরোধী পদক্ষেপের অংশ হিসেবে প্রত্যেক মুসলিম মার্কিনের গতিবিধির ওপর নজরদারি করা উচিত।
৩
চেহারার ভিত্তিতে নারীর মূল্যায়ন ট্রাম্পের চরিত্রের একটি বড় দিক। ২০০৫ সালের একটি ভিডিওতে ট্রাম্পকে নারীদের নিয়ে অবমাননাকর কথা বলতে দেখা গেছে। বহু নারী তাঁর বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ এনেছেন।
৪
আইএস সন্ত্রাসীদের মোকাবিলার ক্ষেত্রে ওয়াটার বোর্ডিংয়ের মতো কঠোর নির্যাতনমূলক জিজ্ঞাসাবাদ পদ্ধতি সমর্থন করেন ট্রাম্প। তাঁর মতে, জঙ্গিবাদীরা শিরশ্ছেদের মতো যেসব কার্যকলাপ চালায়, তার তুলনায় এটা কিছুই না।
৫
ট্রাম্প মনে করেন, সাদ্দাম হোসেন এবং মুয়াম্মার গাদ্দাফি এখনো ক্ষমতায় থাকলে ইরাক ও লিবিয়ার অবস্থা এখনকার মতো এত খারাপ হতো না। তিনি বলেছেন, ওই দুজন খারাপ নেতা হলেও তাঁরা সন্ত্রাসীদের প্রশ্রয় দেননি।
৬
ট্রাম্প যুক্তরাষ্ট্রে বসবাসরত ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীকে বের করে দিতে চান।
৭
ক্যালিফোর্নিয়ার স্যান বার্নার্দিনোতে মুসলিম দম্পতির রক্তক্ষয়ী বন্দুক হামলার পর ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করার পক্ষে মত দেন।
৮
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ট্রাম্প একজন যোগ্য নেতা বলে মনে করেন। তাঁর মতে, এমনকি প্রেসিডেন্ট ওবামার চেয়েও যোগ্য পুতিন।
৯
ওবামার আলোচিত স্বাস্থ্য সেবানীতি ‘ওবামাকেয়ার’কে ‘বিপর্যয়’ আখ্যায়িত করেছেন ট্রাম্প।
১০
জলবায়ু পরিবর্তনকে ট্রাম্প স্রেফ ‘আবহাওয়ার’ বিষয় বলে মনে করেন। তিনি মনে করেন, এর দোহাই দিয়ে নিজের দেশের কোম্পানিগুলোকে উৎপাদনবিমুখ করা ঠিক হবে না।
১১
ট্রাম্প নিজেকে একজন ‘ভালো মানুষ’ হিসেবে মনে করেন। তাঁর সর্বশেষ ক্রিপলড আমেরিকা বইয়ে ট্রাম্প বেশ কয়েকবার নিজেকে ‘নাইস গাই’ বলে উল্লেখ করেছেন।
১২
ন্যাটোকে অর্থ দেওয়াকে ‘বেহিসাবি অর্থ ঢালা’ বলে মনে করেন ট্রাম্প। তিনি বলেছেন, এই সংগঠনে একা যুক্তরাষ্ট্রকে অর্থ জোগাতে হয়। তিনি মনে করেন, এ বিষয়ে সব সদস্যদেশের সমান অংশগ্রহণ থাকা উচিত।
১৩
ট্রাম্প গর্ভপাতের ঘোরবিরোধী। তিনি মনে করেন, গর্ভপাতের মাধ্যমে ভ্রূণ হত্যা করলে সংশ্লিষ্ট চিকিৎসকের শাস্তি হওয়া উচিত।