ট্রাম্পকে নিয়ে ভয় কাটানোর চেষ্টা

ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ভয়ের কিছু নেই বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা দল রিপাবলিকান পার্টি। তাদের প্রার্থী ট্রাম্পকে নিয়ে বিশ্বজুড়ে যে উদ্বেগ রয়েছে, তা লাঘবের চেষ্টা করছে রিপাবলিকান শিবির।
নির্বাচনের আগ মুহূর্তে ট্রাম্প শিবির বৈশ্বিক উদ্বেগ কমাতে উদ্যোগী হলো। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
রিপাবলিকান প্রার্থীর প্রচার শিবির বলছে, ট্রাম্পের বিষয়ে বিশ্বের ভয়ের কিছু নেই।
নির্বাচনী প্রচার চলাকালে বিভিন্ন বিশ্বনেতা ট্রাম্পের সমালোচনা করেছেন। তাঁর ব্যাপারে উদ্বেগ জানিয়েছেন। সমালোচনা এসেছে জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনারের কাছ থেকেও।
ট্রাম্পের প্রচার ব্যবস্থাপক কেলিঅ্যান কনওয়ে বলেছেন, ট্রাম্প সম্পর্কে বিদেশে যে ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে, তা তাঁকে বিব্রত করে। তবে ট্রাম্পকে নিয়ে ভয়ের কিছু নেই। তাঁর কাছে ‘আমেরিকাই প্রথম’। তিনি যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রের ব্যাপারেও বিশ্বস্ত হবেন।
ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের সমালোচনা করেন ট্রাম্পের প্রচার ব্যবস্থাপক।
নির্বাচনের আগের দিন গতকাল সোমবার দুই প্রার্থী গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে ঝটিকা প্রচার চালান।
জাতীয় পর্যায়ে সবশেষ একটি জনমত জরিপে ট্রাম্পের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে আছেন হিলারি।