ট্রাম্পকে প্রেসিডেন্ট করার আনুষ্ঠানিক উদ্যোগ
ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ঘোষণা করা হবে কি না, তা নির্ধারণের জন্য গতকাল সোমবার ৫০টি অঙ্গরাজ্যে এবং ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় ৫৩৮ জন ইলেকটর বা নির্বাচকের বসার কথা। ইলেকটররা ট্রাম্পকেই আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করবেন বলে মনে করা হচ্ছে।
তবে রাশিয়া রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত করার জন্য গত ৮ নভেম্বরের নির্বাচনী প্রক্রিয়ায় হ্যাকিং করেছিল—সিআইএ এমন প্রতিবেদন প্রকাশ করার পর অনেক ডেমোক্র্যাট নেতা ট্রাম্পের পক্ষে ভোট না দেওয়ার জন্য ইলেকটরদের আহ্বান জানিয়েছেন।
‘রুশ সহযোগিতায়’ ফাঁস হওয়া ই-মেইলে ওয়াল স্ট্রিটে দেওয়া হিলারি ক্লিনটনের বক্তব্য ছিল। ছিল অনেক বক্তব্য, যা তাঁকে বিব্রত করেছিল। এ ছাড়া হিলারির ব্যক্তিগত ই-মেইল ও ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির সার্ভারও হ্যাক করা হয়। মার্কিন গোয়েন্দারা এর সঙ্গে রুশ কর্তৃপক্ষের সম্পৃক্ততার অভিযোগ করে আসছে। তবে রাশিয়া ও ট্রাম্প শিবির এ অভিযোগ অস্বীকার করে আসছে। ট্রাম্পের দায়িত্ব হস্তান্তরকালীন দলের পক্ষ থেকে এ অভিযোগ উড়িয়ে দিয়ে বলা হচ্ছে, নির্বাচনের বৈধতাকে নষ্ট করতে এসব অভিযোগ করা হচ্ছে।
নির্বাচনের আগে ও পরে পুতিন ও ট্রাম্পের সখ্যর বিষয়টিও অনেক মার্কিন নাগরিককে ভাবিয়ে তুলেছে।
গত রোববার হিলারির নির্বাচনী প্রচারণা দলের প্রধান জন পডেস্টা বলেন, এখন সবার একটাই প্রশ্ন—ই-মেইল ফাঁসের ব্যাপারে ট্রাম্পের নির্বাচনী শিবির ও রাশিয়া কি একযোগে কাজ করেছে। ট্রাম্প মনোনীত হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রাইনস প্রিবাস অবশ্য এ ধরনের সন্দেহকে অমূলক বলে মন্তব্য করেছেন। তবে কংগ্রেসের কিছু সিনেটর এ অভিযোগের তদন্তে বিশেষ কমিটি করার আহ্বান জানিয়েছেন।
৮ নভেম্বরের নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে হিলারি ক্লিনটন জয়ী হন। তিনি ট্রাম্পের চেয়ে প্রায় ৩০ লাখ ভোট বেশি পেয়েছেন। কিন্তু বেশ কয়েকটি বড় রাজ্যে সামান্য ব্যবধানে জয় পেয়ে অধিকাংশ ইলেকটোরাল ভোট করায়ত্ত করে ডোনাল্ড ট্রাম্প অপ্রত্যাশিতভাবে বিজয়ী হন। আজ সেই নির্বাচকেরা ঠিকমতো নিজ দলের প্রার্থীর পক্ষে ভোট দিলে ট্রাম্প পাবেন ৩০৬ ভোট, যা প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রয়োজনীয় ২৭০-এর চেয়ে অনেক বেশি।