ট্রাম্পকে ‘মিথ্যাবাদী’ বললেন বড় বোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘মিথ্যাবাদী’, ‘নিষ্ঠুর’, ‘নীতিহীন’ ও ‘তাঁকে বিশ্বাস করা যায় না’ বলে মন্তব্য করেছেন তাঁর বড় বোন ম্যারিঅ্যান ট্রাম্প ব্যারি।

সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২২ আগস্ট ওয়াশিংটন পোস্ট একটি গোপন অডিও রেকর্ডিং প্রকাশ করেছে। ওই অডিও রেকর্ডিংয়ে ছোট ভাই ট্রাম্প সম্পর্কে এমন মন্তব্য করতে শোনা গেছে ম্যারিঅ্যান ট্রাম্প ব্যারিকে। অডিওটি ২০১৮-১৯ সালে রেকর্ড করেন ট্রাম্পের ভাতিজি ম্যারি ট্রাম্প।

প্রতিবেদনে বলা হয়, ৮৩ বছর বয়সী ম্যারিঅ্যান ট্রাম্প একজন অবসরপ্রাপ্ত মার্কিন ফেডারেল বিচারক। রিপাবলিকান দলের জাতীয় কনভেনশন শুরু হচ্ছে ২৪ আগস্ট। এ কনভেনশনের শেষ দিন ২৭ আগস্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফা দলের মনোনয়ন গ্রহণ করে বক্তব্য দেবেন। আর এই কয়েক দিন আগেই ট্রাম্পকে নিয়ে এমন গোপন অডিও রেকর্ডিং প্রকাশ হলো।

৭৪ বছর বয়সী ছোট ভাই ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে ওই অডিও রেকর্ডিংয়ে ম্যারিঅ্যান বলেন, ‘সে মিথ্যাবাদী। তাঁর খোঁচানো টুইট মিথ্যা। আমি খোলাখুলি বলে ফেলছি। ...তাঁর কোনো কিছুতে কোনো প্রস্তুতি নেই। মিথ্যাচার করে।’ তিনি বলেন, ১৯৮০ সালের দিকে তিনি ট্রাম্পের কাছে সাহায্য চেয়েছিল। আর এর জন্য সব সময় ট্রাম্প নিজের ক্রেডিট নিতেন। তিনি ট্রাম্পকে ‘নিষ্ঠুর’ মানুষ বলে মন্তব্য করেন।

বড় বোন ম্যারিঅ্যান ট্রাম্প ব্যারির সঙ্গে ডোনাল্ড ট্রাম্প
ফাইল ছবি: রয়টার্স

ম্যারিঅ্যান ট্রাম্প ব্যারি আরও বলেন, ‘ট্রাম্প একজন নিষ্ঠুর মানুষ, মিথ্যাবাদী। তাঁর কোনো নীতি নেই। তিনি কেবল নিজের চিন্তাটাই করেন।’

ম্যারি ট্রাম্পের মুখপাত্র ক্রিস বাস্টার্ডি বলেন, ম্যারি ২০১৮ সাল থেকে ম্যারিঅ্যান ট্রাম্প ব্যারির এই অডিও রেকর্ডিং করা শুরু করেন। পরিবারের কিছু চরম সদস্য মিথ্যাবাদী জানার পরেই ম্যারি এই প্রচেষ্টা শুরু করেন।

এ বিষয়ে এখনো ম্যারিঅ্যান ট্রাম্প ব্যারির কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তবে ২২ আগস্ট সন্ধ্যায় এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে হোয়াইট হাউস থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে সম্প্রতি মৃত্যু হওয়া ভাই রবার্ট ট্রাম্পকে স্মরণ করে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘প্রতিদিনই কিছু না কিছু ঘটছে, এগুলো পাত্তা দেওয়ার কিছু নেই। আমি আমার ভাইকে মিস করছি। আমি আমেরিকার মানুষের জন্য কাজ করে যাব। অন্য সময়ের চেয়ে আমাদের দেশ অনেক শক্তিশালী হয়েছে।’

ডোনাল্ড ট্রাম্পের ভাতিজি ম্যারি ট্রাম্প
ছবি: ম্যারি ট্রাম্পের টুইটার থেকে নেওয়া

এর আগে ম্যারি ট্রাম্পের লেখা ৪০ পৃষ্ঠার টু মাচ অ্যান্ড নেভার এনাফ: হাউ মাই ফ্যামিলি ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড’স মোস্ট ডেঞ্জারাস ম্যান শিরোনামে একটি বই প্রকাশ হয়। ট্রাম্পের বড় ভাই প্রয়াত ফ্রেড জুনিয়রের মেয়ে ম্যারি ট্রাম্প তাঁর বইতে ট্রাম্পকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি আখ্যা দিয়েছেন। পেশায় মনোরোগ বিশেষজ্ঞ এই লেখক তাঁর বইতে তাঁর দাদা ফ্রেড ট্রাম্পের সঙ্গে বাবা ফ্রেড জুনিয়র ও চাচা ডোনাল্ড ট্রাম্পের ‘বিষাক্ত সম্পর্কের’ কথা তুলে ধরেছেন। তবে বইটি প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ট্রাম্পের সম্প্রতি প্রয়াত ভাই রবার্ট ট্রাম্প। তাঁর অভিযোগ ছিল, ম্যারি ট্রাম্প সম্পদের উত্তরাধিকার নিয়ে মামলার সময় পারিবারিক বিষয় প্রকাশ্যে না আনার যে প্রতিশ্রুতি দিয়ে আপস রফায় গিয়েছিলেন, সে চুক্তি তিনি বইটি প্রকাশের মাধ্যমে ভঙ্গ করছেন।