ট্রাম্পকে ছেড়েছেন দলের ১৬০ নেতা

নানা সময়ে বেফাঁস আর আপত্তিকর মন্তব্য করে সমালোচিত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে এযাবৎ ত্যাগ করেছেন খোদ তাঁর দলেরই ১৬০ জনের বেশি নেতা। এর মধ্যে অনেকে ঘোষণা দিয়ে বসেছেন, তাঁরা ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে ভোট দেবেন।
সর্বশেষ ২০০৫ সালে ধারণ করা নারীকে অবমাননা করে ট্রাম্পের মন্তব্যের ভিডিওটি ফাঁসের পর তাঁকে ত্যাগ করেন অর্ধশতাধিক রিপাবলিকান নেতা। এ দফায় সর্বশেষ ট্রাম্পকে ত্যাগ করেন রিপাবলিকান হাউস স্পিকার পল রায়ান। তাঁর আগে ওহাইওর গভর্নর জন কেইসিক, রিপাবলিকান প্রাইমারিতে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কার্লি ফিওরিনা, অ্যারিজোনার সিনেটর জন ম্যাককেইন প্রমুখ ট্রাম্পকে ছেড়ে চলে যান।
আর ভিডিওটি ফাঁসের আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশসহ বেশ কয়েকজন রিপাবলিকান নেতা স্পষ্ট জানিয়ে দেন, তাঁরা হিলারিকে ভোট দেবেন। অনেকে বলেছেন, তাঁরা ট্রাম্পের পক্ষে নেই।