বিশ্লেষণ
ট্রাম্পকে এখনই সরানোর দাবি
২০ জানুয়ারির আগে ২৫তম সংশোধনীর মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতাচ্যুতি এবং দ্রুত অভিশংসনের পথ নিয়ে আলোচনা।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি তাঁকে ফোন করেছিলেন, তিনি ফোন ধরেননি। বৃহস্পতিবার ক্যাপিটল হিলে তাঁর দপ্তরে এক সংবাদ সম্মেলনে পেলোসি নিজে এই ফোনের কথা প্রকাশ করেন। এখন পর্যন্ত পেন্স পেলোসিকে ফিরতি ফোন করেননি। পত্রপত্রিকা বা টিভিতেও তাঁর উপস্থিতি নেই।
পেন্সের নীরবতার কারণ বোঝা কঠিন নয়। পেলোসি ও সিনেটের নতুন ডেমোক্র্যাট নেতা চাক শুমার যৌথভাবে আহ্বান জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় টিকে থাকার যোগ্যতা হারিয়েছেন। তাঁকে অবিলম্বে ক্ষমতাচ্যুত করে ভাইস প্রেসিডেন্ট পেন্সকে ক্ষমতা গ্রহণ করতে হবে। মার্কিন শাসনতন্ত্রের ২৫তম সংশোধনী অনুসারে এই ক্ষমতা হস্তান্তর সম্ভব।
পেলোসি সাংবাদিকদের বলেন, ‘এখন আমরা এক অভাবিত জরুরি অবস্থার সম্মুখীন হয়েছি।’ তিনি বলেন, ‘গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহে উসকানি দেন।’ পেলোসি স্বীকার করেন, ব্যবস্থা গ্রহণের জন্য হাতে খুব বেশি সময় নেই, কিন্তু এই অবশিষ্ট সময়ে যেকোনো দিন ট্রাম্প ‘সর্বনাশা কাণ্ড’ ঘটাতে পারেন। তা ঠেকাতেই ২৫তম সংশোধনী প্রয়োগের প্রশ্ন উঠেছে। পেলোসির মত, সবচেয়ে ভালো হয় যদি মাইক পেন্স নিজে এ ব্যাপারে উদ্যোগ নেন।
১৯৬৩ সালে আততায়ীর হাতে প্রেসিডেন্ট কেনেডির মৃত্যু হলে যে ২৫তম সংশোধনী গৃহীত হয় তাতে বলা আছে, প্রেসিডেন্ট যদি দায়িত্ব পালনে অক্ষম অথবা অযোগ্য প্রমাণিত হন, তাহলে ভাইস প্রেসিডেন্ট মন্ত্রিসভার অধিকাংশ সদস্যের অথবা কংগ্রেসের সমর্থনে দায়িত্ব গ্রহণ করতে পারেন। সমস্যা হলো, এই পথে এগোতে হলে প্রথম শর্ত ভাইস প্রেসিডেন্টকে দায়িত্ব গ্রহণে সম্মত হতে হবে। গত চার বছর ট্রাম্পের একান্ত অনুগত পেন্স সে কাজ করতে সম্মত নন। পেলোসির ফোনের জবাব না দেওয়ার সেটাই প্রধান কারণ।
শুধু পেলোসি বা শুমার নন, ডেমোক্রেটিক পার্টির অধিকাংশ নির্বাচিত গণপ্রতিনিধি অবিলম্বে ট্রাম্পকে ক্ষমতা থেকে হঠাতে আগ্রহী। রিপাবলিকান পার্টির অন্তত দুজন কংগ্রেস সদস্যও একই দাবি তুলেছেন। তাঁদের সঙ্গে যুক্ত হয়েছেন ট্রাম্প প্রশাসনের একাধিক সাবেক সদস্য। বুধবার কংগ্রেস ভবনে ট্রাম্পের প্রত্যক্ষ উসকানিতে যে তাণ্ডব ঘটে, এঁদের চোখে তা গণতন্ত্র ও আইনের শাসনের ওপর সরাসরি হামলা। এরপর ক্ষমতায় টিকে থাকার সব যোগ্যতা ট্রাম্প হারিয়েছেন। এই অবস্থায় ২৫তম সংশোধনীর প্রয়োগ একটি আইনসম্মত পদক্ষেপ। জানা গেছে, চলতি মন্ত্রিসভার কেউ কেউ এই ব্যবস্থার পক্ষপাতী, এ নিয়ে নিজেদের মধ্যে তাঁরা মতবিনিময় করেছেন, কিন্তু প্রকাশ্যে কোনো কথা বলেননি। পেলোসি জানিয়েছেন, মাইক পেন্স এই পদক্ষেপ গ্রহণে সমর্থন না জানালে কংগ্রেস প্রেসিডেন্ট ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো অভিশংসিত করতে প্রস্তুত। ইতিমধ্যে এই অভিশংসনের খসড়াও লিখে শেষ করেছেন কোনো কোনো ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য।
ডেমোক্র্যাটদের প্রধান অন্তরায় হলো সময়। ২০ জানুয়ারি পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন জো বাইডেন। সে ঘটনার আগ পর্যন্ত ২৫তম সংশোধনীর প্রয়োগ অথবা অভিশংসনের জন্য হাতে রয়েছে মোটে ছয় কর্মদিবস। এই অবস্থায় মুখে যত কথাই বলা হোক, উভয় ব্যবস্থার কোনোটার প্রয়োগই বাস্তবসম্মত নয়। পেন্সের সমর্থন ছাড়া ২৫তম সংশোধনীর প্রয়োগ কার্যত অসম্ভব। তদুপরি, এই বিধান অনুসারে ট্রাম্প নিজেকে অক্ষম অথবা অযোগ্য নন বলে দাবি করতে পারেন। সে ক্ষেত্রে জটিলতা নিরসনে কংগ্রেসকে হস্তক্ষেপ করতে হবে, যার জন্য বরাদ্দকৃত সময় চার দিন। এরপর হাতে থাকে মোটে এক বা দুই দিন।
২৫তম সংশোধনীর মাধ্যমে ট্রাম্পের ক্ষমতাচ্যুতির বদলে দ্রুত অভিশংসনপ্রক্রিয়া সমাপ্ত করার এখতিয়ার কংগ্রেসের রয়েছে। চলতি কংগ্রেস ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকায় দ্রুত সে সিদ্ধান্ত গ্রহণ অসম্ভব নয়। কিন্তু অভিশংসনের মাধ্যমে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে হলে সিনেটের দুই-তৃতীয়াংশের সমর্থন চাই। রিপাবলিকানরা ট্রাম্পের ভূমিকায় বিরক্ত, কিন্তু তাঁকে অভিশংসিত করতে সম্মত হবে—এ কথা ভাবা যুক্তিযুক্ত নয়। ট্রাম্পের সমালোচক হিসেবে পরিচিত সিনেটর মিট রমনি বলেছেন, ২০ জানুয়ারি খুব দূরে নয়, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য তত দিন অপেক্ষা করাই সমীচীন হবে। একই কথা বলেছেন ট্রাম্পের নিকট মিত্র হিসেবে পরিচিত সিনেটর লিন্ডসে গ্রাহাম।
অন্য কথায়, আগামী ১০-১১ দিনের মধ্যে ট্রাম্পকে পত্রপাঠ বিদায় করা কার্যত অসম্ভব। তাঁকে ক্ষমতাচ্যুত করার যে দাবি এখন নানা মহলে শোনা যাচ্ছে, তা ট্রাম্পের প্রতি অনাস্থার প্রকাশ মাত্র।
ট্রাম্পের ব্যাপারে ডেমোক্র্যাটদের যতই ক্রোধ থাকুক না কেন, তৃণমূল পর্যায়ে তাঁর সমর্থন এখনো বিপুল। তাঁকে এড়ানো অথবা অস্বীকার করা রিপাবলিকানদের পক্ষে অসম্ভব। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সে কথা জানেন। সে কারণেই ট্রাম্পের ক্ষমতাচ্যুতির দাবির ব্যাপারে তিনি নিম্নকণ্ঠ। তদুপরি, দায়িত্ব গ্রহণের আগেই রিপাবলিকান জনপ্রতিনিধি অথবা তৃণমূল পর্যায়ে ট্রাম্পের সমর্থকদের খেপিয়ে তোলা তাঁর জন্য বুদ্ধিমানের পরিচায়ক হবে না। এ কথা ঠিক, জর্জিয়ায় তাঁদের নাটকীয় বিজয়ের ফলে সিনেট এখন তাঁদের নিয়ন্ত্রণে, কিন্তু সেখানে এই দুই দলের সদস্যসংখ্যা ৫০: ৫০। সিনেট সভাপতি হিসেবে ভাইস প্রেসিডেন্টের একটি ভোট রয়েছে, তার জোরেই ডেমোক্র্যাটরা সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেতে চলেছেন। কিন্তু ভোট গ্রহণের সময় নিজ দলের এক বা দুজন সদস্যকে হারালেই ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা হারাবেন। এ অবস্থায় বাইডেনকে নিজের মন্ত্রিসভার অনুমোদন অথবা অন্য যেকোনো প্রশ্নে রিপাবলিকানদের আংশিক সমর্থন প্রয়োজন পড়বে।
মাঝামাঝি ব্যবস্থা হিসেবে মার্কিন কংগ্রেস যা অনায়াসে করতে পারে তা হলো ট্রাম্পের ভূমিকার নিন্দা করে একটি সেন্সর বা ভর্ৎসনা প্রস্তাব গ্রহণ। এমন প্রস্তাবের ব্যাপারে কোনো কোনো মহলে কথা উঠলেও এখন পর্যন্ত বিষয়টি নিয়ে ডেমোক্র্যাট বা রিপাবলিকান নেতারা মন্তব্য করেননি। ভর্ৎসনা প্রস্তাব মূলত একটি নৈতিক সিদ্ধান্ত। এমন প্রস্তাব গ্রহণের ফলে প্রেসিডেন্টের ক্ষমতার কোনো হেরফের হবে না, তবে এর রাজনৈতিক গুরুত্বও কম নয়। ১৯৫৩ সালে মার্কিন কংগ্রেস প্রবল কমিউনিস্টবিরোধী হিসেবে পরিচিত সিনেটর ম্যাকার্থির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব করে। সে ঘটনার পর তিনি দ্রুত রাজনৈতিকভাবে গুরুত্বহীন হয়ে পড়েন।
এ কথার অর্থ এই নয়, পদ্ধতিগত জটিলতার কারণে কোনো ব্যবস্থা গ্রহণ অসম্ভব হলে ট্রাম্প বুধবারের ঘটনার জন্য কোনো শাস্তি পাবেন না। বস্তুত, ওয়াশিংটন ডিসির পুলিশ ও মার্কিন বিচার বিভাগ ইতিমধ্যে জানিয়েছে, এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া তারা শুরু করেছে। এই তালিকায় প্রেসিডেন্ট ট্রাম্পও রয়েছেন। আগামী ১০ দিনে না হলেও ক্ষমতা ত্যাগের পর ট্রাম্পকে বিচারপ্রক্রিয়ার সম্মুখীন হতে হবে।