ট্রাম্প 'ট্রাম্প টাওয়ারে' থেকে গেলে কী হবে
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জল্পনাকল্পনা বাস্তবে রূপ দিয়ে ওয়াশিংটনের হোয়াইট হাউসে না গিয়ে যদি নিউইয়র্কে নিজের প্রধান বাসভবন ট্রাম্প টাওয়ারেই থেকে যান, তবে কী হবে?—গত শুক্রবার এ প্রশ্নই তুললেন নিউইয়র্ক শহরের মেয়র বিল ডি ব্লাসিও।
৮ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে এখন ধনকুবের ব্যবসায়ী ট্রাম্প কমই নিউইয়র্ক শহরের ম্যানহাটন বোরোর ওই বাসভবন ছেড়ে বেরিয়েছেন। ফিফথ অ্যাভিনিউর ট্রাম্প টাওয়ারেই নিজ পরিবার ও উপদেষ্টাদের সঙ্গে বেশির ভাগ সময় কাটাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এই টাওয়ার ঘিরে যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহরটির কেন্দ্রস্থলে দেখা দিয়েছে একধরনের বিশৃঙ্খল পরিস্থিতি। একদিকে চলছে ট্রাম্পের নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তোড়জোড়; অন্যদিকে ট্রাম্পবিরোধী বিক্ষোভ। এ নিয়ে মেয়র ব্লাসিও সাংবাদিকদের বলছিলেন, ‘এ রকম পরিস্থিতিতে এর আগে আমরা কখনোই পড়িনি।’
প্রেসিডেন্ট ট্রাম্প ও ট্রাম্প টাওয়ারের নিরাপত্তায় কতসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান তুলে না ধরলেও মেয়র বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়া অনেক বিশ্বনেতার নিরাপত্তাব্যবস্থাতেও এত বাড়াবাড়ি হয়নি।
হোয়াইট হাউসে ট্রাম্পের আনুষ্ঠানিক অভিষেক হতে এখনো অপেক্ষা ২০ জানুয়ারির। নিউইয়র্ক নগর কর্তৃপক্ষের ধারণা, অন্তত এর আগ পর্যন্ত ট্রাম্প ম্যানহাটন ছাড়ছেন না। এই অবস্থায় তাঁর জন্য এখনই নিরাপত্তাব্যবস্থা জোরদারের পরিকল্পনা নিয়েছে তারা। এর অংশ হিসেবে ইতিমধ্যে ট্রাম্প টাওয়ারের আশপাশে কড়াকড়ি করা হয়েছে যানবাহন চলাচলে।
গত বুধবার ট্রাম্প টাওয়ারে ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন মেয়র ব্লাসিও। এখনই নিউইয়র্কের যে অবস্থা, তাতে এই টাওয়ারে ট্রাম্প যদি থেকে যান, তবে এরপর কী হবে? এ প্রশ্নের জবাবে কোনো অনুমান করতে অস্বীকৃতি জানান ব্লাসিও।
তবে ডি ব্লাসিও ট্রাম্প টাওয়ারকে ঘিরে ২৪ ঘণ্টা অতিরিক্ত পুলিশ ও সন্ত্রাস দমন ইউনিট সদস্যদের মোতায়েনের বাইরে ওই এলাকায় যানজট এবং ট্রাম্পবিরোধী বিক্ষোভে ব্যবসা-বাণিজ্যের ক্ষতির ফলে রাজস্ব হারানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন।
একই সঙ্গে নিউইয়র্কের এই মেয়র নগরবাসীর প্রতি আহ্বান জানান, তাঁরা যেন গাড়ি চালানো বা গাড়িতে থাকাকালে স্থানটি এড়িয়ে চলার চেষ্টা করেন।
প্রাসাদোপম বাড়ি ট্রাম্পের: বহুল আলোচিত ট্রাম্প টাওয়ার নিয়ে সবার আগ্রহ থাকাই স্বাভাবিক। কিন্তু তা দেখার সুযোগ হয় কজনার। তবে ট্রাম্পের প্রাসাদসম এ বাড়ির অন্দরমহলের চোখধাঁধানো কিছু দৃশ্য এরই মধ্যে দেখা গেছে টেলিভিশনের পর্দায়।
টেলিভিশনের পর্দায় ফুটে ওঠা দৃশ্যে দেখা যায়, বাড়ির মেঝে মার্বেল পাথরে বাঁধানো। ঝাঁ-চকচকে আসবাব। সেগুলো যেন স্বর্ণ পাতায় মোড়া। কক্ষের ছাদে শোভা পাচ্ছে স্ফটিকের সুদৃশ্য ঝাড়বাতি। রয়েছে প্রাচীন গ্রিসের ঐতিহ্য মেশানো স্তম্ভ।
বিনোদন জগতের ওয়েবসাইট টিএমজেডের প্রতিষ্ঠাতা হার্ভে লেভিনকে গত সেপ্টেম্বরে টাওয়ারের ভেতরে বসে এক সাক্ষাৎকার দেন ট্রাম্প। এ দৃশ্য ওই সময় তোলা। সাক্ষাৎকারে ট্রাম্পকে সিনেমা বানানোর আগ্রহ প্রকাশ করতেও দেখা যায়। তুলে ধরেন খেলার প্রতি নিজের আগ্রহ ও সাফল্যের কথা। শুক্রবার সাক্ষাৎকারটি ফক্স নিউজে দেখানো হয়।