ট্রাম্পকে উৎখাতের ষড়যন্ত্র হোয়াইট হাউসেই!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎখাতে হোয়াইট হাউসে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন হোয়াইট হাউসের সাবেক যোগাযোগ পরিচালক অ্যান্থনি স্কারামুচি। তিনি বলেন, ওয়াশিংটন ডিসির লোকজন ট্রাম্পের বিরুদ্ধে কাজ করছে।
এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কারামুচি এ কথা বলেন। চাকরিচ্যুত হওয়ার পর আজ রোববার প্রথমবারের মতো গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। গত মাসে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালকের দায়িত্ব পাওয়ার মাত্র ১০ দিন পর স্কারামুচিকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
সাক্ষাৎকারে অ্যান্থনি স্কারামুচি বলেন, ট্রাম্পকে সরানোর জন্য হোয়াইট হাউসে ষড়যন্ত্র হচ্ছে। এর পক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে। অনেকেই সেই ষড়যন্ত্রে যুক্ত। এমন কয়েকজনের নামও রয়েছে তাঁর কাছে। সাক্ষাৎকারে তিনি হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রায়ান্স প্রিবাসকেও কঠোরভাবে আক্রমণ করেন।
এবিসি নিউজের সাংবাদিক জর্জ স্টেফানোপোলাসকে দেওয়া সাক্ষাৎকারে অ্যান্থনি বলেন, ‘ওয়াশিংটনে কী ঘটছে...প্রেসিডেন্ট তো রাজনীতি করে আসা মানুষ নন। এ কারণেই তাঁকে উৎখাতের ষড়যন্ত্র চলছে। আমার ধারণা, তাঁকে উৎখাতের জন্য যথেষ্ট উপাদান ওয়াশিংটন ও হোয়াইট হাউসে আছে।’