ট্রাম্পকে নিয়ে দলে উদ্বেগ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এখনো ৯৫ দিন বাকি। এর আগেই রিপাবলিকান দলে আর্তনাদ উঠেছে। দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ঘিরেই রিপাবলিকানদের এই আর্তনাদ।
দলের আশঙ্কা, ট্রাম্পের কারণে হোয়াইট হাউসে যাওয়ার আশা ভঙ্গ হতে পারে। সিনেটের নিয়ন্ত্রণও হাতছাড়া হতে পারে।
জনমত জরিপে ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটনের সঙ্গে ট্রাম্পের দূরত্ব ক্রমেই বাড়ছে। ফক্স টিভির সবশেষ জরিপে ট্রাম্পের চেয়ে হিলারি ১০ পয়েন্টে এগিয়ে।
রিপাবলিকান নেতারা মনে করছেন, ট্রাম্পের জনসমর্থনে ধসের কারণ তাঁর বেসামাল কথাবার্তা।
একাধিক রিপাবলিকান নেতা ইতিমধ্যে ট্রাম্পের প্রতি তাঁদের সমর্থন প্রত্যাহার করে হিলারিকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছেন।
ইরাকে নিহত পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন সেনা হুমায়ুন খানের পরিবারের সঙ্গে গত কয়েক দিন তর্ক-বিতর্ক করেছেন ট্রাম্প।

ওই বাদানুবাদ শেষ না হতেই ট্রাম্প নতুন এক বিপত্তি ঘটিয়েছেন। ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, রিপাবলিকান স্পিকার পল রায়ানকে পুনর্নির্বাচনে সমর্থন দিতে তিনি প্রস্তুত নন। একই কথা বলেছেন সিনেটে দলের বর্ষীয়ান সদস্য জন ম্যাককেইন সম্পর্কে।

তবে ট্রাম্পের রানিংমেট মাইক পেন্স জানিয়েছেন, রায়ান ও ম্যাককেইনকে পুনর্নির্বাচনে পূর্ণ সমর্থন দেবেন তিনি।

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ও তাঁর ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে এমন প্রকাশ্য মতভেদের পর অনেকেই বলছেন, ট্রাম্পের নির্বাচনী প্রচারণা ভেঙে পড়ার মুখে।

দলের চেয়ারম্যানের কথা উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ট্রাম্পের পক্ষে ওকালতি করার নতুন কোনো যুক্তি তিনি খুঁজে পাচ্ছেন না।

ট্রাম্পের অন্যতম প্রধান সমর্থক সাবেক স্পিকার গিনগ্রিচ পর্যন্ত বিরক্ত হয়েছেন। তিনি বলেছেন, ট্রাম্প যে হিলারির চেয়েও কম গ্রহণযোগ্য, সে কথা প্রমাণে ট্রাম্প নিজেই উঠে-পড়ে লেগেছেন।

জানা গেছে, ট্রাম্পকে সামাল দিতে তাঁর সঙ্গে জরুরি ভিত্তিতে কথা বলেছেন গিনগ্রিচ ও নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি।

ট্রাম্পকে বাদ দিয়ে অন্য কাউকে দলীয় মনোনয়ন দেওয়া সম্ভব কি না, সে সম্ভাবনাও দলের কোনো কোনো নেতা খতিয়ে দেখার কথা ভাবছেন বলে জানা গেছে।

ওয়েব পত্রিকা ডেইলি বিস্ট ও সিএনএন একাধিক রিপাবলিকান সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দলের গঠনতন্ত্রে ট্রাম্পকে বাদ দেওয়ার সুযোগ রয়েছে। জরুরি ভিত্তিতে দলের সম্মেলন নতুন করে ডাকা যেতে পারে। অথবা দলের নীতিনির্ধারক কমিটির ১৬৮ জন সদস্য যৌথভাবে ট্রাম্পের বদলে অন্য কাউকে মনোনয়ন দিতে পারে। কিন্তু তেমন কিছু করতে হলে খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে।

অধিকাংশ নিরপেক্ষ বিশ্লেষক মনে করেন, ট্রাম্প নিজে থেকে সরে যাবেন অথবা তাঁকে ‘প্রাসাদ ষড়যন্ত্রের’ মাধ্যমে সরানোর সম্ভাবনা কার্যত শূন্য। তবে এ নিয়ে কথা ওঠায় স্পষ্ট হয়, দলের নেতারা তাঁদের প্রেসিডেন্ট প্রার্থীকে নিয়ে বিচলিত।

ট্রাম্পকে অবশ্য বিচলিত দেখা যাচ্ছে না। গতকাল বুধবার ফ্লোরিডায় এক নির্বাচনী সভায় তিনি ঘোষণা করেন, জনমতে তিনি এগিয়ে আছেন। রিপাবলিকান দল আগের যেকোনো সময়ের চেয়ে অধিক ঐক্যবদ্ধ।