ট্রাম্পকে ছাড়লেন দলের আরও নেতা

নারী, মুসলিম, অভিবাসী ইত্যাদি ইস্যুতে একের পর এক বিতর্কিত মন্তব্য করায় নিজ দলের অনেক নেতা আগেই ডোনাল্ড ট্রাম্পের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন। নারীদের নিয়ে কটূক্তিকর মন্তব্য করা নতুন ভিডিও ফাঁসের পর সেই তালিকা আরও দীর্ঘ হয়েছে।
ভিডিওটি ফাঁসের দিনই এক ডজনের মতো রিপাবলিকান নেতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁরা আর ট্রাম্পের পক্ষে নেই। সর্বশেষ তাঁকে ত্যাগ করেছেন সাবেক প্রেসিডেন্ট প্রার্থী জন ম্যাককেইন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস।
গত শুক্রবার বিকেলে ওয়াশিংটন পোস্ট ২০০৫ সালে ধারণ করা ট্রাম্পের তিন মিনিটের একটি ভিডিও তাদের অনলাইন সংস্করণে পোস্ট করে। এতে নারীদের নিয়ে নানা আপত্তিকর মন্তব্য করতে দেখা যায় ট্রাম্পকে। ভিডিওটি ফাঁসের পর সমালোচনার মুখে তিনি দুঃখ প্রকাশও করেন। তাতেও শেষরক্ষা হচ্ছে না।
জন ম্যাককেইন বলেন, ট্রাম্পের প্রার্থিতায় শর্তসাপেক্ষে সমর্থনের বিষয়টিও অসম্ভব করে দিয়েছে তাঁর মন্তব্য। আর কন্ডোলিৎসা রাইস বলেন, অনেক হয়েছে! ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া উচিত নয়। তাঁর সরে দাঁড়ানো উচিত।
তবে তাঁদের আগেই ট্রাম্পকে ত্যাগ করার মিছিলে যোগ দিয়েছেন আরও বেশ কয়েকজন রিপাবলিকান নেতা। তাঁদের মধ্যে সিনেটরদের তালিকায় রয়েছেন মেইনের সুসান কলিনস, আলাস্কার ড্যান সুলিভান ও লিসা মুরকোভস্কি, নিউ হ্যাম্পশায়ারের কেলি আয়োত্তে, অ্যারিজোনার জেফ ফ্ল্যাক, নেভাদার ডিন হিলার, ইলিনয়ের মার্ক কির্ক, নেব্রাস্কার বেন সাসে ও ড্যান ফিশার, আইডাহোর মাইক ক্র্যাপো, কলোরাডোর কোরি গার্ডনার, সাউথ ক্যারোলাইনার লিন্ডসে গ্রাহাম, সাউথ ডাকোটার জন থুনে।
নিউ হ্যাম্পশায়ারের সিনেটর কেলি আয়োত্তে এক বিবৃতিতে বলেছেন, ‘নারীকে অবমূল্যায়ন এবং আক্রমণ করা একজন প্রেসিডেন্ট প্রার্থীকে আমি সমর্থন দিতে পারি না এবং আমি তা করবও না।’

ট্রাম্পের স্ত্রী মেলানিয়াও মেনে নিতে পারেননি তাঁর আপত্তিকর মন্তব্যগুলো। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমার স্বামী যে শব্দগুলো ব্যবহার করেছেন, তা আমার জন্য আক্রমণাত্মক এবং অগ্রহণযোগ্য।’ তবে তিনি ওই বিবৃতিতে দাবি করেন, ‘একজন নেতার মতো হৃদয় এবং মন’ ট্রাম্পের রয়েছে।
এ ছাড়া জেব বুশ, টিম পওলেন্টি, গ্যারি হারবার্ট, জন কাসিচ, মিট রমনি প্রমুখ ট্রাম্পকে আশাহত করেছেন বেশ আগেই। সেই সঙ্গে ট্রাম্পে বিরক্ত হয়ে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে ভোট দিতে মনস্থ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ, হ্যাঙ্ক পলসন, রিচার্ড হান্নাসহ অনেকে।
তবে দুঃখ প্রকাশ করলেও নিজ দলের নেতাদের কাছ থেকে সরে দাঁড়ানোর এই চাপ একেবারেই আমলে নিচ্ছেন না ট্রাম্প। ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমি কিছুতেই সরে দাঁড়াব না। আমার বিপুল জনসমর্থন রয়েছে।’ আর এখনো হাউস স্পিকার পল রায়ান, টেড ক্রুজ, বেন কারসন, ক্রিস ক্রিস্টি, নিউট গিংরিচ, মার্কো রুবিওর মতো নেতাদের আস্থা ধরে রাখতে সমর্থ হয়েছেন তিনি।
তবে ধারণা করা হচ্ছে, পল রায়ানের সমর্থনে চিড় ধরেছে। কারণ, চলতি সপ্তাহে উইসকনসিনের একটি অনুষ্ঠানে ট্রাম্পের আমন্ত্রণ ভিডিওটি ফাঁসের পর বাতিল করেছেন তিনি। অথচ তিনিই রিপাবলিকান প্রার্থীকে ওই অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিলেন।