ট্রাম্প: স্তুতি-আসক্ত এক প্রেসিডেন্ট
একটি গণতান্ত্রিক দেশের প্রশাসন সামন্ত সময়ের কথা মনে করিয়ে দেওয়ার কথা নয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অন্তত তা-ই মনে করিয়ে দিচ্ছে। আর সেই সূত্রে সামনে হাজির হচ্ছে শেক্সপিয়ারের বিয়োগান্ত আখ্যানগুলো। বিশেষত গত ১২ জুন অনুষ্ঠিত ট্রাম্প মন্ত্রিসভার পূর্ণাঙ্গ বৈঠকে যে ‘চাটুকারিতা’র প্রতিযোগিতা হলো, তা-ই শেক্সপিয়ারের সামন্ত পটভূমিতে লেখা ট্র্যাজেডিগুলোকে স্মরণ করিয়ে দিচ্ছে।
‘আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য এই যে আমি এমন একজন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, যিনি মার্কিন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করছেন’ বলে তোষামোদের ঝাঁপিটি খোলেন স্বয়ং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। আর অনেকটা বিধিবদ্ধভাবেই ডোনাল্ড ট্রাম্প এতে সন্তোষ প্রকাশ করেন। এরপর মাইক পেন্সের সঙ্গে একে একে যোগ দেন মন্ত্রিসভার প্রায় সব সদস্যই, যাঁদের মধ্যে রয়েছেন সাবেক গভর্নর, অবসরপ্রাপ্ত চারতারকাবিশিষ্ট জেনারেল ও বিলিয়নিয়াররা। এমনকি ২০১৫ সালে ট্রাম্পকে ‘রক্ষণবাদের ক্যানসার’ আখ্যা দেওয়া রিক পেরিও ছিলেন এ দলে, যিনি বর্তমান প্রশাসনের জ্বালানিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।
তখন পুরো সভাকক্ষজুড়ে যেন বয়ে যাচ্ছিল তোষামোদ-প্রবাহ, যা সরাসরি সম্প্রচারের স্বার্থে ধারণে ব্যস্ত ছিল ক্যামেরা। তোষামোদে ভরপুর এ সভাকে শেক্সপিয়ারের ‘কিং লিয়ার’-এর প্রথম অঙ্ক হিসেবে যথার্থই আখ্যা দিয়ে টরন্টো থেকে টুইট করেন এক ব্যক্তি। কিন্তু এ দৃশ্যপটে শুধু একটিই ঘাটতি থেকে গেছে। আর তা হচ্ছে একজন কর্ডেলিয়ার। কোনো মন্ত্রীই হয়ে উঠতে পারেননি সেই ছোট রাজকুমারীর মতো সাহসী। তবে দু-একজন ছিলেন, যাঁরা এর কাছাকাছি পৌঁছেছিলেন। এর একজন হচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। প্রেসিডেন্টকে তোষামোদের বদলে তিনি সামরিক বাহিনীর প্রশংসার পথ বেছে নেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের রয়েছে শক্তিশালী সামরিক বাহিনী, যা এর কূটনীতিকদের দিচ্ছে সুবিধাজনক অবস্থানে থেকে আলোচনার সুযোগ।’
কিন্তু মন্ত্রিপরিষদের দেওয়া এ প্রশংসা বৃষ্টিতেও সম্পূর্ণ তুষ্ট হতে পারেননি ট্রাম্প। ফলে নিজের মাহাত্ম্য প্রচারে নিজেকেই মাঠে নামতে হয় তাঁকে। এ সময় তিনি নিজেকে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের পর সবচেয়ে ‘সক্রিয়’ ও ‘উৎপাদনশীল’ প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। ট্রাম্পের এ সভা আরেকটি কারণে শেক্সপিয়ারের সঙ্গে সম্পর্কিত। ট্রাম্প কেবিনেটের প্রথম পূর্ণাঙ্গ সভা অনুষ্ঠানের দিনই নিউইয়র্কে মঞ্চস্থ হয় শেক্সপিয়ারের আরেক বিখ্যাত ট্র্যাজেডি ‘জুলিয়াস সিজার’, যাকে তোষামোদে ভুলেই প্রাণ দিতে হয়েছিল। এদিন দর্শকদের সামনে সিজার আবির্ভূত হন ভিন্ন সজ্জায়। ১২ জুন দর্শকের সামনে হাজির হওয়া সাদা চুলের সিজারের পরনে ছিল কোট ও লাল টাই।
এসব কিছু মিলে ট্রাম্প প্রশাসনের সঙ্গে অনেকে শেক্সপিয়ারের মিল খুঁজে পাচ্ছেন। কিন্তু বর্তমান হোয়াইট হাউস দুর্ভাগ্যজনকভাবে মধ্যযুগের সামন্ত সময়কে স্মরণ করিয়ে দিলেও সম্পূর্ণ উপরিপাতনের খুব একটা সুযোগ নেই। তবে ট্রাম্পকে একজন স্তুতি-আসক্ত ব্যক্তি হিসেবে সহজেই চিহ্নিত করা যায়। সভাকক্ষে সবাই তোষামোদ করছেন জানা সত্ত্বেও তিনি তাই একে উপভোগ করতে পারেন। যদিও লিয়ারের মতো সুশাসনের সমৃদ্ধ অতীত তার নেই। নেই সিজারের মতো বীরত্বগাথাও। এ কারণে তাঁকে শেক্সপিয়ার বর্ণিত কিং লিয়ার কিংবা জুলিয়াস সিজারের মতো ট্র্যাজিক হিরোর সঙ্গে তুলনা করা যাবে না।
শেক্সপিয়ার ট্র্যাজেডিতে বক্তৃতা-বাগীশদের দেখা যায়, যাঁরা তীক্ষ্ণ ও তীব্র বাক্যবাণ দিয়ে কোনো একটি জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করেন। ট্রাম্পও যে সেই কাতারে রয়েছেন, তা তাঁর নির্বাচনী প্রচারণা কিংবা হালে সংবাদমাধ্যমকে আক্রমণের ভাষা থেকেই প্রমাণ হয়। কিন্তু এত সব সাদৃশ্য থাকলেও দুর্ভাগ্যজনকভাবেই তিনি শেক্সপিয়ারের অধিকাংশ নায়ক এমনকি প্রতিনায়কের সমান হয়ে উঠতে পারেননি। বরং অনেক ক্ষুদ্র ও সীমিত পরিসরে তার কাঠামোর বিস্তার।