ট্রাম্পকে 'আহাম্মক' বলল আইএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) বলেছে, যুক্তরাষ্ট্র ডুবে যাচ্ছে; দেশটি ‘একজন আহাম্মক দ্বারা পরিচালিত’ হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁর সম্পর্কে এই প্রথম আনুষ্ঠানিক কোনো মন্তব্য করল আইএস।
আজ বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। আইএসের মুখপাত্র আবি আল-হাসান আল মুহাজের বলেছেন, ‘আমেরিকা তুমি ডুবে যাচ্ছ এবং সেখানে কোনো রক্ষাকর্তা নেই। তুমি বিশ্বের সব জায়গার ‘খলিফা’ সেনাদের হামলার লক্ষ্যবস্তু হয়েছ। তুমি দেউলিয়া হয়ে গেছ এবং তোমার পতনের লক্ষণ সবার চোখে স্পষ্ট।’
গতকাল মঙ্গলবার বার্তা পাঠানোর নেটওয়ার্ক টেলিগ্রামে আবি আল-হাসান আল মুহাজের-এর রেকর্ড করা এই বার্তা প্রকাশিত হয়। এতে তিনি আরও বলেন, ‘...বাস্তবতা হলো তুমি (যুক্তরাষ্ট্র) একজন আহাম্মক দ্বারা পরিচালিত হচ্ছ, যে সিরিয়া-ইরাক বা ইসলাম কী, তা জানে না।’
ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর আইএসকে পরাজিত করার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছেন। বড় দুটি শহর ইরাকের মসুল ও সিরিয়ার রাকা আইএসের দখল থেকে কেড়ে নিতে যুক্তরাষ্ট্র-সমর্থিত বাহিনী লড়াই চালাচ্ছে।