ট্রাম্পবিরোধী সমাবেশ সড়ক অবরোধ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নিউইয়র্কে গত শনিবার বিক্ষোভ হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য অ্যারিজোনায় একই দিনে একটি বড় সড়ক অবরোধ করেছে কয়েক হাজার ট্রাম্পবিরোধী বিক্ষোভকারী।
রিপাবলিকান পার্টির মনোনয়নের দৌড়ে এখন পর্যন্ত ট্রাম্প এগিয়ে আছেন। প্রতিবাদী কর্মসূচির পর পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।
নিউইয়র্কের ম্যানহাটানের কলম্বাস সার্কেলে শনিবার জড়ো হয় কয়েক শ বিক্ষোভকারী। এ সময় তারা ‘ডোনাল্ড ট্রাম্প বিদায় নাও।’ ‘বর্ণবাদী, যৌনতাবাদী, সমকামবিরোধী বিদায় হও’—এসব স্লোগান দেয়। এ সময় এ এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। প্রতিবাদকারীদের বিক্ষোভ তাতে কমেনি। তারা এ সময় ‘বিদায় হও ট্রাম্প’ বা ‘ট্রাম্পের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো’ এসব স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করে। অনেকের বহন করা প্ল্যাকার্ডে এমন কথাও লেখা ছিল, ‘গোঁড়া ট্রাম্পকে আমাদের সংবিধান ছুঁতে দিয়ো না।’
নিউইয়র্কের ফিফথ অ্যাভিনিউয়ে ছোট একটি সংঘর্ষের পর পুলিশ সেখান থেকে একজনকে আটক করে। পরিস্থিতিও নিয়ন্ত্রণে আনে দ্রুত। বিক্ষোভের আয়োজন করে কসমোপলিটন অ্যান্টিফ্যাসিস্ট নামের একটি সংগঠন। তবে এখানে সংগঠনের বাইরের লোকজনও অংশ নেয়।
এই বিক্ষোভে অংশ নেওয়া ৩১ বছর বয়সী ইতিহাসবিদ প্যাট্রিক ওয়ালডো বলেন, ‘ট্রাম্প একজন বর্ণবাদী। তিনি একজন ফ্যাসিস্ট, ইসলামবিদ্বেষী। ভবিষ্যতের যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবেন তিনি।’ সমাবেশে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ২২ বছরের মুসলিম তরুণ নুর হাপাতসা বলেন, ‘ট্রাম্পের সব কথার মধ্যে জাতিবিদ্বেষ আছে। এসব আমার হৃদয়কে ব্যথিত করে।’
এদিকে অ্যারিজোনার রাজধানী ফিনিক্সে ট্রাম্পের সমাবেশস্থলে যেতে বাধার সৃষ্টি করে বিক্ষোভকারীরা। আগামী মঙ্গলবার এ রাজ্যের প্রাইমারিতে অংশ নেওয়ার জন্য ট্রাম্প এখন সেখানে আছেন। রাজ্যের মারিকোপা কাউন্টির ফাউন্টেন হিলসের রাস্তাও অবরোধ করে বিক্ষোভকারীরা। এ সময় তিন বিক্ষোভকারীকে আটক করা হয়।