ট্রাম্পকে সরাসরি আক্রমণ ওবামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া নগরীতে বাইডেনের সমর্থনে প্রচার সমাবেশে বক্তব্য দিচ্ছেন বারাক ওবামা
ছবি: রয়টার্স

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথমবারের মতো তাঁর উত্তরসূরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি আক্রমণ করে বক্তব্য দিয়েছেন।

বারাক ওবামা বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের কারণে বাইরের দেশগুলো শুধু যুক্তরাষ্ট্রকে নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি বদলেছে এমন নয়, রাজনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের লোকজনেরও মনোভাব বদলে দিয়েছে। তাই আমরা আরও চার বছর ট্রাম্পকে বহন করতে পারব না।

মার্কিন নির্বাচনের আর দুই সপ্তাহেরও কম সময় বাকি। তুমুল উত্তেজনার এ সময়ে যুক্তরাষ্ট্রের উদারনৈতিকদের মধ্যে জনপ্রিয় বারাক ওবামা মাঠে নেমেছেন জো বাইডেনের পক্ষে।

ঐতিহ্য অনুযায়ী সাবেক মার্কিন প্রেসিডেন্টরা সরাসরি কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টকে আক্রমণ করে বক্তৃতা দেওয়া এড়িয়ে চলেন। এবারের নির্বাচন এমনই উত্তেজনার হয়ে উঠেছে যে, ঐতিহ্যকে পাশে রেখে স্বয়ং মাঠে নেমে গেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা

ঐতিহ্য অনুযায়ী সাবেক মার্কিন প্রেসিডেন্টরা সরাসরি কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টকে আক্রমণ করে বক্তৃতা দেওয়া এড়িয়ে চলেন। এবারের নির্বাচন এমনই উত্তেজনার হয়ে উঠেছে যে, ঐতিহ্যকে পাশে রেখে স্বয়ং মাঠে নেমে গেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

২১ অক্টোবর পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া নগরীতে বাইডেনের সমর্থনে প্রচারে যোগ দেন ওবামা। উত্তরসূরি হিসেবে ডোনাল্ড ট্রাম্প তাঁর রাজনৈতিক লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাবেন এমন আশা তিনি কখনো করেননি। এ কথা উল্লেখ করে ওবামা বলেছেন, তিনি আশা করেছিলেন দেশের স্বার্থে হলেও কাজগুলো ট্রাম্প আন্তরিকতার সঙ্গে গ্রহণ করবেন। এমন ঘটেনি, ট্রাম্প তাঁর নিজের ও বন্ধুদের স্বার্থ ছাড়া কোনো কিছুতেই তাঁর আন্তরিকতা দেখাননি বলে ওবামা উল্লেখ করেন।

কোভিড-১৯ মহামারি মোকাবিলায় প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যর্থতার কড়া সমালোচনা করেন ওবামা। দুই লাখ ২০ হাজারের বেশি মানুষের মৃত্যুকেও বেশি মনে না করা এবং এত মৃত্যু ঠেকানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের চরম ব্যর্থতার কথা তিনি তুলে ধরেন।

ফিলাডেলফিয়ার ভোটার অ্যাকটিভেশন সেন্টারে স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলছেন বারাক ওবামা
ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন প্রেসিডেন্টরাও তাঁদের পূর্বসূরির সমালোচনা এড়িয়ে চলেন। ডোনাল্ড ট্রাম্প এর ব্যতিক্রম। ক্ষমতা গ্রহণ করার পর থেকেই তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে সরাসরি আক্রমণ করে আসছেন। ওবামা প্রণীত স্বাস্থ্যসেবা আইন বাতিল নিয়ে তিনি শুরু থেকেই প্রচার চালাচ্ছেন।

বারাক ওবামা ফিলাডেলফিয়ায় দেওয়া বক্তব্যে বলেছেন, এটা আর কোনো রিয়েলিটি শো নয়, সবই এখন রিয়্যালিটি। প্রেসিডেন্ট ট্রাম্প নিজের ভাবমূর্তি বাড়ানোর জন্য প্রেসিডেন্সিকে ব্যবহার করছেন। এসবের পরও ট্রাম্পের টিভি রেটিং নিচে নেমেছে।

চীনের ট্রাম্পের গোপন ব্যাংক অ্যাকাউন্টের কথা উল্লেখ করে ওবামা বলেন, ‘ভাবতে পারেন আমার দ্বিতীয় দফা নির্বাচনের সময় এমন তথ্য বেরিয়ে আসলে কী হতে পারত?’

এটা আর কোনো রিয়েলিটি শো নয়, সবই এখন রিয়্যালিটি। প্রেসিডেন্ট ট্রাম্প নিজের ভাবমূর্তি বাড়ানোর জন্য প্রেসিডেন্সিকে ব্যবহার করছেন। এসবের পরও ট্রাম্পের টিভি রেটিং নিচে নেমেছে
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

এবারের নির্বাচনের জন্য পেনসিলভানিয়া রাজ্য খুবই গুরুত্বের হয়ে উঠেছে। এ রাজ্যে জো বাইডেন এগিয়ে আছেন। ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচন ঠেকানোর জন্য ব্যাটলগ্রাউন্ড এ রাজ্যে ডেমোক্র্যাটদের জয় নিশ্চিত করতে হবে।

রাজ্যের ফিলাডেলফিয়া ও আশপাশে বিপুলসংখ্যক কৃষ্ণাঙ্গদের বসবাস। ২০১৬ সালের নির্বাচনে ভোটকেন্দ্রে কৃষ্ণাঙ্গদের উপস্থিতি কম থাকায় এ রাজ্যে হিলারির পরাজয়ের অন্যতম কারণ হিসেবে মনে করা হয়। ডেমোক্র্যাটদের পক্ষ থেকে এ রাজ্যে ভোটার উপস্থিতি নিশ্চিত করার জোর প্রয়াস নেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট বারাক ওবামাও তাঁর বক্তব্যে আলস্য পরিহার করে আগাম ভোট, ডাকযোগে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। ৩ নভেম্বর নিজে, পরিবার পরিজন ও প্রতিবেশীদের নিয়ে পরিবর্তনের জন্য ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।