ট্রাম্পকে সেনাবাহিনী বিদায় করবে: আল গোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেমোক্রেট দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর
ফাইল ছবি: রয়টার্স

ডেমোক্রেট দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট নোবেল জয়ী আল গোর বলেছেন, নির্বাচনের ফল না মানলে ডোনাল্ড ট্রাম্পকে সেনাবাহিনী হোয়াইট হাউস থেকে বিদায় করবে।

রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অনেকটা দূরে থাকা আল গোর ২৫ আগস্ট বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। ২০০০ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে অল্প ভোটে হেরেছিলেন ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী আল গোর।

আল গোর বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাবসেন্টি ভোট ও ডাকযোগে ভোট ব্যবস্থাকে আক্রমণ করার মধ্য দিয়ে গণতন্ত্রের গলায় হাঁটু চেপে ধরছেন। আমেরিকার সামাজিক বন্ধন এবং রাজনীতির ভারসাম্যকে নষ্ট করার সব প্রয়াস চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। ট্রাম্প নির্বাচনের আগেই এর ফলের ওপর সন্দেহের বীজ বপন করে রেখেছেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাবসেন্টি ভোট ও ডাকযোগে ভোট ব্যবস্থাকে আক্রমণ করার মধ্য দিয়ে গণতন্ত্রের গলায় হাঁটু চেপে ধরছেন
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর

আল গোর আরও বলেন, ট্রাম্প নির্বাচনে হারলে এবং ফল মেনে না নিলে সেনাবাহিনীর হস্তক্ষেপ অবশ্যম্ভাবী হয়ে উঠবে। আমেরিকার সংবিধানে প্রেসিডেন্টের মেয়াদ নির্দিষ্ট করে দেওয়া আছে। ২০ জানুয়ারি আগের প্রেসিডেন্টের শেষ কার্যদিবস। তাই ট্রাম্পের মর্জির ওপর নির্ভর করছে না। নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলে ২০ জানুয়ারি দুপুর ১২টার পরই দেশের সেনাবাহিনী, পুলিশসহ সব নির্বাহী বিভাগ দেশের কমান্ডার ইন চিফের অধীনে সরাসরি চলে যাবে।

ট্রাম্প নির্বাচনে হারলে এবং ফল মেনে না নিলে সেনাবাহিনীর হস্তক্ষেপ অবশ্যম্ভাবী হয়ে উঠবে
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর

করোনা মহামারির কারণে এবারে অন্য যেকোনো বছরের চেয়ে ১০গুণ বেশি ডাকযোগে ভোট সংগৃহীত হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে নয়টি রাজ্য জানিয়েছে, তারা সব ভোটদাতা নাগরিকদের কাছে আগেই ব্যালট মেইল করে দেবে। যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যে ভোট গ্রহণের নিয়ম আলাদা। রাজ্যের আইনে পরিচালিত এসব ভোটব্যবস্থা নিয়ে ডোনাল্ড ট্রাম্প বেশ কিছুদিন থেকেই আগাম অভিযোগ করে আসছেন। তিনি বলে আসছেন, ডাকযোগে ভোটের মাধ্যমে ডেমোক্রেট দল কারচুপি করার চেষ্টা করছে। এবারের নির্বাচন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় কারচুপির নির্বাচন হবে বলে তিনি উল্লেখ করেছেন।

বেশ কিছু রাজ্যে নির্বাচনী ফলাফল খুবই কাছাকাছি থাকবে বলে অনুমান করা হচ্ছে। এ নিয়ে মামলা-পাল্টা মামলা হতে পারে। উভয় প্রচার শিবির থেকেই এ নিয়ে আইনজীবীদের প্রস্তুত রাখা হচ্ছে।

ডাকযোগে ভোটের মাধ্যমে ডেমোক্রেট দল কারচুপি করার চেষ্টা করছে। এবারের নির্বাচন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় কারচুপির নির্বাচন হবে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

এর আগে ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, তিনি নির্বাচনের ফল মেনে নেওয়ার জন্য প্রস্তুত কিনা। এর জবাবে তিনি বলেছেন, এখনই বলতে পারছেন না। ট্রাম্পের প্রচার শিবির থেকে বলা হয়েছে, ডেমোক্রেট দল ভোটে কারচুপি করার নানা ষড়যন্ত্র করছে। তাঁদের এক কথা, ভোট নিরপেক্ষ হলে ডোনাল্ড ট্রাম্প আবারও জয়ী হবেন।

নির্বাচনের আর মাত্র দুই মাসের মতো বাকি। এর মধ্যে অনেক কিছুই ঘটে যেতে পারে। সাধারণ জনমতে এখনো জো বাইডেন ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন। ২০১৬ সালেও ট্রাম্প হিলারির চেয়ে পিছিয়ে ছিলেন। এবারের অবস্থা ভিন্ন হলেও ট্রাম্প সমর্থকেরা বিশ্বাস করেন, নির্বাচনে ট্রাম্পের জয় ডেমোক্র্যাটরা ঠেকাতে পারবেন না।