ট্রাম্পকে ফ্যাসিস্ট বললেন ধনাঢ্য সমর্থক হুইটম্যান

ভাবা হয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রাইমারি পর্ব শেষ হলে রিপাবলিকান পার্টি তাদের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থীর পেছনে ঐক্যবদ্ধ হবে। বাস্তবে ঘটেছে ঠিক উল্টো। বিতর্কিত ডোনাল্ড ট্রাম্প সেই প্রার্থী হওয়ায় দলের শীর্ষ পর্যায়ের অনেকেই তাঁকে সমর্থন করতে প্রস্তুত নন। ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটনের প্রেসিডেন্ট হওয়া ঠেকানো খুব জরুরি—এই বিবেচনা থেকে তাঁদের কেউ কেউ নাকে রুমাল চেপে ট্রাম্পকে সমর্থন জানানোর কথা বলেছেন। তবে রিপাবলিকান দলের বড় দাতা মেগ হুইটম্যান ও দলটির সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি সেই দলে পড়েন না।
এ বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অর্থপূর্ণ প্রচারণার জন্য রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলকেই কমপক্ষে ১০০ কোটি ডলার করে খরচ করতে হবে। তাই মিট রমনির আমন্ত্রণে গত শুক্রবার ইউটাহ সিটিতে জড়ো হয়েছিলেন রিপাবলিকান দলের শীর্ষ নেতা ও চাঁদাদাতারা। কিন্তু এই বৈঠকে দলের বাঘা বাঘা চাঁদাদাতা ইঙ্গিত করেছেন, ট্রাম্পের জন্য তাঁরা নিজেদের মানিব্যাগ খুলবেন না। রুদ্ধদ্বার ওই বৈঠকে কোনো সাংবাদিক উপস্থিত না থাকলেও ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমস একাধিক সূত্রের উদ্ধৃতি দিয়ে এ কথা জানিয়েছে।
জানা গেছে, হিউলেট-প্যাকার্ড কোম্পানির প্রধান নির্বাহী মেগ হুইটম্যান বৈঠকে ট্রাম্পকে একজন ফ্যাসিস্ট হিসেবে অভিহিত করেন। তাঁকে জার্মানি ও ইতালির ফ্যাসিবাদী নেতা হিটলার ও মুসোলিনির সঙ্গে তুলনা করে তিনি বলেন, এমন একজন লোককে যদি দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী করা হয়, তাহলে রিপাবলিকান পার্টি অস্তিত্বের সংকটে পড়বে। ‘এবার আমরা ট্রাম্পকে বাছাই করলাম। পরে হয়তো তাঁর চেয়েও ভয়ানক কোনো প্রার্থী উঠে আসবেন। তাহলে তাঁকেও কি আমাদের সমর্থন করতে হবে?’ প্রশ্ন তোলেন হুইটম্যান।
স্পিকার পল রায়ান ট্রাম্পের পক্ষ সমর্থন করায় হুইটম্যান দুঃখ প্রকাশ করে বলেন, নারী, সংখ্যালঘু ও ভিন্ন ধর্মের মানুষদের ব্যাপারে ট্রাম্পের নোংরা মন্তব্যের পর তাঁকে আর সমর্থন করা যায় না।
২০১২ সালের নির্বাচনে মেগ হুইটম্যান মিট রমনির নির্বাচনী কমিটির অর্থবিষয়ক প্রধান উপদেষ্টা ছিলেন।
ট্রাম্প অবশ্য হুইটম্যানকে ব্যর্থ ব্যবসায়ী আখ্যা দিয়ে তাঁর সব সমালোচনা বাতিল করে দেন। এক ই-মেইলে ট্রাম্প বলেন, ‘তাঁকে আমি যতটুকু জানি তা থেকে বলতে পারি, এমন একজনের সমর্থনের প্রয়োজন নেই আমার।’
একই বৈঠকে উপস্থিত একাধিক চাঁদাদাতা বলেন, ট্রাম্পকে আর্থিক সাহায্য দেওয়ার কোনো পরিকল্পনা তাঁদের নেই। কেউ কেউ বলেন, ট্রাম্প তাঁর কথাবার্তা ও ব্যবহারে আরও দায়িত্বসম্পন্ন হয়ে উঠলে তাঁরা সিদ্ধান্ত বদলাতে পারেন।
সবচেয়ে কঠোর ভাষায় ট্রাম্পকে আক্রমণ করেন বৈঠক ডাকা মিট রমনি নিজে।