ট্রাম্পকে পেছনে ফেললেন ওবামা
মার্কিনদের কাছে প্রেসিডেন্ট বারাক ওবামাই সবচেয়ে প্রশংসিত ব্যক্তি। ২০১৬ সালের গ্যালপ জরিপের ফলাফলে গত বুধবার এ তথ্য মিলেছে। প্রশংসিত ব্যক্তির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জরিপে অংশগ্রহণকারী ২২ শতাংশ ওবামাকে পছন্দ করেছেন। আর ১৫ শতাংশের বাছাই ট্রাম্প। ৪ শতাংশ ভোট পেয়ে ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস তৃতীয় স্থানে আছেন।
সবচেয়ে প্রশংসিত নারীর তালিকায় শীর্ষে আছেন হিলারি ক্লিনটন। তিনি সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছে হেরে গেছেন। তবু গ্যালপ জরিপে ১২ শতাংশ মানুষ তাঁকে বেছে নিয়েছেন। ২০০৮ সালের পর থেকে এ জরিপে তিনি এবং ওবামা একটানা শীর্ষস্থানে ছিলেন। প্রশংসিত নারীর তালিকায় এ বছর হিলারির পরেই জায়গা পেয়েছেন বর্তমান ফার্স্টলেডি মিশেল ওবামা। তাঁদের অনেক পেছনে নাম আছে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল, টকশো উপস্থাপক অপরাহ উইনফ্রে ও এলেন ডিজেনারেসের।