ট্রাম্পকে তুলোধুনো করার সুযোগ হারালেন বাইডেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির জো বাইডেন ২৯ সেপ্টেম্বর প্রথম মুখোমুখি বিতর্কে অংশ নিয়েছিলেন। তবে এই বিতর্ক ছিল বিশৃঙ্খল ও উত্তপ্ত বাক্যবিনিময় আর পরষ্পরকে কটাক্ষে ভরপুর।

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে দুই প্রার্থী তিনটি টেলিভিশন বিতর্কে মুখোমুখি হবেন। এটি ছিল প্রথম বিতর্ক।

নব্বই মিনিটের উত্তাপে ভরা এই বিতর্কে দুই প্রার্থীর বাগ্‌যুদ্ধে ছিল কোভিড মহামারি, অপরাধ, স্বাস্থ্যসেবা। এসেছে তাদের পরিবার নিয়ে নানা বিষয়। এমনকি এই উত্তাপের আঁচ দেখা গেছে উপস্থাপকের সঙ্গে ট্রাম্পের বাক্য বিনিময়ে। এবারের নির্বাচন নিয়ে মার্কিনদের সঙ্গে বাংলাদেশি অভিবাসীদেরও রয়েছে প্রচুর আগ্রহ। তাই দুই প্রার্থীর প্রথম বিতর্ক নিয়েও আগ্রহের কমতি ছিল না। কোভিড-১৯–এর কারণে বেশির ভাগ মানুষ আমেরিকায় ঘরবন্দী। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ও টিভি সেটের সামনে বসে অনেকেই বিতর্ক দেখছেন আর ফেসবুকে পোস্ট করে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন বা এখনো দেখাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে বিতর্ক নিয়ে এত আগ্রহ, ট্রল, পোস্ট ও মন্তব্য আগে কখনো দেখা যায়নি। এবারের বিতর্কে কিছু বাংলাদেশি রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছেন।

কেমন ছিল এবারের বিতর্ক?—এমন প্রশ্নে ডেমোক্র্যাট সমর্থক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন, কমিউনিটি নেতা মাজহারুল ইসলাম বলেন, ‘ট্রাম্প আমাদের ও আমেরিকার ঘাড়ের বোঝা। করোনায় আজ আমেরিকায় এত মানুষের মৃত্যু, অভিবাসন সমস্যা সবকিছুই হচ্ছে ট্রাম্পের কারণে। দুজনের প্রথম বিতর্কে সেটা আরও স্পষ্ট হয়েছে।’

অবশ্য রিপাবলিকান সমর্থক বাংলাদেশি বংশোদ্ভূত হারুন রশিদ বলেন, ‘বিতর্ক আসলে ভোটের ফলাফল নির্ধারণ করে না। বরং মার্কিন নাগরিকেরা দেখে তাদের জন্য কোন প্রেসিডেন্ট কী করেছেন। গত নির্বাচনেও ডেমোক্রেটিক প্রার্থী হিলারি বিতর্কে এগিয়ে থাকলেও ট্রাম্পই শেষ পর্যন্ত প্রেসিডেন্ট হয়েছেন। এবারও এমন কিছু হতে পারে বলে আমার বিশ্বাস।’

লেখক–সাংবাদিক শেলী জামান খান বলেন, উপস্থাপক ক্রিস ওয়ালেস বলা যায় পুরো অনুষ্ঠানটির ওপর তাঁর নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হয়েছেন। তার নিয়ন্ত্রণহীন কথাবার্তার কারণে ট্রাম্প সুযোগ পেয়েছে বাইডেনকে বুল্লি করার। নিয়মনীতি উপেক্ষা করে ট্রাম্প তার স্বভাব মতোই জো বাইডেনের বক্তব্যের মাঝখানে কথা বলে গেছেন। বালকসুলভ চিৎকার করেছেন, অনবরত মিথ্যা কথা বলে গেছেন। মানসিক ভারসাম্যহীন একজন মানুষের কাছে এর চেয়ে বেশি কিইবা আশা করার ছিল?

বাংলাদেশি-আমেরিকান রিপাবলিকান ক্লাবের ইমাম কাজী কায়্যুম বলেন, বিতর্কে নানা বিশৃঙ্খলা হয়েছে। সঞ্চালকের অদক্ষতা ও পক্ষপাত স্পষ্ট হয়েছে। সঞ্চালক নিজেই বিতর্কে জড়িয়ে পড়েছেন। তাঁর মতে, অনেক জনগুরুত্বপূর্ণ প্রশ্নের কোন সহজ উত্তর দিতে পারেননি ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

অবশ্য শেলী জামান বলছেন, বুল্লিতে অভ্যস্ত ট্রাম্পের পাশে দাঁড়িয়ে কারওও পক্ষে গুছিয়ে কথা বলা সত্যিই অসম্ভব। এমনকি অত্যন্ত উঁচুমানের বক্তা ওবামা হলেও খেই হারিয়ে ফেলতেন বলেই আমার বিশ্বাস।

বাংলাদেশি মার্কিনরা বলছেন, জো বাইডেন ট্যাক্স ইস্যুতে ট্রাম্পকে তুলোধুনো করার মোক্ষম একটি সুযোগ মিস করে গেছেন। ট্রাম্পের কোভিড–১৯ মোকাবিলায় ব্যর্থতা এবং ফলস্বরূপ বিশাল সংখ্যার প্রাণহানি নিয়ে জনগণের সঙ্গে সরাসরি কথা বলার বাইডেনের এই কৌশলটি অসাধারণ ছিল। তবে ট্রাম্পের অক্ষমতা, অজ্ঞতা, ব্যর্থতা আরও বেশি হাইলাইট করার প্রয়োজন ছিল মনে করেন বাংলাদেশি মার্কিনরা।