ট্রাম্পপুত্রের বিবৃতি ছিল বাবার 'নির্দেশিত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প জুনিয়র
ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

যুক্তরাষ্ট্রে গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকালে রুশ আইনজীবী নাতালিয়া ভেসেলিনতসকায়ার সঙ্গে ট্রাম্পপুত্রের হওয়া বৈঠক নিয়ে সাম্প্রতিককালে তিনি তাঁর বাবার নির্দেশিত বিবৃতিই দিয়েছেন বলে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছিল, গত বছরের ৯ জুন ট্রাম্প টাওয়ারে অনুষ্ঠিত ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও রুশ আইনজীবী নাতালিয়া প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে রাশিয়ার শিশুদের দত্তক গ্রহণ নিয়ে আলোচনা করেছেন। এই বিবৃতি যে ট্রাম্প নির্দেশিত ছিল এ-সংক্রান্ত খবর প্রথম প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট গতকাল মঙ্গলবার। এবিসি নিউজও শীর্ষপর্যায়ের দুই সূত্রের বরাতে এ দাবি নিশ্চিত করেছে।

এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে, নির্বাচনী প্রচার চলাকালে ট্রাম্পের ঘনিষ্ঠ কারও সঙ্গে ক্রেমলিন সংশ্লিষ্ট কারও প্রথম সাক্ষাতের ঘটনা ছিল ওই বৈঠক। গত ৮ জুলাই নিউইয়র্ক টাইমস-এ ওই সাক্ষাতের খবর প্রথম প্রকাশিত হয়। সে সময় ট্রাম্প জুনিয়র ও নাতালিয়া উভয়েই বলেছিলেন যে প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে সম্পর্কিত কোনো কিছু নিয়ে তাঁদের মধ্যে আলাপ হয়নি। কিন্তু পরদিনই সংবাদমাধ্যমটি জানায়, ট্রাম্প জুনিয়র স্বীকার করেছেন যে হিলারি ক্লিনটন সম্পর্কে এমন কিছু তথ্য দেওয়ার প্রতিশ্রুতি ওই আইনজীবী দিয়েছিলেন, যা তাঁর (হিলারি) নির্বাচনী প্রচারের জন্য ক্ষতির কারণ হতে পারে।

এদিনই (৯ জুলাই) দেওয়া একটি বিবৃতিতে ট্রাম্প জুনিয়র বলেন, ‘প্রচারকাজের জন্য সহায়ক তথ্য দিতে সক্ষম একজন ব্যক্তির কথা আমাকে জানানো হয়। সাক্ষাতের আগ পর্যন্ত আমি তাঁর নাম জানতাম না। সাক্ষাতের উদ্দেশ্য সম্পর্কে না বললেও আমি, জ্যারেড কুশনার (ট্রাম্প জামাতা) ও পল ম্যানাফোর্টকে (ট্রাম্পের প্রচারণা দলের প্রধান) আমার সঙ্গে থাকতে বলি।’ তিনি আরও বলেন, ‘শুভেচ্ছা বিনিময়ের পর ওই নারী আমাকে জানান, রাশিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত কিছু ব্যক্তি হিলারি ক্লিনটনকে সমর্থন দিচ্ছেন। তাঁরা ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটিকেও অর্থায়ন করছেন। তাঁর বক্তব্য ছিল অস্পষ্ট ও অর্থহীন, যার সমর্থনে সহায়ক কোনো তথ্য তিনি দেননি। খুব দ্রুতই আমি নিশ্চিত হই, তাঁর কাছে আদতে গুরুত্বপূর্ণ কোনো তথ্য নেই। পরে নাতালিয়া আলোচনার মোড় ঘুরিয়ে দেন। তিনি এরপর মার্কিন পরিবারে রুশ শিশুদের দত্তক নেওয়ার বিষয়ে কথা বলেন। কিছুক্ষণের মধ্যেই আমি বুঝতে পারি যে গুরুত্বপূর্ণ তথ্যের কথা বলে এ সাক্ষাতের ব্যবস্থা করা হলেও তার উদ্দেশ্য মূলত এটিই।’

এর আগে গত মার্চে নিউইয়র্ক টাইমসকে ট্রাম্প জুনিয়র বলেছিলেন, নির্বাচনী প্রচার বিষয়ে কথা বলতে তিনি কোনো রুশ নাগরিকের সঙ্গে সাক্ষাৎ করেননি। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বরাবর রাশিয়ার সঙ্গে আঁতাতের অভিযোগ অস্বীকার করে আসছেন।

ওয়াশিংটন পোস্ট বলেছে, ট্রাম্পের কিছু উপদেষ্টা আশঙ্কা করছেন, ‘রাশিয়ার সঙ্গে গোপন যোগাযোগ’ নিয়ে ট্রাম্প যেসব কর্মকাণ্ড ঘটাচ্ছেন, তা তাঁকে ও তাঁর ঘনিষ্ঠজনের মধ্যে কাউকে কাউকে আইনি ঝুঁকিতে ফেলে দিতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার অবৈধ হস্তক্ষেপের অভিযোগের ওপর তদন্ত শুরু করেছে মার্কিন কংগ্রেসের সিনেট, প্রতিনিধি পরিষদ ও কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই)। ক্রেমলিন এ অভিযোগ নাকচ করে দিয়েছে।

রুশ আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত নির্দেশনায় তাঁর পুত্রের এই বিবৃতি দেওয়া নিয়ে ওয়াশিংটন পোস্ট-এর পর এবিসি নিউজ খবর প্রকাশ করেছে। তবে গণমাধ্যমের সাম্প্রতিকতম এ খবরের সত্যতা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বা তাঁর ছেলের কোনো মন্তব্য জানা যায়নি।