ট্রাম্প সত্য প্রতিষ্ঠায় বাধা দেন তা প্রমাণ করা কঠিন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদচ্যুত এফবিআই প্রধান জেমস কোমির সাক্ষ্যের পর একাধিক সংবিধান বিশেষজ্ঞ মত দিয়েছেন, ওই সাক্ষ্য থেকে এ কথা প্রমাণ করা কঠিন নয় যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সত্যি প্রতিষ্ঠায় বাধা সৃষ্টির চেষ্টা করেছিলেন। কোমির কাছে আনুগত্যের দাবি, অথবা কক্ষ থেকে সবাইকে চলে যেতে বলে একান্তে ফ্লিনের রুশ-সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত বন্ধ করার অনুরোধ, সে কথাই নির্দেশ করে।

ওয়াটারগেট কেলেঙ্কারিতে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের কৌঁসুলি জন ডিন বলেছেন, ট্রাম্প চাকরি দেওয়ার আগে আনুগত্যের যে দাবি করেন, তা  ‘কলার বদলে মুলো’ চাওয়ার মতো ব্যাপার। জেমস কোমি তাঁর কথায় রাজি না হওয়াতেই ট্রাম্প তাঁকে চাকরিচ্যুত করেন। একে ‘ন্যায় প্রতিষ্ঠায় বাধা’ ছাড়া অন্য কিছু বলে অভিহিত করা যায় না।

ট্রাম্প ক্যাম্পেইনের সঙ্গে রাশিয়ার কথিত গোপন আঁতাতের অভিযোগ তদন্তের জন্য মার্কিন কংগ্রেসের একাধিক কমিটি কয়েক মাস ধরে তদন্ত করছে। এখন পর্যন্ত এই তদন্তের লক্ষ্য ছিল রুশ হস্তক্ষেপ ও রাশিয়ার সঙ্গে ট্রাম্প ক্যাম্পেইনের সঙ্গে আঁতাত। কোমির সাক্ষ্যের পর তদন্তের কেন্দ্রীয় বিষয় হয়ে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজে। এরপর কংগ্রেস ও সম্প্রতি নিয়োগপ্রাপ্ত বিশেষ কৌঁসুলি (বা তদন্তকারী) রবার্ট মুলারের জন্য একটি মুখ্য বিবেচ্য হবে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ট্রাম্প সত্যিই প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিলেন কি না, সে প্রশ্ন তলিয়ে দেখা। প্রমাণিত হলে এই প্রশ্নে ট্রাম্প অভিশংসনের সম্মুখীন হতে পারেন।

কোমি তাঁর সাক্ষ্যে সরাসরি জানান, তাঁর কাজে তিনি অত্যন্ত খুশি, এ কথা বারবার বলা সত্ত্বেও ট্রাম্প যে তাঁকে পদচ্যুত করেন, তার কারণ রাশিয়ার হস্তক্ষেপ প্রশ্নে তদন্ত। তিনি বলেন, ‘যেভাবে রুশ তদন্ত পরিচালিত হচ্ছিল, তা পরিবর্তনের জন্যই’ তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তবে এর ফলে প্রেসিডেন্ট বিচার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছেন কি না, এই প্রশ্নের সরাসরি জবাব দিতে অস্বীকার করেন কোমি। তিনি বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব তাঁর নয়, বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের।

শুনানিতে কোমি ট্রাম্পকে মিথ্যাচারের দায়ে অভিযুক্ত করেন। তিনি বলেন, ট্রাম্প তাঁর সম্পর্কে যা বলেছেন তা ‘সোজাসাপ্টা নির্জলা মিথ্যা’। তিনি এও বলেন, প্রেসিডেন্ট সত্যি নাও বলতে পারেন, সে সন্দেহ থেকেই তিনি মুখোমুখি সাক্ষাতের পর তাঁদের কথোপকথনের পুরো বিবরণ ব্যক্তিগত মেমো হিসেবে লিখে রাখার প্রয়োজন বোধ করেন।

আনুগত্য দাবি ও ফ্লিন বিষয়ে তদন্ত বন্ধের বিষয়ে কোমির বক্তব্য অসত্য বলে দাবি করেছেন ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মার্ক কাসোভিৎস। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বরং তদন্ত চালু রাখার পক্ষে অভিমত ব্যক্ত করেন। কসোভিৎসের দাবি, প্রেসিডেন্টের ব্যক্তিগত আলাপচারিতা পত্রিকায় ফাঁস করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন কোমি।

কসোভিৎসের এই দাবির সঙ্গে একমত নন অধিকাংশ বিশেষজ্ঞ। সিএনএনের আইনবিষয়ক ভাষ্যকার জেফ্রি টুবিন বলেছেন, তাঁর সঙ্গে কথোপকথন কোনো অবস্থাতেই প্রকাশ করা যাবে না, ট্রাম্প কখনোই এমন কোনো দাবি করেননি। তা ছাড়া কোমির মেমোটি কোনো গোপন নথি নয়, তাঁর ব্যক্তিগত মেমো।