ট্রাম্পকে নিজের দায়িত্ব স্মরণ করাল সিএনএন

সিএনএনের কারণে বাইরের দেশে আমেরিকা সম্পর্কে ভুল ধারণা প্রাধান্য পাচ্ছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন অভিযোগের জবাবে সংবাদমাধ্যম সিএনএন বলেছে, বাইরের দেশে আমেরিকাকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব সিএনএন’র নয়, এই দায়িত্ব প্রেসিডেন্টের। সিএনএনের কাজ শুধু সংবাদ পরিবেশন করা।
ট্রাম্প সিএনএনের বিরুদ্ধে আগে থেকেই বিদ্রূপাত্মক মন্তব্য করে আসছেন। তাঁর মতে, আমেরিকাতে সিএনএনের চাইতে রক্ষণশীল ঘরানার ফক্স নিউজ বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, আমেরিকার বাইরে বসে ভুয়া খবর পাওয়ার জন্য সিএনএন এখনো সেরা মাধ্যম এবং এই সংবাদমাধ্যমটি বহির্বিশ্বে আমেরিকাকে খুব সামান্যই প্রতিনিধিত্ব করে। বহির্বিশ্ব তাদের (সিএনএন) কারণে আমেরিকার সত্য খবর জানতে পারে না।
বিশ্বজুড়ে আমেরিকার প্রভাবের প্রতিনিধিত্ব করে আসছে সিএনএন। এবার খোদ নিজের দেশের রাষ্ট্রপ্রধানের সরাসরি আক্রমণের শিকার হয়েছে এ বার্তা সংস্থাটি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়াও আরও একজন শক্তিধর রাষ্ট্রপ্রধানের রোষে পড়েছে প্রভাবশালী এই সংবাদমাধ্যমটি। তিনি হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ায় কর্মরত আমেরিকার কোনো কোনো গণমাধ্যমের কর্মীদের রাশিয়ার প্রতি শত্রুভাবাপন্ন বিদেশি চর হিসেবে তালিকাভুক্ত করার আইনে পুতিন সই করেছেন। পুতিনের মিত্ররা আগেই ইঙ্গিত দিয়েছিলেন, সিএনএন তাদের ক্ষতি করতে পারে। যদিও সিএনএন এখনো রাশিয়ার নতুন আইনের আওতার বাইরে রয়েছে। কিন্তু ট্রাম্প ও পুতিনের মধ্যে সম্ভাব্য মিত্রতা খুঁজে বের করতে চলমান তদন্তের মুখে পুতিনের আইন এবং ট্রাম্পের টুইট মন্তব্য ভিন্নভাবে দেখা হচ্ছে। তাঁদের মধ্যে সম্ভাব্য মিত্রতা কি তাঁদের অভিন্ন শত্রু সিএনএনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ইঙ্গিতও দেয়?—এমন প্রশ্ন করছেন গণমাধ্যম বিশ্লেষকেরা।
সিএনএন জানিয়েছে, রাশিয়ার পক্ষ থেকে তাদের বৈরী উল্লেখ করে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করা হয়নি। রাশিয়ার নতুন বিধির কারণে প্রধানত ভয়েস অব আমেরিকা, রেডিও ফ্রি ইউরোপ, রেডিও লিবার্টি নামক মিডিয়াগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
আমেরিকার গণমাধ্যমের বিরুদ্ধে এ হামলার ব্যাপারে রাশিয়ার কর্মকর্তারা বলছেন, এ আইন হলো পাল্টা-হামলা তথা প্রতিশোধ। তাঁদের মতে, গত বছর আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের সময় আমেরিকার কর্মকর্তারা রাশিয়ার সংবাদমাধ্যম ‘রাশিয়া টুডে’কে বিদেশি চর হিসেবে তালিকাভুক্ত করেছিল। তবে রাশিয়া এ অভিযোগ তীব্র ভাষায় অস্বীকার করে আসছে।
গণমাধ্যমের প্রবক্তা ও সংবাদ সংস্থাগুলো জানায়, রুশ কর্তৃপক্ষ কীভাবে এ বিধিকে প্রয়োগ করে তা দেখার অপেক্ষায় রয়েছেন তাঁরা। ভয়েস আমেরিকা ও রেডিও ফ্রি ইউরোপ’কে দেখাশোনাকারী সংস্থা ‘ব্রডকাস্টিং বোর্ড অব গভর্নর্স’ এর নির্বাহী পরিচালক জন এফ ল্যানসিঙ্গ এক বিবৃতিতে বলেন, ‘আমাদের দায়িত্বরত সাংবাদিকেরা রুশ কর্তৃপক্ষের হাতে নিগৃহীত এবং তাঁদের দায়িত্ব পালনে ব্যাপক বাধার সম্মুখীন হচ্ছেন।’
সিএনএন ইন্টারন্যাশনাল সম্পর্কে ট্রাম্পের টুইট মন্তব্য বিভিন্ন রাজনীতিক ব্যক্তিত্ব ও দল তীব্রভাবে নিন্দা করেছে। রিপাবলিকান কৌশলবিদ অ্যালেস্ক কোন্যান্ট বলেন, স্বৈরাচারী সরকারগুলোর আনুকূল্য অর্জনের তীব্র আকাঙ্ক্ষাই হলো প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলের সর্বাধিক দুশ্চিন্তার ব্যাপার। অন্যদিকে রিপাবলিকান সিনেটর ম্যাক্রো রুবিও প্রশ্ন করেন, মুক্তবিশ্বের নেতা যদি মুক্ত সংবাদমাধ্যমের প্রবক্তা না হোন, তা হলে কে হবে?
বিগত কয়েক মাস ধরে সংবাদমাধ্যমের স্বাধীনতার সমর্থক গোষ্ঠীরা এ মর্মে সাবধানবাণী উচ্চারণ করেছেন যে সংবাদমাধ্যমের ওপর ট্রাম্পের আক্রমণ বিদেশি সরকারকে একই ধরনের আচরণে উৎসাহিত করবে। অনেক দেশেই সরকারের সমালোচনা করার কারণে সাংবাদিকেরা নির্যাতন, কারাবাস ও সহিংসতার শিকার হচ্ছেন।
সিএনএন’র প্রথিতযশা প্রতিনিধি খ্রিস্টিন অ্যাম্যানপোর ২৬ নভেম্বর এক সাক্ষাৎকারে বলেন, তিনি ট্রাম্পের মন্তব্য শুনে স্তম্ভিত হয়েছেন। ট্রাম্পের সংবাদমাধ্যম বিরোধী বক্তব্য বিদেশি স্বৈরাচারীদের তাদের দেশে সাংবাদিকের বিরুদ্ধে অভিযান চালাতে স্বয়ংক্রিয়ভাবেই ‘সবুজ সংকেত’ দেবে।
সংবাদমাধ্যম নিয়ে ট্রাম্পের বক্তব্য বাইরের বিশ্বে ভুল বার্তা দেবে এবং দেশে দেশে যারা সংবাদমাধ্যমের গলা চেপে ধরতে চায়, তাদের উৎসাহিত করা হবে বলে সমালোচনার ঝড় উঠেছে। রিপোর্টার্স উইদাউট বোর্ডার্স নামক সংগঠনের নির্বাহী মার্গার্স ইউইন বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এমন আক্রমণের উদ্দেশ্য পরিষ্কার নয়। তিনি বলেন, সংবাদমাধ্যমকে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য আন্তর্জাতিক ক্ষেত্রে উদ্বেগজনক।
সংবাদমাধ্যমের বিরুদ্ধে ট্রাম্পের হামলার নিন্দা তাঁকে আরও বিক্ষুব্ধ করেছে। তিনি ২৭ নভেম্বর দেওয়া টুইট বার্তায় তাঁর মন্তব্য পরিবর্তন করেননি। বরং বলেছেন, সিএনএসনসহ অন্যান্য সংবাদমাধ্যমের মধ্যে কোনটি সবচেয়ে বেশি অসৎ, দুর্নীতিবাজ ও রাজনৈতিক খবরকে বিকৃত করে তাদের মধ্যে প্রতিযোগিতা হোক। অবশ্য এসব সংবাদমাধ্যমের সঙ্গে ফক্স নিউজকে যুক্ত করেননি তিনি। ট্রাম্প বলেন, তারা সবগুলোই বাজে। যে জিতবে তাকে ‘ভুয়া খবরের ট্রফি’ দিয়ে পুরস্কৃত করা হবে।
প্রভাবশালী গণমাধ্যম সিএনএন এবার হোয়াইট হাউসের ক্রিসমাস পার্টি বর্জন করবে। প্রতি বছর হোয়াইট হাউসের ক্রিসমাস পার্টিতে সংবাদমাধ্যমকে আমন্ত্রণ জানানো হয়। এ পার্টিতে সাংবাদিক ও হোয়াইট হাউসের কর্মকর্তারা সামাজিক সম্পর্ক গড়ে তোলেন। সিএনএন এবার হোয়াইট হাউসের পার্টি বর্জন করলেও অনুষ্ঠানের সংবাদ তারা প্রচার করবে। সিএনএনের এই পার্টি বর্জনের সংবাদ প্রচারের পরপরই হোয়াইট হাউসের মুখপাত্র সারা হাকাবি সেন্ডার্স টুইট বার্তায় বলেছেন, ‘এবারে ক্রিসমাস উৎসব যেন আগেই ভাগেই শুরু হয়ে গেছে।’
সেন্ডার্সের এই টুইট বার্তায় পরিষ্কার, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাঁর নিজ দেশের প্রভাবশালী সংবাদমাধ্যমের সম্পর্কের সহসা উন্নতি ঘটছে না। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্টকেও সরাসরি আক্রমণ করে বলেছেন, এরা সবাই ভুয়া সংবাদের পরিবেশক।