ট্রাম্পকে ঠেকানোর নতুন উদ্যোগ
একের পর এক বিতর্ক সৃষ্টি করেই চলেছেন ডোনাল্ড ট্রাম্প। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর দূরত্বও বাড়ছে। তার ওপর জনমত জরিপে তাঁর সমর্থন দ্রুত কমে আসছে। এই অবস্থায় হিলারি ক্লিনটনের হোয়াইট হাউসে প্রবেশ ঠেকাতে ডোনাল্ড ট্রাম্পের বদলে একজন যোগ্য প্রার্থী খোঁজার নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
এই উদ্যোগের পেছনে আছেন আগামী মাসে দলের সম্মেলনে যাঁরা ডেলিগেট হয়ে আসবেন, এমন একদল রিপাবলিকান নেতা ও কর্মী। ইউটাস রাজ্য রিপাবলিকান পার্টির অন্যতম ডেলিগেট কেন্ডাল আনরাহ ওয়াশিংটন পোস্ট পত্রিকাকে এই উদ্যোগের কথা স্বীকার করে বলেছেন, তাদের অনেকেই টেক্সাসের সিনেটর টেড ক্রুজের সমর্থক। তবে ক্রুজের সঙ্গে এ নিয়ে তাঁরা কোনো কথা বলেননি বলে জানিয়েছেন। বিভিন্ন সমমনা ডেলিগেট নিয়ে তাঁরা সম্মেলনে সমবেতভাবে ক্রুজ বা অন্য কোনো প্রার্থীকে ঐকমত্যের ভিত্তিতে মনোনয়নে উদ্যোগী হবেন।
একাধিক সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে যে ট্রাম্পকে ঠেকাতে চান, ১৫টি অঙ্গরাজ্যের এমন প্রায় ৩০ জন ডেলিগেট গত বৃহস্পতিবার এক টেলিফোন কনফারেন্সে নিজেদের মধ্যে মতবিনিময় করেন। তাঁদের কাজে সমর্থন দিতে এগিয়ে এসেছে ‘কারেজাস রিপাবলিকানস’ এই নামের একটি দাতাগোষ্ঠী। পর্যাপ্তসংখ্যক ডেলিগেটের সমর্থন পেলে তারা ক্লিভল্যান্ডে দলীয় সম্মেলনে মনোনয়ন চূড়ান্ত করার চলতি নীতিমালা পরিবর্তনে উদ্যোগী হবে এবং ট্রাম্পের বদলে বিকল্প কোনো প্রার্থীর নামে প্রস্তাব করবে।
দলের শীর্ষস্থানীয় নেতা স্পিকার পল রায়ানের একটি বক্তব্য থেকে এই উদ্যোগের পেছনে তাঁর সমর্থনের ইঙ্গিত মিলেছে। শুক্রবার তিনি এক টিভি সাক্ষাৎকারে বলেন, ট্রাম্পের ব্যাপারে তাঁর বিস্তর সমালোচনা থাকলেও তাঁকেই তিনি সমর্থন করবেন। তবে অন্য ডেলিগেটরা যাঁর যাঁর নিজের ‘বিবেক অনুযায়ী’ ভোট দেবেন বলে তিনি আশা করেন।
ডোনান্ড ট্রাম্প অবশ্য এককথায় এই চেষ্টাকে বাতিল করে দিয়েছেন। তিনি বলেছেন, প্রাইমারি পর্যায়ে তিনি প্রায় দেড় কোটি ভোট পেয়েছেন, যা আগের যেকোনো রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর চেয়ে বেশি। সারা দেশে তাঁর প্রতি প্রবল সমর্থন রয়েছে। তাঁকে বাদ দেওয়ার কোনো চেষ্টা কিছুতেই সফল হবে না। দলের নেতারা যাঁরা তাঁকে নানা বিষয়ে সমালোচনা করেছেন, তাঁদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আপনারা একটু থামুন, কম কথা বলুন।’ এর আগে ট্রাম্প তাঁকে বাদ দেওয়ার কোনো চেষ্টা হলে সম্মেলন হলে ‘দাঙ্গা’ বেঁধে যাবে বলে হুঁশিয়ার করে দিয়েছিলেন।
রিপাবলিকান পার্টির একজন মুখপাত্র সর্বশেষ ট্রাম্প ঠেকাও উদ্যোগকে ‘হাস্যকর’ বলে বাতিল করে দিয়েছেন। তিনি বলেন, কয়েকজন লোক চাইলেই দলের নীতিমালা বদলানো যায় না। তা ছাড়া এমন উদ্যোগের পেছনে দরকার সম্মানজনক নেতা, ব্যাপক সমর্থন ও অর্থ। যাঁরা এই উদ্যোগের পেছনে, তাঁদের এর কোনোটাই নেই।