ট্রাম্পকে কড়া জবাব ওবামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্লোরিডায় বন্দুক-হামলার জেরে যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধের দাবি আবারও তুলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর বেশ কড়া জবাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল মঙ্গলবার অর্থ দপ্তরে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, ‘এ ধরনের পরামর্শ মার্কিন গণতন্ত্রের নীতির পরিপন্থী।’
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে গত শনিবার সমকামীদের একটি নাইট ক্লাবে আফগান বংশোদ্ভূত মার্কিন যুবকের হামলায় ৪৯ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গত সোমবার মুসলিম ও ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটনকে সরাসরি আক্রমণ করেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরস্ত্র করে “কট্টরপন্থী মুসলিম সন্ত্রাসীদের” দিয়ে মেরে ফেলতে চান হিলারি।’
একের পর এক আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত হত্যার পরিপ্রেক্ষিতে অনেকের পাশাপাশি হিলারি অস্ত্র নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
বক্তব্যে ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে বলেন, ‘সন্ত্রাসবাদের প্রেক্ষাপটে তাদের প্রবেশ নিষিদ্ধের এই আওতা বাড়িয়ে বিশ্বের অন্যান্য দেশেও করা উচিত।’
এর জবাবে ট্রাম্পের নাম উল্লেখ না করে প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘এ ধরনের পদক্ষেপ নিলে কি পরিবর্তন আসবে? আইএসআইএলের অপরাধ কি কমে আসবে এবং তারা কি আমেরিকানদের হত্যা বন্ধ করবে? এ ধরনের পদক্ষেপ নিলে কি আমাদের মিত্রের সংখ্যা আরও বাড়বে? নাকি এ পন্থায় কোনো সামরিক কৌশল বাস্তবায়ন সম্ভব? হুমকিকে ভিন্ন নামে ডাকলেই তা কাটিয়ে ওঠা যায় না।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বিন লাদেনকে পাকড়াও করতে যারা নিজের জীবন বিপন্ন করেছে, ইরাক ও সিরিয়ায় যারা এখন লড়ছে, তারা জানে আসল শত্রু কারা। শত্রুর প্রকৃতি তারা জানে। কাজেই “কট্টরপন্থী ইসলাম” বিশেষণ প্রয়োগে কোনো জাদু নেই। এটা নিছক একটা রাজনৈতিক আলোচনার বিষয়।’