ট্রাম্প ১ রিপাবলিকান কংগ্রেস ০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগেই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার ছড়ি ঘোরাতে শুরু করেছেন। শুধু ছড়ি ঘোরানো নয়, একের পর এক গোল দিয়েও চলেছেন। তবে সোমবার দেওয়া সর্বশেষ গোলটি গেছে তাঁর নিজ দলের জালে।
সোমবার ছিল ১১৫তম মার্কিন কংগ্রেসের প্রথম দিন। কংগ্রেসের উভয় কক্ষ এখন রিপাবলিকানদের নিয়ন্ত্রণে। বিজয়ী রিপাবলিকানদের জন্য এই দিনটি হওয়ার কথা ছিল উদ্যাপনের। কিন্তু তাঁদের ‘অরাজনৈতিক’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে উদ্যাপনে পানি ঢেলে দিলেন। সোমবার রাতে, কোনো বিতর্ক ছাড়াই রিপাবলিকান পার্টি কংগ্রেস সদস্যদের নৈতিকতাবিষয়ক দপ্তরকে (‘অফিস অব কংগ্রেসনাল এথিকস’) স্বাধীন ও দলনিরপেক্ষ রাখার বদলে প্রতিনিধি পরিষদের নৈতিকতা বা এথিকস কমিটির নিয়ন্ত্রণে আনার প্রস্তাব গ্রহণ করে। এর ফলে এই দপ্তর শুধু তার নিরপেক্ষতাই হারাত না, তার কংগ্রেস সদস্যদের অবৈধ বা অনৈতিক কার্যকলাপ তদন্ত করার ক্ষমতাও হ্রাস পেত।
সরাসরি হস্তক্ষেপের বদলে ট্রাম্প শুধু একটি টুইটার বার্তায় রিপাবলিকান কংগ্রেসের এই সিদ্ধান্তে তাঁর আপত্তির কথা জানিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, করব্যবস্থার সংস্কার, স্বাস্থ্যবিমা ইত্যাদির মতো আরও গুরুত্বপূর্ণ বিষয়ের বদলে নীতিবোধ নিয়ে ব্যস্ত হয়ে পড়া মোটেই ঠিক হয়নি।
নৈতিকতাবিষয়ক দপ্তরকে দুর্বল করার চেষ্টার কথা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে চারদিকে তীব্র সমালোচনার ঝড় ওঠে। স্পিকার পল রায়ান নিজে এ সিদ্ধান্তের ব্যাপারে আপত্তি জানালেও সিদ্ধান্ত পরিবর্তনে রাজি হয়নি রিপাবলিকানরা। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই অবস্থা বদলে গেল ট্রাম্পের টুইটার বার্তায়। মঙ্গলবার দুপুরে রিপাবলিকান কংগ্রেস নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করে নৈতিকতাবিষয়ক দপ্তরকে তার দলনিরপেক্ষ চরিত্র ফিরিয়ে দেয়। এ জন্য সব কৃতিত্ব দেওয়া হচ্ছে ট্রাম্পকেই।
এটি ছিল নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বশেষ সফল হস্তক্ষেপ। এর আগে তিনি ইন্ডিয়ানাপোলিসের একটি কোম্পানির প্রায় ৮০০ চাকরি মেক্সিকোতে চলে যাওয়া ঠেকাতে সক্ষম হন। দাম ‘অতিরিক্ত’ বলে প্রেসিডেন্টকে বহনকারী বিশেষ বিমান ‘এয়ারফোর্স ওয়ান’-এর নতুন সংস্করণ নির্মাণে আপত্তি জানিয়ে বোয়িং কোম্পানিকে দর কমাতে বাধ্য করেছেন ট্রাম্প। সেটাকেও মনে করা হচ্ছে আরেক বিজয়।
যেসব মার্কিন কোম্পানি খরচ কমাতে বিদেশে কারখানা স্থানান্তরের কথা ভাবছে, ট্রাম্প তাদের ভয় দেখাতে পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন। অধিকাংশ অর্থনীতিবিদ তাঁর এই পরিকল্পনাকে অবাস্তব মনে করেন। কংগ্রেসের রিপাবলিকান নেতৃত্বও এই প্রস্তাবে সম্মত হবেন বলে মনে হয় না। তবে আপাতত ট্রাম্পের ধমক কাজে লাগছে বলেই মনে হয়। মঙ্গলবার তিনি শেভ্রলে গাড়ির অংশবিশেষ মেক্সিকোতে নির্মাণ করার জন্য মার্কিন গাড়িনির্মাতা জেনারেল মোটরসের কড়া সমালোচনা করেছিলেন। এর পরপরই ফোর্ড কোম্পানি মেক্সিকোতে ১৬০ কোটি ডলারের নতুন কারখানা নির্মাণের পরিকল্পনা বাতিল করার ঘোষণা দেয়।
ট্রাম্প নৈতিকতাবিষয়ক কমিটিকে বাঁচানোর কৃতিত্ব দাবি করলেও ডেমোক্রেটিক সমালোচকেরা সব ‘নীতিবোধ জলাঞ্জলি দেওয়ার’ অভিযোগ করে তাঁর কঠোর সমালোচনা করেছেন। ট্রাম্প এখনো তাঁর আয়করের হিসাব দাখিল করেননি। নির্বাচনের কিছুদিন পর ঘোষণা দিলেও ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সম্পর্কচ্ছেদে সুনির্দিষ্ট ব্যবস্থা এখনো নেননি। তেমনি পরিবারের সদস্যদের সরকারের কাজে ‘নাক গলানোর’ অভ্যাস বন্ধেও কোনো কার্যকর ব্যবস্থা নেননি। ট্রাম্পের চাপেই তাঁর নিজস্ব হোটেলে অনুষ্ঠান আয়োজন করতে বাধ্য হয়েছে এক আরব দেশ। নিউইয়র্ক টাইমস পত্রিকায় ভাষ্যকার ফ্রাঙ্ক ব্রুনি মন্তব্য করেছেন, কংগ্রেসের রিপাবলিকান নেতৃত্ব নিজেদের সদ্য নির্বাচিত প্রেসিডেন্টের কাছ থেকেই নীতিবোধ উপেক্ষা করার প্রেরণা পেয়েছেন বলেই ওই কমিটি বাতিলের কথা ভাবতে পেরেছিলেন।