ট্রাম্পকে সফরসূচি বদলানোর অনুরোধ উইসকনসিন গভর্নরের
বর্ণবাদবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে আছে যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য। বিক্ষোভের কেন্দ্র কেনোশা এখনো বেশ অস্থির। এ অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর সম্ভাব্য সফর পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন উইসকনসিনের গভর্নর। তবে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহে নির্ধারিত সময়েই ট্রাম্প কেনোশা সফরে যাবেন।
হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি জাড ডিয়ার গতকাল রোববার রাতে এক বিবৃতিতে জানান, কেনোশার সেই সব মানুষের প্রতি হোয়াইট হাউস কৃতজ্ঞ, যারা প্রেসিডেন্টের সফরকে স্বাগত জানিয়েছেন এবং অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় ও স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে রক্ষায় স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য যোগ্য নেতৃত্বের অপেক্ষায় রয়েছেন। আগামী মঙ্গলবার (আগামীকাল) ডোনাল্ড ট্রাম্প অঞ্চলটি সফর করবেন।
এই বিবৃতির কিছু আগেই উইসকনসিনের গভর্নর টনি এভারস প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে বলেন, ‘এখানকার পরিস্থিতি সামলে ওঠার ক্ষেত্রে আপনার উপস্থিতি বাধা সৃষ্টি করতে পারে বলে আমার আশঙ্কা। আপনার উপস্থিতির কারণে বিভাজন কাটিয়ে আমাদের ঘুরে দাঁড়ানোটা বিলম্বিত হতে পারে বলে আমি মনে করি।’
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, কেনোশায় চলমান বিক্ষোভে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করার উদ্দেশে ডোনাল্ড ট্রাম্প কেনোশা সফর করবেন বলে গত শনিবার হোয়াইট হাউস থেকে জানানো হয়। বর্ণবাদবিরোধী বিক্ষোভের অন্যতম কেন্দ্র হয়ে ওঠা কেনোশায় ট্রাম্প সফর করবেন জানার পরই সবাই নড়েচড়ে বসেন।
উইসকনসিনের কেনোশায় গত ২৩ আগস্ট জ্যাকব ব্লেক নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে পুলিশ গুলি করে। এর কয়েক ঘণ্টার মধ্যেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে উইসকনসিন, যার কেন্দ্র কেনোশা। গত ২৬ আগস্ট বিক্ষোভ চলাকালে তিনজন গুলিবিদ্ধ হয়। এর মধ্যে দুজন নিহত ও একজন আহত হয়। পরিস্থিতি এখনো শান্ত হয়নি। এ অবস্থায় অতীতে বর্ণবাদী বিভিন্ন মন্তব্য করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উইসকনসিন সফরে গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা অনেকের।