ট্রাম্পকে নিয়ে আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয় নিয়ে সমর্থকেরা চরম আশাবাদী। রক্ষণশীলতার ধারক রিপাবলিকান দলকে রীতিমতো চ্যালেঞ্জ করেছেন তিনি। দলের নেতৃত্ব, মূলধারার সব ধারণাকে তিনি উড়িয়ে দিয়েছেন।
নিজের শ্রেষ্ঠত্ব আর বিদ্বেষকে উসকে দিয়ে ট্রাম্প যে অস্থিরতা সৃষ্টি করেছেন, এর খেসারত রিপাবলিকান দলকে দিতে হতে পারে। তবে সমর্থকেরা মনে করেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্বকে উসকে দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করবেন। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থায় সমর্থকদের এই উচ্ছ্বাস আর আশাবাদ মোটেই অমূলক নয়।
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দল নয়, নেতৃত্ব নয়, জনগণই ক্ষমতার সব হিসেব পাল্টে দিতে পারে। ডোনাল্ড ট্রাম্পের উত্থানের মধ্য দিয়ে এ কথাই আবার প্রমাণিত হচ্ছে।
গত মার্চ মাসে রিপাবলিকান দলের ১৭ জন প্রার্থী মনোনয়ন লাভের জন্য প্রার্থিতা ঘোষণা করেন। রক্ষণশীলদের কাছে জাতীয়ভাবে পরিচিত সিনেটর টেড ক্রুজ, বুশ পরিবারের জেব বুশ, রিপাবলিকান দলের উদীয়মান তারকা সিনেটর মার্কো রুবিওকে নিয়ে সাজ সাজ রব পড়েছিল। রিপাবলিকান দলের মূলধারার কোনো ধারেকাছেই ট্রাম্পের নাম ছিল না। সব সময় মিডিয়া মাতিয়ে রাখতে পারঙ্গম ট্রাম্পকে রিপাবলিকানরাই পাত্তা দেয়নি।
ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাজনীতির চেনা পথে হাঁটেননি। রিপাবলিকান দলের আলোচনায় ছিল, এবারের নির্বাচনে তাঁরা অভিবাসনপ্রত্যাশীদের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করবে। পরিসংখ্যান অনুযায়ী, ২০৪৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ মানুষ সংখ্যালঘুতে পরিণত হবে। হিস্পানিক, এশীয়দের অভিবাসন বাড়ছে। রিপাবলিকান দলকে ক্ষমতায় দেখতে চাইলে এসব অভিবাসনপ্রত্যাশীর সঙ্গে দলের সংযোগ সৃষ্টি করতে হবে। যুক্তরাষ্ট্রে সাধারণ শ্বেতাঙ্গদের মধ্যে নিজেদের নিয়ে এখন উদ্বেগ, উৎকণ্ঠা চরমে। সারা পৃথিবীর মোড়লিপনা করতে গিয়ে নিজেদের নিয়ে শঙ্কাটি এখন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রবল।
ডোনাল্ড ট্রাম্প সাধারণ শ্বেতাঙ্গদের হতাশা আর চাপা মনোভাবকে সামনে নিয়ে আসেন। রাজনীতির কায়েমি ঘরানার দিকে না তাকিয়ে ট্রাম্প নগ্নভাবে যুক্তরাষ্ট্রের ক্ষোভ-হতাশা প্রকাশ করতে থাকেন।
৫০টি অঙ্গরাজ্যের দেশ যুক্তরাষ্ট্র। বিশাল এই দেশটির প্রতিটি অঞ্চলেই প্রধান দুই দল, রিপাবলিকান আর ডেমোক্র্যাটদের সংগঠিত রাজনৈতিক অবস্থান। দলের রাজ্য সম্মেলন, জাতীয় সম্মেলন নিয়মিত হয়। দলের সাংগঠনিক পদধারীরা তাঁদের নেতা নির্বাচন করেন। দলের সমর্থকদের জিজ্ঞাসা করলে বেশির ভাগই রাজ্য কমিটি বা জাতীয় কমিটির প্রেসিডেন্ট-সেক্রেটারির নামটিও বলতে পারবেন না। নির্বাচনী ব্যবস্থায় দলের এসব সাংগঠনিক নেতার প্রভাব খুবই কম। যুক্তরাষ্ট্রের শিক্ষিত লোকজনের ১০ জনকে জিজ্ঞাসা করা হলে হয়তো একজন রিপাবলিকান বা ডেমোক্র্যাট দলের জাতীয় প্রেসিডেন্টের নাম বলতে পারবেন।
এ মাসের শুরুতেই ইন্ডিয়ানা রাজ্যের বাছাই পর্বে ডোনাল্ড ট্রাম্প জয়লাভের পর নির্বাচনী রাজনীতি নতুন মোড় নিয়েছে। মনোনয়ন দৌড় থেকে ঝরে পড়েন টেড ক্রুজ। তাঁকে অনুসরণ করেন জন কেইচিক। ডোনাল্ড ট্রাম্পের উত্থান শুরু হলে, বাছাই পর্বের মাঝপথে বেশ কিছু নাটকীয়তা হয়েছে। বলা হয়েছিল, রিপাবলিকান দলের জাতীয় কনভেনশনে ট্রাম্পকে ঠেকিয়ে দেওয়া হবে। দলের জাতীয় কমিটির প্রেসিডেন্ট রিনসে প্রিবাস এমন সম্ভাবনা উড়িয়ে দেননি। রিপাবলিকান দলের মধ্যে এখন সবচেয়ে ক্ষমতাশালী মনে করা হয়, স্পিকার পল রায়ানকে। তিনি প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নানা বক্তব্যের পাল্টা বক্তব্য দিয়েছেন। ইন্ডিয়ানা রাজ্যের বাছাই পর্বের পর পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। ট্রাম্প তাঁর উদ্যত ভাব থেকে সরে আসেননি।
অভিবাসনপ্রত্যাশী ঠেকাতে ট্রাম্প দেয়াল নির্মাণের কথা বলছেন। মুসলমানদের প্রবেশে নানা নিয়ন্ত্রণ আরোপের কথা বলছেন। এখন স্পিকার পল রায়ান থেকে দলের জাতীয় কমিটির প্রেসিডেন্ট রিনসে প্রিবাস সুর নরম করেছেন। আসলে তাঁদের তেমন করার কিছু নেই। রিপাবলিকান দলের দুই সাবেক প্রেসিডেন্ট বুশ পরিবারেরও কিছু করার নেই। দলের সাবেক দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী, মিট রমনি বা সিনেটর জন ম্যাককেইনের বিরোধিতারও কোনো প্রভাব নেই। দলের সমর্থকেরা তাঁদের রায় প্রদান করেছেন। এর চূড়ান্ত বিচার এখন জাতীয় নির্বাচনে হবে।
ডোনাল্ড ট্রাম্প আর ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটনের চূড়ান্ত লড়াই নিয়েই এখন যুক্তরাষ্ট্রের নির্বাচনী রাজনীতিতে আলোচনা হচ্ছে।
মিশিগান ইউনিভার্সিটির রাজনীতিবিজ্ঞানের অধ্যাপক মাইকেল ট্রাগট বলেছেন, যুক্তরাষ্ট্রের রাজনীতি রিপাবলিকান আর ডেমোক্র্যাট দলের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এবারের রিপাবলিকান দলের বাছাই পর্বের পর্যালোচনা করে তিনি ডেট্রয়েট প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, রাজনৈতিক দলগুলোর পুনর্গঠনের সময় এসেছে। যুক্তরাষ্ট্রে তৃতীয় বা চতুর্থ রাজনৈতিক দলের সম্ভাবনার কথাও বলেছেন অধ্যাপক মাইকেল ট্রাগট। রাজনীতিবিমুখ আমেরিকানদের কাছে বোদ্ধাদের এমন তাগিদ সহসা পৌঁছাবে বলে মনে হয় না।