ট্রাম্প শিবির এখন যেন নাবিকবিহীন জাহাজ

■ ভাষ্যকারেরা বলছেন, ট্রাম্প বেশ অসুস্থ না হলে সামরিক হাসপাতালে নেওয়ার প্রয়োজন পড়ত না।

■ ট্রাম্পের সব ধরনের নির্বাচনী প্রচারণা হয় বাতিল করা হচ্ছে বা ট্রাম্পের জায়গায় আসন গ্রহণ করতে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে।

■ একসময় তহবিল সংগ্রহে এগিয়ে থাকলেও বর্তমানে অর্থসংকটে পড়েছে ট্রাম্পের প্রচার শিবির।

হাসপাতালে যাওয়ার জন্য হেলিকপ্টারে উঠতে যাচ্ছেন করোনায় আক্রান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার হোয়াইট হাউসের দক্ষিণ লনেছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য সেপ্টেম্বর ছিল ‘নরকের মাস’। করোনাভাইরাস সংকট মোকাবিলায় ব্যর্থতা তাঁর পিছু নিয়েছিল আগে থেকেই। জনমত জরিপেও তাঁর জনসমর্থন কিছুতেই ৪২-৪৩ শতাংশের ওপরে উঠছিল না। এর সঙ্গে যোগ হলো আয়কর ফাঁকি দেওয়ার ‘বোমা ফাটানো’ ঘটনা ও ভোটে নিজের প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের সঙ্গে প্রথম বিতর্কের গো-হার। এসব ছিল সেপ্টেম্বরের ঘটনা। অক্টোবরের প্রথম দিনই জানা গেল তিনি ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনায় আক্রান্ত। সঙ্গে দুই ঘনিষ্ঠ উপদেষ্টা, তিন সিনেটরসহ আরও ডজনখানেক নিকট মিত্র। এমনকি তাঁর প্রচার শিবিরের ব্যবস্থাপক বিল স্টেপিয়েন পর্যন্ত করোনায় আক্রান্ত।

ঘটনার আকস্মিকতা ট্রাম্পের সব নির্বাচনী হিসাব-নিকাশ রীতিমতো ওলট-পালট করে দিচ্ছে। সাময়িকভাবে হলেও তাঁর প্রচার শিবির এখন নাবিকবিহীন জাহাজ।

কতটা অসুস্থ ট্রাম্প?

তিনি ঠিক কতটা অসুস্থ, তা এখনো স্পষ্ট নয়। হোয়াইট হাউস থেকে প্রথমে জানানো হয়েছিল, তাঁর মৃদু করোনার লক্ষণাভাব রয়েছে। পরে জানানো হলো, তাঁর গায়ে জ্বর-জ্বর ভাব। সন্ধ্যার আগেই কোনো আগাম ঘোষণা ছাড়া তাঁকে সামরিক বিমানে করে ১০ মিনিট দূরের সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হোয়াইট হাউসে চিকিৎসা সুযোগের কমতি নেই। তাঁর যদি মৃদু লক্ষণ থাকে, তাহলে তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়ার কী প্রয়োজন? আরও গোল বাঁধল বিকেলের দিকে যখন প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক শন কনলি জানালেন, অতিসতর্কতা হিসেবে প্রেসিডেন্টকে একটি পরীক্ষামূলক ওষুধ দেওয়া হচ্ছে। এই ওষুধের প্রস্তুতকারক রেজেনেরন থেকে জানানো হলো, এখনো বাজারে না ছাড়া হলেও হোয়াইট হাউসের অনুরোধে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এই ওষুধ সরবরাহ করা হয়েছে।

ট্রাম্প-মেলানিয়া ছাড়াও করোনায় আক্রান্ত ঘনিষ্ঠ ২ উপদেষ্টা, ৩ সিনেটরসহ আরও ডজনখানেক নিকট মিত্র।

৭৪ বছর বয়স্ক ট্রাম্প নিজেকে অতীব স্বাস্থ্যবান দাবি করলেও তিনি মেদবাহুল্যে ভুগছেন। তাঁর কোলেস্টেরলের সমস্যা রয়েছে। চিকিৎসকদের মতে, এই বয়সী লোকদের জন্য কোভিড-১৯ সবচেয়ে ভয়ানক। ভাষ্যকারেরা বলছেন, তিনি বেশ অসুস্থ না হলে তাঁকে সামরিক হাসপাতালে নেওয়ার প্রয়োজন পড়ত না, অপ্রমাণিত ও পরীক্ষামূলক ওষুধ প্রয়োগের প্রশ্নও উঠত না। তা সত্ত্বেও অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে ক্ষমতা হস্তান্তরের কথা ভাবা হচ্ছে না বলে জানানো হয়েছে।

আঁধারে ‘আলোকচিহ্ন’ হিসেবে ট্রাম্প শিবির থেকে আশা করা হচ্ছে, আকস্মিক অসুস্থতায় তিনি হয়তো ‘সহানুভূতি ভোট’ পাবেন। বিশেষজ্ঞেরা অবশ্য সে কথা অবাস্তব বলে উড়িয়ে দিয়েছেন।

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট থেকে বলা হয়েছে, অল্পবিস্তর সহানুভূতি পেলেও ট্রাম্পের নির্বাচনী ভাগ্যের পরিবর্তন হবে—এ কথার কোনো কারণ নেই। দেশের মানুষ ইতিমধ্যে তাঁদের মতামত স্থির করে ফেলেছেন।

বিশ্বাসযোগ্যতার অভাব

ট্রাম্পের জন্য প্রধান সমস্যা বিশ্বাসযোগ্যতা। গত সাত মাস করোনাভাইরাসকে ‘হালকা ফ্লু’ বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। বারবার বলেছেন ‘ম্যাজিকের মতো’ এই ভাইরাস উধাও হবে। এই প্রশ্নে দেশের সেরা বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করেছেন, তাঁদের লিখিত পরামর্শ তাঁর চাপে পরিবর্তিত হয়েছে। করোনার ভয়াবহতা খাটো করে দেখানোর জন্য তিনি প্রতিরোধক মাস্ক বা মুখোশ পরার ব্যাপারে অনীহা প্রকাশ করেছেন। জানা গেছে, মুখোশ পরলে তাদের ‘দুর্বল’ দেখা যাবে—এই যুক্তিতে ট্রাম্প শুধু নিজে নন, হোয়াইট হাউসের কর্মচারীদেরও মাস্ক পরতে নিরুৎসাহিত করেছিলেন।

‘এসবই হলো কর্মফল’, মন্তব্য করেছেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের একজন উপদেষ্টা। বাইডেন নিজে বরাবর কোভিড-১৯ থেকে আত্মরক্ষার জন্য অতিরিক্ত সাবধানতা অবলম্বন করেছেন। সে কারণে তাঁকে ট্রাম্পের পরিহাসের শিকার হতে হয়েছে। ট্রাম্প এমন কথাও বলেছেন, বাইডেন যেভাবে নিজের মুখ কাপড়ে ঢেকে রাখেন, তাতে মনে হয় নিশ্চয় কোনো সমস্যা আছে। তাঁকে একজন মনোবিশারদকে দিয়ে দেখানো উচিত। এখন অবশ্য সব পরিহাসের লক্ষ্য ট্রাম্প নিজে।

প্রথম বিতর্ককালে উপস্থিত ট্রাম্প পরিবারের কোনো সদস্য মাস্ক পরেননি ও সামাজিক দূরত্ব বজায় রাখেননি, সে জন্য বাইডেন শিবির থেকে সমালোচনা করা হয়েছে। তবে ট্রাম্পের অসুস্থতা নিয়ে কোনো রকম হাসিঠাট্টা না করার নির্দেশ দেওয়া হয়েছে। বাইডেন নিজে ট্রাম্প ও তাঁর স্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠিয়েছেন। তাঁর নির্বাচনী টিমের একজন সদস্য বলেছেন, কোভিডের ব্যাপারে বাইডেনের গৃহীত পথ সঠিক ছিল—এ কথায় কোনো সন্দেহ নেই। ‘কিন্তু এই মুহূর্তে “আমি ঠিক” এ কথা বলে গর্ব করায় কোনো আনন্দ নেই।’

নির্বাচনী প্রচারণায় জটিলতা

নির্বাচনের মাত্র ৩২ দিন আগে অসুস্থ হয়ে পড়ায় ট্রাম্পের নির্বাচনী শিবির রীতিমতো বিভ্রান্ত হয়ে পড়েছে। সব ধরনের নির্বাচনী প্রচারণা হয় বাতিল করা হচ্ছে, অথবা ট্রাম্পের জায়গায় ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে আসন গ্রহণ করতে হচ্ছে। কোভিডের কারণে যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে ২ লাখের বেশি মানুষ মারা গেছেন। নির্বাচনের আগে এই সংখ্যা ২ লাখ ৩০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে ভাবা হচ্ছে। অধিকাংশের চোখে এই ব্যর্থতা ট্রাম্পের। বাইডেনও আসন্ন নির্বাচনকে ট্রাম্পের ব্যর্থ নেতৃত্বের ওপর একটি গণভোট বা রেফারেন্ডাম হিসেবে উপস্থিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ট্রাম্প শিবির থেকে আপ্রাণ চেষ্টা হচ্ছিল ভোটারদের নজর কোভিড থেকে সরিয়ে অর্থনীতি এবং আইনশৃঙ্খলার ওপর আনার। সুপ্রিম কোর্টে একজন রক্ষণশীল সদস্যের অন্তর্ভুক্তির সম্ভাবনা রক্ষণশীল মহলে নতুন প্রাণ সঞ্চার করেছিল। কিন্তু এখন সব আলোচনার কেন্দ্রে এসে পড়ল কোভিড-১৯।

একজন রিপাবলিকান নির্বাচনী কৌশলবিদ বলেছেন, নজর যত বেশি কোভিডের ওপর পড়বে, ট্রাম্পের জন্য তত বিপদ। তিনি চান আলোচনা হোক আগামীকাল নিয়ে, কিন্তু কোভিডের ওপর নজর থাকার মানে সবার দৃষ্টি থাকবে গতকাল, অর্থাৎ তার প্রশাসনের ব্যর্থতার ওপর।

ট্রাম্পের অন্য সমস্যা অর্থ। একসময় তহবিল সংগ্রহে এগিয়ে থাকলেও বর্তমানে তাঁর প্রচার শিবির অর্থসংকটে পড়েছে। বিগত প্রচার ব্যবস্থাপক ব্রাড পারস্কেলের বেহিসাবি ও অপরিকল্পিত খরচকে এর জন্য দায়ী করা হচ্ছে। ট্রাম্প নিজে নেতৃত্ব দিলে তাঁর ক্যাম্পেইনের পক্ষে অর্থ সংগ্রহ অসম্ভব হবে না। কিন্তু কোভিডের কারণে তিনি এখন শয্যাশায়ী। কত দিন ঘরবন্দী থাকবেন, তাও অনিশ্চিত। ট্রাম্প অসুস্থ হয়ে পড়ায় বাইডেনের সঙ্গে অবশিষ্ট দুটি বিতর্কের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়েছে।

আঁধারে আলো

ট্রাম্পের করোনায় আক্রান্ত হওয়ার একটি শুভ দিকও রয়েছে। করোনায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ের সাহায্যকল্পে একটি দ্বিতীয় প্রণোদনা চুক্তির ব্যাপারে ডেমোক্রেটিক স্পিকার ন্যান্সি পেলোসি ও তাঁর দল দীর্ঘদিন থেকে হোয়াইট হাউস ও রিপাবলিকান নেতৃত্বের সঙ্গে দেন-দরবার করে যাচ্ছে। কী পরিমাণ অর্থ প্রণোদনা হিসেবে বরাদ্দ করা হবে, তা নিয়ে দুই পক্ষ এত দিন একমত হতে পারেনি। ট্রাম্পের হাসপাতালে ভর্তির পর উভয় পক্ষ থেকেই একটি আশু চুক্তির ব্যাপারে সতর্ক আশাবাদ ব্যক্ত করা হয়েছে। এক টিভি সাক্ষাৎকারে পেলোসি বলেছেন, অবস্থা বদলে গেছে। ট্রাম্প ও রিপাবলিকানরা এখন হয়তো বুঝতে পারছেন করোনার ফলে দেশের মানুষ কী রকম ভোগান্তির মুখে পড়েছে। সিনেট নেতা মিচ ম্যাককনেলও জানিয়েছেন, দুই পক্ষ তাদের পার্থক্য কমিয়ে এনেছে, একটি চুক্তির ব্যাপারে তিনি আশাবাদী।