ট্রাম্পকে পেছনে ফেলেছেন ক্রুজ

মার্কিন নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নের দৌড়ে এক জনমত জরিপে ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেললেন টেড ক্রুজ। এই প্রথম কোনো জাতীয়ভিত্তিক জরিপে ট্রাম্পকে ছাড়িয়ে গেলেন ক্রুজ। জরিপের ফলাফল প্রকাশিত হয় গত বুধবার। খবর সিএনএনের।
এনবিসি নিউজ এবং ওয়াল স্ট্রিট জার্নাল এই জরিপ পরিচালনা করে। জরিপে দেখা যায়, ক্রুজের পক্ষে ২৮ শতাংশ রিপাবলিকান ভোটারের সমর্থন রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ট্রাম্পের প্রতি সমর্থন আছে ২৬ শতাংশ ভোটারের।
ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও তৃতীয় স্থানে আছেন। তাঁর প্রতি সমর্থন আছে ১৭ শতাংশের। ১১ শতাংশের সমর্থন নিয়ে এরপর আছেন ওহাইওর গভর্নর জন কেইসিক। বেন কারসন পেয়েছেন ১০ শতাংশ ভোট। ৪ শতাংশের সমর্থন নিয়ে সবচেয়ে পেছনে আছেন জেব বুশ। গত মাসে এই দুই প্রতিষ্ঠানের আরেক জরিপের সঙ্গে এই জরিপের বিস্তর ফারাক। ওই জরিপে ৩৩ শতাংশ সমর্থন ছিল ট্রাম্পের প্রতি। ২০ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন ক্রুজ। তবে ট্রাম্প এই জরিপের ফলাফল প্রত্যাখ্যান করেছেন এই বলে যে, ‘ওয়াল স্ট্রিট জার্নাল-এর কেউ কেউ হয়তো আছে যারা আমাকে পছন্দ করে না।’