ট্রাম্পকে ঠেকাতে এবার একজোট সিলিকন ভ্যালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ঠেকাতে এবার খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তিশিল্পের কেন্দ্রস্থল সিলিকন ভ্যালির শতাধিক ব্যক্তি। অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক, টুইটারের সহপ্রতিষ্ঠাতা এভেন উইলিয়ামস ও উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস তাঁদের অন্যতম।
সিলিকন ভ্যালি নামে বেশি পরিচিত ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের তথ্যপ্রযুক্তিশিল্প এলাকা বরাবরই ডেমোক্রেটিক দলের শক্ত ঘাঁটি বলে পরিচিত। তবে এবারের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রতিষ্ঠানগুলো আরও একতাবদ্ধ হয়েছে। তাদের আশঙ্কা, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে এই শিল্প পিছিয়ে পড়বে। সিলিকন ভ্যালি থেকে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের জন্য উপর্যুপরি আর্থিক অনুদানও যাচ্ছে।
খোলা চিঠিতে বলা হয়, ‘গত বছরের পুরোটা সময়জুড়ে আমরা ডোনাল্ড ট্রাম্পের কথা শুনেছি এবং এ সিদ্ধান্তে উপনীত হয়েছি: উদ্ভাবনের জন্য ট্রাম্প দুর্যোগে পরিণত হতে পারেন।’
চিঠিতে আরও বলা হয়, ‘চিন্তা-ভাবনার মুক্ত আদান-প্রদান, জনগণের চলাফেরার স্বাধীনতা এবং উৎপাদনশীল কাজে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষা—যা আমাদের অর্থনীতির জন্য জরুরি, ট্রাম্পের দৃষ্টিভঙ্গি তার বিপরীত।’
ট্রাম্প এর আগে তাঁর নির্বাচনী প্রচারণায় অভিবাসনবিরোধী অবস্থান নেওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তার কথা বলে ইন্টারনেটের কিছু অংশ বন্ধ করে দেওয়ার কথা বলেছিলেন। সেই সঙ্গে দেশের বাইরে পণ্য প্রস্তুত করার জন্য অ্যাপলের সমালোচনা করেছেন। কর এড়ানোর অভিযোগ তুলে তিনি অ্যামাজনেরও সমালোচনা করেন।
ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পলিটিকসের জিওফ্রে স্কেলি বলেন, প্রযুক্তি খাতের ব্যবসায়ীরা আসলে ভয় পাচ্ছেন, ট্রাম্প হয়তো বাণিজ্যযুদ্ধ বাধিয়ে বসবেন। আর এমনটা হলে বিশ্বজুড়ে ব্যবসার লক্ষ্য যেসব প্রতিষ্ঠানের, তারা ক্ষতিগ্রস্ত হবে।