ট্রাম্পকে নিয়ে গৃহযুদ্ধ

মঙ্গলবার মার্কিন সিনেটের দুজন রিপাবলিকান সিনেটর খোলামেলাভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি তাঁদের অনাস্থা প্রকাশ করেছেন। তাঁদের একজন আরিজোনা থেকে নির্বাচিত জেফ ফ্লেক বলেছেন, ট্রাম্পের ব্যবহার গণতন্ত্রের জন্য ক্ষতিকর। ট্রাম্পের ব্যবহারকে ‘বেপরোয়া, গর্হিত ও অবমাননাকর’ বর্ণনা করে তিনি বলেন, সরকারের সর্বোচ্চ স্তর থেকে এই রকম ব্যবহার গণতন্ত্রের জন্য ভয়াবহ। ফ্লেক তাঁর সহকর্মীদের কাছে আবেদন রাখেন, তাঁরা যেন এই স্থূলতা মেনে না নেন, নিজ দেশের এই বিপর্যয় ঘটতে না দেন। ‘মি. প্রেসিডেন্ট, আমি বলছি, আর নয়।’ ফ্লেক বলেন।
একই দিন ওয়াশিংটন পোস্ট পত্রিকায় এক উপসম্পাদকীয়তে জেফ ফ্লেক ট্রাম্পের আমেরিকাকে পঞ্চাশ দশকে কমিউনিস্ট বিরোধী ম্যাকার্থির সময়ের সঙ্গে তুলনা করে বলেন, ম্যাকার্থি সে সময় মার্কিন মূল্যবোধের বিরুদ্ধে তাণ্ডব সৃষ্টি করেছিলেন। জোসেফ ওয়েলচ সেই তাণ্ডবের প্রতিবাদ করায় ম্যাকার্থির অভিযান বন্ধ হয়। ফ্লেক বলেন, ‘আমরা ঠিক সেই রকম একটি পরিস্থিতিতে এসে পৌঁছেছি, আমরা আবারও ভুলে গেছি কী আমাদের মূল্যবোধ।’উল্লেখ্য, ১৯৫৪ সালে ম্যাকার্থির কমিউনিস্ট-বিরোধী অভিযানের প্রতিবাদ করে সিনেটের এক শুনানিতে মার্কিন সেনাবাহিনীর কৌঁসুলি জোসেফ ওয়েলচ বলেছিলেন, ‘সিনেটর, আপনার মধ্যে কি নীতিবোধ বলে কিছুই নেই?’ বলা হয়, ওয়েলচের সে কথার পর থেকেই ম্যাকার্থির সমর্থন হ্রাস পেতে থাকে।
ফ্লেকের ট্রাম্প-বিরোধী বক্তব্যে সুর মেলান টেনেসি থেকে নির্বাচিত সিনেটর বব কর্কার। তিনি সপ্তাহখানেক আগে ট্রাম্পকে মিথ্যাবাদী বলে তাঁর বিরাগভাজন হয়েছিলেন। মঙ্গলবার সকালে কর্কার ট্রাম্পকে পুনরায় মিথ্যাবাদী অভিহিত করে বলেন, ট্রাম্পের সময়কালে আমেরিকার মূল্যবোধের অবনমন ঘটেছে। ‘এই প্রেসিডেন্টের শাসনকাল শেষ হলে আমরা তা মনে রাখব আমাদের মূল্যবোধের এই অবনমন, ক্রমাগত মিথ্যাচার, অন্যের বিরুদ্ধে কুৎসা রটনার জন্য,’ তিনি বলেন।
এর আগে এক টিভি সাক্ষাৎকারে কর্কার বলেন, কর সংস্কারের যে কাজ সিনেট হাতে নিয়েছে, তা সফল হবে যদি ট্রাম্প তাতে নাক না গলান, কংগ্রেসকে তার কাজ করতে দেন। টিভিতে কর্কারের মন্তব্য শুনে ট্রাম্প টুইটারে বার্তা পাঠান, কর্কারের মতো একজন ওজনহীন মানুষ, যার পক্ষে পুনর্নির্বাচিত হওয়া অসম্ভব, সে এখন কর রেয়াতির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে।
মঙ্গলবার ট্রাম্প সিনেটে রিপাবলিকান সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে এসেছিলেন কর সংস্কার প্রশ্নে মতবিনিময় করতে। কিন্তু এ নিয়ে কোনো আলাপ-আলোচনার বদলে গত ১২ ঘণ্টা মিডিয়ার প্রধান শিরোনাম হয়েছে ট্রাম্পকে নিয়ে রিপাবলিকান দলের এই ‘গৃহযুদ্ধ’। একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টকে এভাবে ও এই ভাষায় নিজ দলের দুই শীর্ষস্থানীয় সিনেট সদস্যের আক্রমণ আমেরিকার ইতিহাসে এই প্রথম। তাঁরা দুজনেই ট্রাম্পের যোগ্যতা ও মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলেন। শুধু তা-ই নয়, নিজের দলীয় সহকর্মীদের কাছে তাঁরা আবেদন রাখেন, ট্রাম্পের হাতে গণতন্ত্র ও মার্কিন মূল্যবোধের এই অবনমন তাঁরা যেন মুখ বুজে সহ্য না করেন। সহকর্মীদের দিকে তাকিয়ে জেফ ফ্লেক বলেন, ‘আর যে যা-ই করুক, আমি কোনোভাবেই নীরব থাকব না এবং এই নোংরামির অংশীদার হব না।’
কর্কার ও ফ্লেক উভয়েই আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন। তাঁরা দুজনেই রক্ষণশীল রাজ্য থেকে এসেছেন, ট্রাম্পের বিরোধিতার মুখে নিজ নিজ আসন থেকে তাঁদের জয়ের কোনো সম্ভাবনা নেই জেনেই তাঁরা নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বলে অধিকাংশের ধারণা। ভাবা হচ্ছে, পুনর্নির্বাচনের ঝক্কি তাঁদের কাঁধ থেকে নেমে যাওয়ায় তাঁরা এখন ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলেছেন।
কোনো সন্দেহ নেই ফ্লেক ও কর্কারের প্রকাশ্য বিদ্রোহ রিপাবলিকান পার্টির অন্তর্দ্বন্দ্ব আরও বাড়াবে। এই দলীয় কোন্দল বহুলাংশে ট্রাম্পের সৃষ্টি, এসটাবলিশমেন্টপন্থী হিসেবে পরিচিত রিপাবলিকানদের আক্রমণ করে তিনি বিশেষ আনন্দ পান বলেই মনে হয়। তা ছাড়া তাঁর প্রতি আনুগত্য প্রকাশে সামান্য দ্বিধা করলে নিজ দলের নেতাদের বিরুদ্ধে যেতেও ট্রাম্পের কোনো আপত্তি নেই। এসব সিনেটরের সমর্থন ছাড়া নিজের সাংসদীয় অ্যাজেন্ডা পাস করা অসম্ভব জেনেও ট্রাম্পের এই ব্যবহার রিপাবলিকান নেতৃত্বের জন্য উষ্মার কারণ ঘটিয়েছে। কিন্তু তাই বলে অন্যান্য রিপাবলিকান সিনেটর বা কংগ্রেস সদস্য ফ্লেক ও কর্কারের দেখানো পথ অনুসরণ করবেন, তা ভাবার কোনো কারণ নেই। আরিজোনার বর্ষীয়ান সিনেটর জন ম্যাককেইন কোনো কোনো প্রশ্নে ট্রাম্পের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। মেইন থেকে নির্বাচিত মধ্যপন্থী রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স ও আলাস্কার লিসা মুরকাউস্কি স্বাস্থ্যবিমা প্রশ্নে ভিন্ন অবস্থান নিয়েছেন। কিন্তু তাঁরা কেউই নৈতিক অবস্থান থেকে এমন তীব্র ভাষায় ট্রাম্পের বিরোধিতা করেননি।
রিপাবলিকান সিনেটরেরা কেন ট্রাম্প-বিরোধী অবস্থান নিচ্ছেন না, তা বোঝা কঠিন নয়। রক্ষণশীল অঙ্গরাজ্যগুলোতে রিপাবলিকান সমর্থকদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা এখনো বিপুল—কোনো কোনো রাজ্যে প্রায় ৯০ শতাংশ। এই অবস্থায় পুনর্নির্বাচনে আগ্রহী কোনো সিনেটর বা কংগ্রেস সদস্য ট্রাম্প ও তাঁর তৃণমূল পর্যায়ের সমর্থকদের খ্যাপাতে চাইবেন না। সেই কারণে কর্কার ও ফ্লেকের ট্রাম্প-বিরোধী অবস্থান বড়জোর ট্রাম্পের প্রতি একটি ‘নৈতিক চপেটাঘাত’। সে চপেটাঘাত সহ্যের ক্ষমতা ট্রাম্পের আছে, শপথ গ্রহণের দিন থেকেই তিনি সে কথার প্রমাণ দিয়ে আসছেন। একের পর এক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার পরও সারা দেশে ট্রাম্পের জনপ্রিয়তা এখনো ৩৭-৩৯ শতাংশের মধ্যে রয়েছে।
এদিকে ফ্লেক ও কর্কার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করায় বেজায় খুশি হয়েছেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন। ‘শ্বেত জাতীয়তাবাদী’ হিসেবে পরিচিত ব্যানন জানিয়েছেন, রিপাবলিকান পার্টির এসটাবলিশমেন্টপন্থী সিনেটর ও কংগ্রেস সদস্যদের পরাস্ত করতে তিনি বদ্ধপরিকর। তাঁদের কারণেই ট্রাম্পের ‘জাতীয়তাবাদী’ অ্যাজেন্ডা বাস্তবায়িত হচ্ছে না বলে তিনি অভিযোগ করেছেন। আগামী বছর কংগ্রেস নির্বাচনে তিনি নিজ দলের সদস্যদের বিরুদ্ধে পাল্টা প্রার্থীর মনোনয়ন প্রদানের ইচ্ছা প্রকাশ করেছেন। এই উদ্দেশ্যে একাধিক রক্ষণশীল বিলিওনিয়র চাঁদাদাতার সমর্থনপুষ্ট হয়ে তিনি বড় ধরনের তহবিল গঠন শুরু করেছেন। কর্কারের বিরুদ্ধে একজন অতিকট্টর দক্ষিণপন্থী প্রার্থীর প্রতি সমর্থন তিনি আগেই ঘোষণা করেছিলেন। এখন জেফ ফ্লেকের আসনটি উন্মুক্ত হওয়ায় ব্যাননের জন্য নিজের পছন্দমতো আরও একজন প্রার্থীকে জিতিয়ে আনার সুযোগ সৃষ্টি হলো।