
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন-প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়ে চরম বিপাকে পড়েছেন নিউজার্সি অঙ্গরাজ্যের গভর্নর ক্রিস ক্রিস্টি। স্থানীয় ছয়টি পত্রিকা একযোগে তাঁর পদত্যাগ দাবি করেছে।
রিপাবলিকান পার্টির অন্যতম মনোনয়ন-প্রত্যাশী ছিলেন গভর্নর ক্রিস্টি। ডোনাল্ড ট্রাম্পের মতো অতটা না হলেও বেপরোয়া কথা বলার জন্য তিনিও রাজনীতির মাঠে আলোচিত ছিলেন। শুরুতে ক্রিস্টি নিজেই ট্রাম্পের সমালোচক ছিলেন। তবে বাছাইপর্বের শুরুতেই টিকতে না পেরে আচমকা ট্রাম্পকে প্রকাশ্য সমর্থন দেন তিনি।
ট্রাম্পকে সমর্থন করায় ক্রিস্টির সঙ্গ ত্যাগ করেছেন তাঁর প্রচারণা কমিটির প্রধানও। সম্প্রতি তিনি ক্রিস্টির সঙ্গে সম্পর্কচ্ছেদ করার ঘোষণা দেন। সর্বশেষ গত বুধবার নিউজার্সির ছয়টি পত্রিকা একযোগে সম্পাদকীয় ছেপে তাঁর পদত্যাগ দাবি করে। পত্রিকাগুলো বলেছে, গভর্নর ক্রিস্টির ‘সুবিধাবাদী তৎপরতায়’ তারা চরম বিরক্ত। নিজে না সরলে তাঁকে অপসারণে নাগরিকদেরই উদ্যোগ নিতে হবে।
ট্রাম্পকে সমর্থন জানানোর পর নিউজার্সিতে গভর্নর ক্রিস্টির জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে ঠেকেছে।
এদিকে, ডোনাল্ড ট্রাম্পকে মনোনয়ন না দেওয়ার জন্য রিপাবলিকান পার্টির প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি। তিনি ট্রাম্পকে ‘ভুয়া’ ও জালিয়াত’ আখ্যায়িত করে বলেছেন ট্রাম্প রক্তচোষাদের হয়ে মার্কিন জনগণকে নিয়ে খেলছেন।