রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলে অস্ত্র নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক কংগ্রেসম্যান জো ওয়ালশ। এক টুইটার বার্তায় তিনি ট্রাম্প বিজয়ী না হলে কার্যত ‘সশস্ত্র বিপ্লবের’ ঘোষণা দেন।
ইলিনয় অঙ্গরাজ্য থেকে আসা রিপাবলিকান দলের বেশি রক্ষণশীল ‘টি পার্টি’ গ্রুপের সদস্য সাবেক কংগ্রেসম্যান ওয়ালশ। তিনি এখন রক্ষণশীল একটি রেডিও টকশো উপস্থাপক। এক টুইটার বার্তায় ওয়ালশ বলেন, ‘আগামী ৮ নভেম্বর আমি ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেব। যদি ট্রাম্প হেরে যান, তবে আমি আমার অস্ত্র হাতে নামছি। আপনি কি আসছেন?’
এই বক্তব্যের কারণ জানতে টুইটারে যোগাযোগ করা হলে জো ওয়ালশ সিএনএনকে জবাব দেন, ‘এই মন্তব্যের মানে হলো প্রতিবাদ। এর মানে হলো আইন অমান্য কার্যক্রমে শামিল হওয়া। আমাদের দেশকে ফেরত পেতে যা দরকার তা-ই করা।’
তবে ওই টুইটের নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অস্ত্র সহিংসতা প্রতিরোধবিষয়ক আন্দোলন ব্র্যাডি ক্যাম্পেইন টু প্রিভেন্ট গান ভায়োলেন্সের প্রেসিডেন্ট ড্যান গ্রস। তিনি বলেন, ‘জো ওয়ালশ অনবরত যে সহিংসতামূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন, আমাদের রাজনৈতিক পরিবেশে তার কোনো স্থান নেই।’
এর আগে ডালাসে এক ব্যক্তি পুলিশ কর্মীদের ওপর গুলি চালানোর পরও জো ওয়ালশ টুইট করেছিলেন, ‘এখন এটা একটা যুদ্ধ। ওবামাকে দেখো। সত্যিকারের আমেরিকা আপনার দিকে আসছে।’