ট্রাম্পকে ছেড়ে যাচ্ছেন যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেটসি ডেভস, অ্যালেইন চাও, সারাহ ম্যাথিউস, মিক মুলভানে, স্টেফানি গ্রিসহাম
ছবি: টুইটার ও রয়টার্স

কংগ্রেস ভবনে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সহিংস হামলার ঘটনার পর প্রেসিডেন্ট ক্রমেই একাকী হয়ে পড়ছেন। ওই সহিংসতার জেরে একের পর এক কর্মকর্তারা তাঁর প্রশাসন ছাড়ছেন। তাঁদের মধ্যে দুজন মন্ত্রীও আছেন। এখন পর্যন্ত পদত্যাগী কর্মকর্তাদের একটি তালিকা দিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

গতকাল বৃহস্পতিবার ট্রাম্পের কাছে পদত্যাগপত্র জমা দেন তাঁর শিক্ষামন্ত্রী বেটসি ডেভস। বেটসি বলেছেন, তিনি শুক্রবার তাঁর পদ ছাড়ছেন। কংগ্রেস ভবনে হামলাকে তিনি ‘বিবেকবর্জিত’ বলে বর্ণনা করেছেন।

পরিবহনমন্ত্রী অ্যালেইন চাও গতকাল টুইটারে তাঁর পদত্যাগের ঘোষণা দেন। তিনিই ট্রাম্পের মন্ত্রিসভার প্রথম সদস্য, যিনি কংগ্রেস ভবনে সহিংসতার পরিপ্রেক্ষিতে প্রথম পদত্যাগের ঘোষণা দেন। চাও বলেন, ওই সহিংসতার ঘটনা তাঁকে গভীরভাবে আহত করেছে। ফলে তিনি বসে থাকতে পারেননি। তাঁর পদত্যাগ সোমবার কার্যকর হবে।

মিক মুলভানে ট্রাম্পের সাবেক ভারপ্রাপ্ত চিফ অব স্টাফের দায়িত্বে ছিলেন। পরে তিনি ট্রাম্প প্রশাসনের নর্দান আয়ারল্যান্ডবিষয়ক বিশেষ দূত হন। তিনি বুধবার রাতেই পদত্যাগ করেন। মুলভানে বলেন, ক্যাপিটল ভবনে হামলায় প্রেসিডেন্টের উৎসাহ দেওয়ার দৃশ্য দেখার পর তিনি আর তাঁর দায়িত্বে থাকতে পারেন না।

ট্রাম্পের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাথু পটিংগার পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগের বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি গতকাল এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রের অন্যতম জ্যেষ্ঠ সাইবার নিরাপত্তা কর্মকর্তা জন কস্টেলো গত বুধবার পদত্যাগ করেন। তিনি তাঁর সহকর্মীদের বলেছেন, এই হামলার ঘটনাটি ছিল সহ্যের শেষ সীমা।

হোয়াইট হাউসের কাউন্সিল অব ইকোনমিক অ্যাডভাইজারসের ভারপ্রাপ্ত চেয়ারম্যান টেইলর গুডস্পিড গতকাল পদত্যাগ করেন। তিনি বলেছেন, বুধবারের হামলার ঘটনার পর তিনি আর তাঁর পদে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের চিফ অব স্টাফ স্টেফানি গ্রিসহাম বুধবারই তাঁর পদত্যাগপত্র জমা দেন। তিনি হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ছিলেন। তিনি ২০১৬ সাল থেকে ট্রাম্প প্রশাসনে কর্মরত ছিলেন।

মেলানিয়ার সোশ্যাল সেক্রেটারির পদে ছিলেন রিকি নিকিতা। নিকিতা জানিয়েছেন, তিনি পদত্যাগ করছেন।

হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি সারাহ ম্যাথিউস বুধবার তাঁর পদত্যাগপত্র জমা দেন। সারাহ এক বিবৃতিতে বলেন, তিনি কংগ্রেস হামলার যে দৃশ্য দেখেছেন, তাতে ভীষণভাবে বিরক্ত।

বুধবার ট্রাম্পের উসকানিতে তাঁর শত শত উগ্র সমর্থক কংগ্রেস ভবনে হামলা চালান।

কংগ্রেস ভবন ঘিরে দাঙ্গার ঘটনায় চার ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত ব্যক্তি। হামলাকালে কংগ্রেসে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জয়ের সত্যায়ন চলছিল। বাইডেনকে বিজয়ী ঘোষণা ঠেকাতে কংগ্রেসে হামলা চালান ট্রাম্প-সমর্থকেরা।