ট্রাম্পকে নিয়ে নাটকীয়তা দেখার অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। ১৮ জুলাই থেকে ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলীয় বাছাইপর্বে উতরে যাওয়া প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দিকে এখন দৃষ্টি সব মহলের।
জাতীয়ভাবে প্রভাবশালী রিপাবলিকান নেতারা এখনো ট্রাম্পের সমর্থনে প্রকাশ্যে আসেননি। সম্মেলন মঞ্চে উপস্থিত থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন দলের বহু চেনা মুখও। ভেতরে-ভেতরে বহু ধারায় বিভক্ত রিপাবলিকান দলের সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কী নাটকীয়তা হয়, তা দেখার অধীর অপেক্ষায় এখন যুক্তরাষ্ট্রের মতো সারা বিশ্ব।
সম্মেলনে কারা বক্তব্য দেবেন, কার পরে কে মঞ্চে আসবেন তা নিয়ে সম্মেলন কমিটির শেষ প্রস্তুতি চলছে। ডোনাল্ড ট্রাম্প এর মধ্যেই জানিয়ে দিয়েছেন, তাঁর পরিবারের সবাই সম্মেলনে বক্তব্য রাখবেন। পরিবারের সদস্যদের মধ্যে স্ত্রী মেলেনিয়া ট্রাম্প, সন্তান ইভাঙ্কা, এরিক, টিফেনি।
দলীয় প্রার্থী বাছাইপর্বে প্রতিদ্বন্দ্বিতায় ট্রাম্পের নিকটবর্তী প্রার্থী টেড ক্রুজ এখনো আনুষ্ঠানিকভাবে সমর্থন না করলেও, সম্মেলনে উপস্থিত থাকবেন বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। এবিসি নিউজ জানিয়েছে, স্পিকার পল রায়ান সম্মেলনে প্রায় ১০ মিনিট বক্তব্য দেবেন। এ পর্যন্ত বক্তার তালিকায় উইসকনসিনের গভর্নর স্কট ওয়াকার, আইওয়া সিনেটর জনই আর্নেস্ট বক্তব্য দেবেন বলে নিশ্চিত হওয়া গেছে।
রিপাবলিকান দলের সম্মেলনে বক্তব্য দেবেন না, এমনকি উপস্থিত থাকবেন না রক্ষণশীলদের বহু পরিচিত তারকা। রিপাবলিকান দলের দুই সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ ও জর্জ ডব্লিউ বুশ সম্মেলনে উপস্থিত থাকবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন। সাবেক দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী জন ম্যাককেইন এবং মিট রমনিও রিপাবলিকান দলের সম্মেলনে উপস্থিত থাকবেন না।

মনোনয়ন নিশ্চিত করতে বাছাইপর্বে ট্রাম্পের প্রয়োজন ছিল ১২৩৭ ডেলিগেট। বাছাইপর্ব শেষ হওয়ার আগেই ট্রাম্পের সংগ্রহ ছিল ১৫৪৩ ডেলিগেট। সম্মেলনে প্রথম ব্যালটেই ট্রাম্পের মনোনয়ন নিশ্চিত হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। প্রথম দফার গোপন ভোটে মনোনয়ন নিশ্চিত না হলে, দ্বিতীয় দফার ব্যালটে অনেক কিছু পাল্টে যেতে পারে।

প্রথম ব্যালটের পর বাছাইপর্বে উতরে আসা প্রার্থীকে ভোট দেওয়ার আর বাধ্যবাধকতা থাকে না বিভিন্ন রাজ্যের ডেলিগেটদের। যদিও এ মুহূর্তে রিপাবলিকান দলের পক্ষে ট্রাম্পের বিকল্প কোনো প্রার্থিতার প্রকাশ্য ঘোষণা নেই। তারপরও কোনো নাটকীয়তা হয় কি না, তা নিয়েই চলছে জল্পনা-কল্পনা।