ট্রাম্পকে নিজের মরা মুখও দেখাতে চান না জন ম্যাককেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিনেটর জন ম্যাককেইন
সিনেটর জন ম্যাককেইন


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের মরা মুখটাও দেখাতে চান না সিনেটর জন ম্যাককেইন। মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এ রাজনীতিবিদ বর্তমানে গুরুতর অসুস্থ। নিউইয়র্ক টাইমসসহ বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, অসুস্থ সিনেটরের শেষকৃত্যের আগাম পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়া হচ্ছে পারিবারিকভাবে। জন ম্যাককেইন তাঁর ঘনিষ্ঠজনদের বলেছেন, শেষকৃত্যে আর যা-ই হোক, ডোনাল্ড ট্রাম্প যেন উপস্থিত না থাকেন।

হোয়াইট হাউস থেকে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে শেষকৃত্যে আমন্ত্রণ জানানোর জন্য বলেছেন জন ম্যাককেইন। সে অনুযায়ী পরিকল্পনা করা হচ্ছে। এ ছাড়া সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ, বারাক ওবামা উপস্থিত থেকে জন ম্যাককেইনের জীবনের ওপর কথা বলবেন—এমন সব পরিকল্পনার কথাও বলা হচ্ছে গণমাধ্যমে।

সর্বজনশ্রদ্ধেয় এ রাজনীতিবিদ বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু। একাধিকবার বাংলাদেশ সফর করেছেন। বাংলাদেশ থেকে দত্তক নেওয়া তাঁর একটি মেয়েও আছে।

এ প্রবীণ সিনেটর বরাবরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা নীতির সমালোচনা করে আসছিলেন। ট্রাম্পের হাতে আমেরিকার ভাবমূর্তির মারাত্মক ধস নেমেছে—এমনটা মনে করেন তিনি। ট্রাম্পের দক্ষিণের দেয়াল নির্মাণ এবং অভিবাসীদের নিয়ে উসকানিমূলক এবং অপমানজনক বক্তব্যের প্রকাশ্য সমালোচনা করেছেন জন ম্যাককেইন।

ভিয়েতনামে যুদ্ধে বন্দী হয়েছিলেন জন ম্যাককেইন। যুক্তরাষ্ট্রে বেঁচে থাকা যুদ্ধবন্দী হিসেবে জন ম্যাককেইনকে সমীহ ও শ্রদ্ধা করা হয় দলমত-নির্বিশেষে। ব্যতিক্রম কেবল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণার সময়ই ট্রাম্প বলেছিলেন, ‘যুদ্ধের সময় শত্রুর হাতে ধরা পড়লে বীর হয় কেমন করে? আমি তাদের পছন্দ করি, যারা যুদ্ধে ধরা না পড়ে বিজয়ী হয়।’

সম্প্রতি জন ম্যাককেইনের মস্তিষ্কের ক্যানসার ধরা পড়ে। সর্বোচ্চ চিকিৎসা নেওয়ার পরও তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটছে বলে মার্কিন গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে। এরপর সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। জো বাইডেনের ছেলেও মস্তিষ্কের ক্যানসারে মারা যান, সে সময় বাইডেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত ছিলেন।

দুরারোগ্য ব্যাধির সঙ্গে তীব্র লড়াই করছেন লড়াকু জন ম্যাককেইন। এর মধ্যে নিজের রাজনৈতিক স্মৃতি নিয়ে একটি বইও লিখে ফেলেছেন তিনি। বইটি কিছুদিনের মধ্যেই প্রকাশ পাচ্ছে।