ট্রাম্পকে সতর্ক করলেন রাউল কাস্ত্রো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো গতকাল বুধবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কিউবার সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে কিউবা আশা করে। তবে তিনি স্পষ্ট করে বলেন, কিউবার সার্বভৌমত্বকে যদি প্রভাবিত করা হয়, তবে ট্রাম্প প্রশাসন কোনো ছাড় পাবে না।

ক্ষমতা গ্রহণের আগে ‘ভালো চুক্তি’ না হলে যুক্তরাষ্ট্রের স্নায়ু যুদ্ধকালীন শত্রুদের সঙ্গে বৈরিতার অবসানের বিষয়টি বানচাল করে দেওয়ার হুমকি দেন ট্রাম্প। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। ট্রাম্পের এক সহযোগী বলেছেন, এ বিষয়ে বর্তমান নীতি পর্যালোচনাধীন রয়েছে।

রাউল কাস্ত্রো বলেন, ‘আমাদের ভিন্নতাকে সম্মান দেখিয়ে এবং উভয় দেশ ও জনগণের কল্যাণকর বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে সভ্য আচরণের মাধ্যমে কিউবা ও যুক্তরাষ্ট্র পাশাপাশি বাস করতে পারে এবং পরস্পরকে সহযোগিতা করতে পারে।’

২০ জানুয়ারি ট্রাম্পের ক্ষমতাগ্রহণের পর কাস্ত্রো এই প্রথম মন্তব্য করলেন। তিনি বলেন, ‘তবে এটা আশা করা উচিত হবে না, এটা পাওয়ার ক্ষেত্রে কিউবা তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংক্রান্ত বিষয়ে কোনো ছাড় দেবে।’

ডোমিনিকান রিপাবলিকে লাতিন আমেরিকা ও কিউবার নেতাদের এক সম্মেলনে দেওয়া ভাষণে রাউল কাস্ত্রো এসব কথা বলেন। তাঁর এই ভাষণ কিউবার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

২০১৪ সালের ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো তাঁদের দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বৈরিতার অবসান ঘটাতে সম্মত হন। এরপর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু হয় এবং সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।