ট্রাম্প হিলারিকে জেলে পাঠানোর পক্ষে নন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পুরোটা সময় ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে দুটি বিষয় খুব ভুগিয়েছে। এর একটি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের সময় ব্যক্তিগত ই-মেইল সার্ভারে দাপ্তরিক ই-মেইল আদান-প্রদান এবং ক্লিনটন ফাউন্ডেশনের জন্য বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে অর্থ সংগ্রহ। নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প হুমকিও দিয়েছিলেন—বিজয়ী হলে এসব ব্যাপারে তদন্ত করে হিলারিকে জেলে ঢোকাবেন তিনি।
তবে এখন সেই অবস্থান থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের বিজয়ী প্রার্থী ট্রাম্প। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ বার্তা দেন।
সাক্ষাৎকার দেওয়ার সময়ও নাটকীয়তার জন্ম দেন বরাবর ‘অনিশ্চিত’ ডোনাল্ড ট্রাম্প। প্রথমে নিউইয়র্ক টাইমস-এর সাংবাদিকদের দেখা না দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি। টুইটারে তিনি বলেন, সংবাদপত্রটি তাদের ‘অবস্থান ও শর্তাবলি’ পরিবর্তন করায় তিনি সাক্ষাৎকার দেবেন না। এর কয়েক ঘণ্টা পরই স্থানীয় সময় মধ্যাহ্নভোজের প্রাক্কালে নিউইয়র্ক শহরে সংবাদপত্রটির সদর দপ্তরে দেখা দেন ট্রাম্প। প্রতিবেদক ও সম্পাদকমণ্ডলীর কয়েকজন সদস্যের সঙ্গে বসে সাক্ষাৎকারও দেন।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নির্বাচনী প্রচারণার সময় যে বিভক্তির ক্ষত তৈরি হয়েছে, হিলারিকে ধাওয়া করার চেয়ে তিনি সেই ক্ষত সারিয়ে তুলতেই বেশি আগ্রহী। তিনি বলেন, ‘আমি ক্লিনটনকে আঘাত করতে চাই না। আমি সত্যিই চাই না। বহু দিক থেকেই তাঁকে প্রচুর ভুগতে হয়েছে।’ ট্রাম্প কারও নাম উল্লেখ না করে বলেন, অনেকেই হয়তো এসব ব্যাপারে তদন্ত করতে চাপ সৃষ্টির চেষ্টা করবেন, তবে ব্যক্তিগতভাবে তিনি আর তদন্ত চান না।
প্রচারণার সময় দেওয়া প্রতিশ্রুতিগুলোর একটি থেকে ট্রাম্পের সরে আসার এ সিদ্ধান্ত এরই মধ্যে তাঁর সমর্থকদের মধ্যে সমালোচনার সৃষ্টি করেছে। রক্ষণশীল সংবাদমাধ্যম ব্রেইটবার্ট নিউজ এক সংবাদের শিরোনাম করেছে ‘না-রাখা কথা’।