ট্রাম্পকে ৭০ শতাংশ মার্কিনির অপছন্দ

রিপাবলিকান দল থেকে মনোনয়ন অনেকটাই নিশ্চিত করার পরও ডোনাল্ড ট্রাম্প ঠিক স্বস্তি পাচ্ছেন না। একের পর এক বিতর্কে জড়িয়ে নিজ দলের ভেতরেই সমালোচিত হচ্ছেন। কিন্তু তার চেয়েও বিপদের কথা, জনমত জরিপে তাঁর জনপ্রিয়তা ক্রমেই ভাটার দিকে।
দ্য ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজের সর্বশেষ জাতীয় জনমত জরিপ অনুসারে যুক্তরাষ্ট্রের প্রতি দশজনের সাতজন ট্রাম্পকে নেতিবাচক চোখে দেখেন। তাঁকে ইতিবাচক চোখে দেখেন এমন মার্কিন নাগরিকের সংখ্যা মাত্র ২৯ শতাংশ বা মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ।
প্রাইমারি পর্যায়ে ট্রাম্পের বিজয়ের পেছনে সবচেয়ে বড় কারণ ছিল শ্বেতকায়, বিশেষত স্বল্পশিক্ষিত শ্বেতকায়দের মধ্যে তাঁর জনপ্রিয়তা। এ জরিপ অনুসারে, শ্বেতকায়দের ৫২ শতাংশ ও স্বল্পশিক্ষিত শ্বেতকায়দের ৫৩ শতাংশ আমেরিকান ট্রাম্পকে এখনো সমর্থন করেন বলে জানিয়েছেন।
মধ্যপন্থী বলে পরিচিত আমেরিকানদের ৭৩ শতাংশ ও নারীদের ৭৭ শতাংশ ট্রাম্পকে অপছন্দ করেন বলে জানিয়েছেন। সংখ্যালঘুদের মধ্যে তাঁর অবস্থা আরও শোচনীয়। অশ্বেতকায়দের ৮৮ শতাংশ ও হিস্পানিকদের ৮৯ শতাংশ ভোটার জানিয়েছেন তাঁরা কোনো অবস্থাতে ট্রাম্পকে সমর্থন করবেন না।
একই জনমত জরিপে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের জন্যও খারাপ সংবাদ রয়েছে। দেশের ৫৫ শতাংশ মানুষ জানিয়েছে, তারা হিলারিকে পছন্দ করে না। অনূর্ধ্ব ৮০ বছর বয়সের ভোটারদের মধ্যে বার্নি স্যান্ডার্সের জনপ্রিয়তার কারণে এই গ্রুপভুক্ত ভোটারদের মধ্যে হিলারির ব্যাপারে নেতিবাচক মনোভাব সবচেয়ে বেশি ৫৮ শতাংশ। শুধু শ্বেতকায় ভোটারদের বিবেচনায় নিলে তাঁদের ৬৮ শতাংশ জানিয়েছেন হিলারির প্রতি নেতিবাচক মনোভাবের কথা।
উল্লেখ্য, প্রাইমারি পর্যায়ে হিলারি ক্লিনটন প্রধানত অশ্বেতকায়, বিশেষত আফ্রিকান-আমেরিকানদের বিপুল সমর্থনে স্যান্ডার্সের তুলনায় প্রায় ৩০ লাখ বেশি ভোট সংগ্রহে সক্ষম হয়েছেন। অন্যদিকে, আফ্রিকান-আমেরিকানদের মধ্যে নিজের জনপ্রিয়তা বৃদ্ধি করতে অসমর্থ হওয়ায় স্যান্ডার্স তাঁর ‘রাজনৈতিক বিপ্লব’ সফলভাবে তুলতে পারেননি।
এই জরিপে হিলারি ক্লিনটনের জন্য অবশ্য একটি ভালো খবর রয়েছে। নিজ দলের সমর্থকদের মধ্যে ৭৫ শতাংশ হিলারিকে সমর্থন করতে প্রস্তুত বলে জানিয়েছেন। স্যান্ডার্স প্রতিদ্বন্দ্বিতা থেকে আনুষ্ঠানিকভাবে সরে গেলে এ সংখ্যা হিলারির পক্ষে আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। স্যান্ডার্স সমর্থকদের এক-তৃতীয়াংশ কোনো অবস্থাতেই হিলারিকে সমর্থন করবেন না বলে জানিয়েছেন। কিন্তু সে সংখ্যাও বদলাবে বলে মনে করেন বিশ্লেষকেরা।