ট্রাম্প শিবিরে আবার বিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যাপারে তাঁর মুগ্ধতার কথা গোপন রাখেননি। পুতিন শক্তিশালী প্রেসিডেন্ট এবং বারাক ওবামার চেয়ে বেশি জনপ্রিয়, এমন দাবিও তিনি করেছিলেন। প্রেসিডেন্ট নির্বাচিত হলে রাশিয়ার সঙ্গে যৌথভাবে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই করবেন, এমন আভাস দিয়েছিলেন ট্রাম্প। দেখা যাচ্ছে, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও তাঁর সেই মুগ্ধতা কমেনি। আর এর জের ধরে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই আরেক দফা দলের নেতৃত্বের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছেন ট্রাম্প।
নিজের দলের ভেতরে আপত্তি আছে, তা জেনেও ট্রাম্প তাঁর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পুতিনের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত বহুজাতিক তেল কোম্পানি এক্সন মবিলের প্রধান নির্বাহী রেক্স টিলারসনকে মনোনয়ন দিয়েছেন। রিপাবলিকান দলের তিন সিনেটর জন ম্যাককেইন, লিন্ডসি গ্রাহাম ও মার্কো রুবিও জানিয়েছেন যে টিলারসনের ব্যাপারে তাঁদের প্রশ্ন আছে। সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির একাধিক ডেমোক্র্যাটিক দলের সদস্যও তাঁদের আপত্তির কথা বলেছেন। মন্ত্রী হিসেবে টিলারসনের মনোনয়ন নিশ্চিত করতে হলে সবার আগে এই কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পেতে হবে।
এক্সন মবিলের প্রধান হিসেবে টিলারসন রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্ব গড়ে তুলেছেন। রাশিয়া প্রতিবেশী ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করায় দেশটির বিরুদ্ধে আরোপিত পশ্চিমা অর্থনৈতিক অবরোধের তিনি কঠোর সমালোচক। অনেকের ধারণা, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলে টিলারসন এই অবরোধ তুলে নিতে অগ্রণী ভূমিকা পালন করবেন। কারণ, এতে তাঁর কোম্পানি ও নিজের ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।
রুশ গোয়েন্দারা মার্কিন নির্বাচনে ট্রাম্পের পক্ষ নিয়ে সাইবার হামলা করেছে বলে যে অভিযোগ উঠেছে, সে প্রশ্নেও রিপাবলিকান নেতৃত্বের সঙ্গে ট্রাম্পের বিবাদ স্পষ্ট হয়ে উঠেছে। রাশিয়ার কথিত হস্তক্ষেপের ব্যাপারে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ সম্প্রতি যে অভিমত দিয়েছে, ট্রাম্প তা হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে সব বৈদেশিক গোয়েন্দা তথ্যের ব্যাপারে এই সিআইএয়ের ওপরই নির্ভর করতে হবে। তিনি সেই প্রভাবশালী গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য কোনো যুক্তি-প্রমাণ ছাড়া এক কথায় বাতিল করে দেওয়ায় বিরক্ত দলের রক্ষণশীল অংশ। রিপাবলিকান দলের বৈদেশিক নীতি এত দিন পর্যন্ত রুশ, বিশেষত পুতিনবিরোধিতার ওপর প্রতিষ্ঠিত ছিল। তাকে পুরোপুরি বাতিল করার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। দলের দুই জ্যেষ্ঠ সিনেটর ম্যাককেইন ও লিন্ডসি গ্রাহাম ইতিমধ্যে মার্কিন নির্বাচনে সত্যিই রাশিয়ার হাত ছিল কি না, সে প্রশ্নে তদন্ত চেয়েছেন। সিনেটের নতুন ডেমোক্র্যাটিক নেতা চাক শুমারের সঙ্গে এক যৌথ পত্রে তাঁরা এই তদন্তের আহ্বান করেছেন।