ট্রাম্পকে আয়কর রিটার্ন প্রকাশ করার চ্যালেঞ্জ বাফেটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ারেন বাফেট। ছবি: রয়টার্স
ওয়ারেন বাফেট। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে তাঁর আয়কর রিটার্ন প্রকাশ করতে বলেছেন মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেট।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, গতকাল সোমবার ট্রাম্পের প্রতি বাফেট ওই আহ্বান জানান।
নেব্রাস্কা অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের একটি সমাবেশে বক্তব্য দেন বাফেট। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারিকে সমর্থন করছেন তিনি।
ট্রাম্প আগেই জানিয়ে দিয়েছেন, তাঁর আয়করের হিসাব নিয়ে সরকারের রাজস্ব বিভাগ অনুসন্ধান চালাচ্ছে। এ কারণে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই হিসাব প্রকাশ করবেন না তিনি।

আগামী নভেম্বর নাগাদ ওই তদন্ত শেষ হওয়ার কথা। ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হবে।

ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

আয়করের হিসাব প্রকাশ না করার ব্যাপারে ট্রাম্পের অজুহাতকে ‘দুর্বল’ বলে বর্ণনা করেন বাফেট। আয়করের হিসাব প্রকাশ করতে ট্রাম্প ভীত বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্প ও নিজের আয়করের হিসাব নিয়ে নির্বাচনের আগে যেকোনো সময় যেকোনো স্থানে প্রকাশ্যে মুখোমুখি হতে প্রস্তুত বলে উল্লেখ করেন বাফেট।
প্রয়াত এক মার্কিন সেনার বাবা-মাকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করায় বাফেটও ট্রাম্পের সমালোচনা করেছেন। রিপাবলিকান প্রার্থীকে তাঁর মন্তব্যের জের ধরে খোঁচা মেরে বাফেট বলেন, ট্রাম্প ও তিনি কোনো কিছুই আত্মত্যাগ করেননি।
ট্রাম্প দাবি করে আসছেন, তাঁর মোট সম্পদের পরিমাণ ১০ বিলয়ন ডলার।
ট্রাম্প সত্যি এতটা সফল ব্যবসায়ী কি না, তা বোঝার একটাই উপায়। তা হলো তাঁর আয়কর হিসাব পরীক্ষা করা। এত কারণেই তাঁর আয়কর হিসাব নিয়ে এত আগ্রহ।