ট্রাম্প সমর্থকদের সঙ্গে সংঘর্ষে বিরোধীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়াগোয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গত শুক্রবার শহরটির কনভেনশন সেন্টারে ট্রাম্পের বক্তব্যের সময় সেন্টারের বাইরে এ ঘটনা ঘটে।

আগামী ৭ জুন ক্যালিফোর্নিয়ায় রিপাবলিকান দলের প্রাইমারি। এ লক্ষ্যে সান দিয়াগোয় সমাবেশের আয়োজন করেছিলেন ট্রাম্প। কিন্তু কনভেনশন হলের সামনে প্রায় এক হাজার ট্রাম্পবিরোধী জমায়েত হন। জমায়েতকে বেআইনি ঘোষণা করলে প্রতিবাদকারীরা পুলিশের দিকে পাথর ও বোতল ছুড়ে মারেন। তাঁরা সংঘর্ষে জড়ান ট্রাম্পের সমর্থকদের সঙ্গে। এই ঘটনায় ৩৫ জনকে আটক করে পুলিশ।

গত শুক্রবারই এই অঙ্গরাজ্যের ফ্রেসনোয় এক র‍্যালিতে কৃষকদের দাবি উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেন, ‘ক্যালিফোর্নিয়ায় কোনো খরা নেই।’ এ ছাড়া মেক্সিকোর সঙ্গে সীমানাপ্রাচীর নির্মাণের কথাও বলছেন তিনি প্রচারণার শুরু থেকে। এসব ইস্যুসহ বিভিন্ন সময়ে তাঁর বিতর্কিত নানা মন্তব্যও  শহরটিতে এ সংঘাতের কারণ বলে মনে করেছেন অনেকে।

মার্থা ম্যাকফেইল সাংবাদিকদের বলেন, ‘আমি ট্রাম্পের ঘৃণ্য, গোঁড়া ও বর্ণবাদী মন্তব্য এবং তাঁর দম্ভ ও অসহনশীলতার বিরোধী।’