ট্রাম্প-স্যান্ডার্সের পাল্টাপাল্টি টুইট
যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই দলের মনোনয়নপ্রত্যাশী দুই প্রার্থীর মধ্যে চলছে পাল্টাপাল্টি টুইট। এতে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন তাঁরা।
রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ডেমোক্রেটিক পার্টির মনোনয়নপ্রত্যাশী বার্নি স্যান্ডার্সের সমর্থকেরা হট্টগোল করেছেন বলে অভিযোগ করেছিলেন ট্রাম্প। সে অভিযোগ অস্বীকার করে স্যান্ডার্সের বিবৃতির পরই তাঁদের মধ্যে পাল্টাপাল্টি টুইট শুরু হয়েছে।
রিপাবলিকান পার্টির বাছাই পর্বে এগিয়ে থাকা ট্রাম্পের প্রচারণা সভায় গত সপ্তাহের শেষ থেকে ব্যাপক হট্টগোল হচ্ছে। শিকাগো থেকে শুরু হওয়া জনপ্রতিরোধে বারবার বাধাগ্রস্ত হচ্ছে তাঁর নির্বাচনী প্রচারণা। ট্রাম্প প্রকাশ্যে এসব বিক্ষোভকারীদের শায়েস্তা করার জন্য হুমকি দিচ্ছেন এবং এর জন্য দায়ী করেছেন স্যান্ডার্সের সমর্থকদের।
এই অভিযোগ অস্বীকার করে স্যান্ডার্সের বিবৃতির পর ট্রাম্প এক টুইট বার্তায় বলেছেন, বার্নি স্যান্ডার্স মিথ্যা বলছেন। সতর্ক না হলে, বার্নি স্যান্ডার্সের সভায় নিজের সমর্থকেরাও যাবে বলে হুমকি দিয়েছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির জবাবে স্যান্ডার্সও পাল্টা টুইট বার্তায় বলেছেন, আমার প্রচারণা সভায় তোমার সমর্থকদের পাঠাও। তোমার সমর্থকেরা দেখার সুযোগ পাবে একজন সৎ রাজনীতিবিদের কথার ধরন কেমন হয়।
কড়া নিরাপত্তা ব্যবস্থায় নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। বেপরোয়া এবং বেফাঁস কথা বলার পরও রিপাবলিকান দলের এক শ্রেণির সমর্থকদের কাছে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা বাড়ছে। দলীয় বাছাই পর্বে উতরে গেলেও জাতীয় নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটন বা স্যান্ডার্সের সঙ্গে তাঁর প্রচারণা যুদ্ধ কেমন হবে, এ নিয়ে উদ্বেগ আলোচনা শুরু হয়েছে মার্কিন রাজনৈতিক অঙ্গনে।