ট্রাম্প হোটেল থেকে অস্ত্রধারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলে মঙ্গলবার গভীর রাতে আধা স্বয়ংক্রিয় রাইফেলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলেছে, এর ফলে ‘সম্ভাব্য বিপর্যয়’ এড়ানো সম্ভব হয়েছে।

পেনসিলভানিয়ার কর্তৃপক্ষের কাছ থেকে বার্তা পেয়ে ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশ মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে ব্রায়ান মোলস (৪৩) নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। এ হোটেলের অল্প দূরত্বেই হোয়াইট হাউস। পুলিশ তাঁর গাড়ি থেকে একটি এআর-১৫ আধা স্বয়ংক্রিয় রাইফেল, একটি ছোট আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেন। অবৈধ অস্ত্র রাখার দায়ে মোলসকে গ্রেপ্তার করা হয়। এক সংবাদ সম্মেলনে পুলিশপ্রধান পিটার নিউশ্যাম বলেন, পুলিশ সদস্যরা ও আমাদের কেন্দ্রীয় সরকারের সহযোগীরা দেশের রাজধানীতে একটি সম্ভাব্য বিপর্যয় এড়াতে পেরেছেন।

প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প তাঁর ওয়াশিংটনের হোটেলে কয়েকবার খাওয়াদাওয়া করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর পরিবারের দেখভালের দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস অবশ্য বলেছে, তাঁদের ওপর সুরক্ষার দায়িত্ব অর্পিত এমন কারও নিরাপত্তাই ঝুঁকির মধ্যে পড়েনি।