ট্রাম্পকে যথাযথ আচরণ করতে হবে

সাংবাদিক পেটানোর ঘটনায় পরিহাস না করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর দায়িত্বের মর্যাদা অনুযায়ী যথাযথ আচরণ করতে হবে এবং হামলার ওপর গুরুত্বারোপ করে বিশ্বের সবচেয়ে গুরুতর সমস্যাগুলোর সমাধান করতে হবে।
গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা প্যারিসভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) আজ সোমবার এক বিবৃতিতে এ কথা বলেছে। চলতি সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের লোগো মাথায় এক ব্যক্তিকে বেদম পিটুনি দেওয়ার ভিডিও প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানানো হয়।
আরএসএফের উত্তর আমেরিকা ব্যুরোর ডিরেক্টর অব অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশনস মার্গক্স ইউয়েন এক বিবৃতিতে বলেন, সারা বিশ্বের সাংবাদিকেরা যখন প্রতিবেদনের খোঁজে নিজের জীবনের ঝুঁকি নিচ্ছেন, এ সময় সাংবাদিকের বিরুদ্ধে কোনো জননেতার সহিংস আচরণ প্রকাশ করা গ্রহণযোগ্য নয়। যারা বিশ্বের গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করতে চায়, সহিংসতা ও হত্যাকাণ্ডের মাধ্যমে স্বাধীন গণমাধ্যমের ওপর আরও চাপ সৃষ্টি করতে চায়—ট্রাম্পের এহেন আচরণ তাঁদেরকে আরও উৎসাহ জোগাবে।
গতকাল রোববার ২৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, রেসলিংয়ের রিংয়ের পাশে এক ব্যক্তিকে ট্রাম্প ইচ্ছেমতো ‘কিল-ঘুষি’ মারছেন। ট্রাম্প যে ব্যক্তির ওপর চড়াও হয়েছেন, তার মাথায় কম্পিউটারের মাধ্যমে সিএনএনের বুমে লোগো বসানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের নিজের ও প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টে ওই ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওটি শেষ হয়েছে, ট্রাম্প কর্তৃক সিএনএনকে দেওয়া নতুন নাম এফএনএন (ফ্রড নিউজ নেটওয়ার্ক) দিয়ে। এর আগে সিএনএন, নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্টসহ প্রথিতযশা সংবাদমাধ্যমকে তিনি ‘ফেক নিউজ’ বলে উল্লেখ করে আসছিলেন। গতকাল দেওয়া টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সিএনএন এখন এফএনএন (ফ্রড নিউজ নেটওয়ার্ক)।
একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টের এমন আচরণ প্রচারিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের মিডিয়া জগৎ এবং উদারনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। একজন প্রেসিডেন্ট কত নিচে নামতে পারেন, এ নিয়ে চলছে আলোচনা।
এর আগে গত বৃহস্পতিবার মার্কিন শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল এমএসএনবিসির ‘মর্নিং জো’ অনুষ্ঠানের উপস্থাপক মিকা ব্রেজিনস্কি ও সহকারী উপস্থাপক জো স্কারবোরোকে ব্যক্তিগত আক্রমণ করেন ট্রাম্প। ট্রাম্প টুইট করেন, ‘ছয় মাস আগে যখন মিকাকে দেখেছি, মনে হচ্ছিল তার মুখ দিয়ে খারাপভাবে রক্ত ঝরছে।’ জো স্কারবোরোকে উদ্দেশ করে টুইট করেন, ‘সাইকো জো’। তবে এর জবাবে ওই দুই সাংবাদিক মজা করে বলেন, প্রেসিডেন্ট তাঁদের ব্যাপারে সাংঘাতিক আচ্ছন্ন।
গত শনিবার জন এফ কেনেডি সেন্টারে এক বক্তৃতায় গণমাধ্যমকে অসৎ উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘ভুয়া সংবাদমাধ্যমগুলো আমাদের মুখ বন্ধ রাখার চেষ্টা করছে, কিন্তু আমরা তা হতে দেব না। কারণ, মানুষ সত্যটা জানে। আমাদের হোয়াইট হাউসে যাওয়াও বন্ধ করতে চায়। তবে মনে রাখতে হবে, আমি প্রেসিডেন্ট, তারা কিন্তু নয়।’
একই দিনে টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘ভুয়া সংবাদমাধ্যমগুলো কঠোর পরিশ্রম করে রিপাবলিকানসহ অন্যদের বোঝানোর চেষ্টা করছে—আমার সামাজিক মিডিয়া ব্যবহার করা উচিত নয়। তবে তাদের মনে রাখা উচিত, আমি সাক্ষাৎকার, বক্তৃতা এবং সামাজিক মিডিয়া দিয়েই ২০১৬ সালে নির্বাচনে জিতেছি।’
ট্রাম্পের এসব ঘটনা ও বক্তব্য সংবাদমাধ্যমের বিরুদ্ধে সহিংসতাকে উসকে দিচ্ছে বলে অভিযোগ করেছেন গণমাধ্যমকর্মীরা। আর এ কারণেই রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আজ এই বিবৃতি প্রকাশ করল।
আরও পড়ুন...