রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হলেন ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পবিরোধী প্রচারণায় যুক্তরাষ্ট্রের মুসলমানরা

বিভিন্ন সময় মুসলিমবিরোধী বক্তব্য দেওয়ার কারণে ডোনাল্ড ট্রাম্পের বিরোধী প্রচারণায় নামছেন যুক্তরাষ্ট্রের মুসলমানরা। দেশটির মুসলিম নেতারা আশা করছেন, ১০ লক্ষাধিক মুসলমান এ প্রচারণায় অংশ নেবেন।
যুক্তরাষ্ট্রে প্রায় ৩৩ লাখ মুসলমানের বাস। আয়োজকেরা বলছেন, সংখ্যায় কম হলেও যুক্তরাষ্ট্রে মুসলিম জনগোষ্ঠীর প্রভাব যথেষ্ট। বিশেষ করে ভার্জিনিয়া ও ফ্লোরিডা অঙ্গরাজ্যে তাদের সংখ্যা যথেষ্ট। কাজেই নভেম্বরের সাধারণ নির্বাচনে মুসলিম জনগোষ্ঠীর বিশেষ প্রভাব থাকবে।
ইউএস কাউন্সিল অব মুসলিম অর্গানাইজেশনের সদস্য ওসামা আবু ইরশাইদ বলেন, ‘আমরা মুসলিম জনগোষ্ঠীকে বোঝাতে চাই, যদি নিজের অধিকার নিজে আদায় করে না নেওয়া হয়, তাহলে অন্য কেউ এসে অধিকার দিয়ে যাবে না।’
আয়োজকদের পক্ষ থেকে বিভিন্ন মসজিদের ইমামদের প্রতি ট্রাম্পবিরোধী প্রচারণায় মুসলিম জনগোষ্ঠীকে বেশি করে সম্পৃক্ত করতে উৎসাহ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বাসস্টেশন ও গ্যাসস্টেশনেও প্রচারকদের পাঠানো হয়েছে।
ব্যক্তিজীবন
বয়স ৬৯। নিউইয়র্কের কুইন্সের বাসিন্দা, ধনাঢ্য আবাসন ব্যবসায়ী ও সাবেক রিয়্যালিটি টিভি তারকা। রিপাবলিকান দলের মূলধারার ডান ঘেঁষা মনে করা হয়।
রাজনীতি
শ্বেতাঙ্গ শ্রমজীবী ও মধ্যবিত্ত শ্রেণি এবং কনজারভেটিভ দলের তৃণমূল সমর্থকদের কাছে জনপ্রিয়।
প্রতিশ্রুতি
মেক্সিকো সীমান্তে দেয়াল তোলা, লাখ লাখ অবৈধ অভিবাসীকে বিতাড়ন, নির্ভয়ে চীনকে মোকাবিলা করা
অন্যতম স্লোগান
‘যুক্তরাষ্ট্রকে আবার মহান করুন’
খ্যাতি
রাখঢাক না করে কথা বলার জন্য খ্যাত। তবে নারী, ম্যাক্সিকান ও মুসলিম সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচনা করা হয় ট্রাম্পকে।