ট্রাম্প লজ্জাকর ও বিপজ্জনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিলারি ক্লিনটন।
হিলারি ক্লিনটন।

মুসলিমদের নিয়ে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে এবার মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তাঁরা দুজনই আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রধান দলের মনোনয়নপ্রত্যাশী।
এনবিসি টেলিভিশনে গত বৃহস্পতিবার রাতে দেওয়া বক্তব্যে হিলারি বলেন, ট্রাম্পের বক্তব্য আর মোটেও হেসে উড়িয়ে দেওয়ার মতো নয়, বরং লজ্জাকর ও বিপজ্জনক। খবর গার্ডিয়ানের।
প্যারিস ও ক্যালিফোর্নিয়ায় ইসলামি কট্টরপন্থীদের হামলার প্রেক্ষাপটে ট্রাম্প গত সোমবার বলেন, মসজিদে মসজিদে মুসলিমদের ওপর নজরদারি করতে হবে এবং তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করতে হবে।
প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির আরেক মনোনয়নপ্রত্যাশী জেব বুশ বলেছেন, ট্রাম্পের ওই বক্তব্য ‘বিকৃত মস্তিষ্কের’ পরিচয় দেয়।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নপ্রার্থী হিলারি পর্যন্ত ট্রাম্পের ওই বক্তব্যের নিন্দা করেছেন। পাশাপাশি মুসলিমদের পাশে দাঁড়িয়েছেন সাবেক খ্যাতনামা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী, ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ প্রমুখ।
তোপের মুখে পড়া ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবারই ঘোষণা করেন, তিনি পরিকল্পিত ইসরায়েল সফর বাতিল করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের মুসলিমবিরোধী মন্তব্যের জন্য রিপাবলিকান নেতার সমালোচনা করার পরদিনই এ ঘোষণা দেন তিনি। নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের ২৮ ডিসেম্বর সাক্ষাৎ করার কথা ছিল।