ট্রাম্পবিরোধী বিক্ষোভের মধ্য দিয়ে লুথার কিংকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের টাইমস স্কয়ারে ১৫ জানুয়ারি বড় ধরনের বিক্ষোভ সমাবেশ করে নিউইয়র্কবাসী
নগরের টাইমস স্কয়ারে ১৫ জানুয়ারি বড় ধরনের বিক্ষোভ সমাবেশ করে নিউইয়র্কবাসী

নাগরিক আন্দোলনের কিংবদন্তিতুল্য নেতা মার্টিন লুথার কিং জুনিয়র। ১৫ জানুয়ারি ছিল এই নেতার জন্মদিন। আর কৃষ্ণাঙ্গ এই নেতার জন্মদিনকেই বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্ণবাদী মন্তব্যের বিরুদ্ধে বিক্ষোভের উপলক্ষ হিসেবে বেছে নিয়েছে নিউইয়র্কবাসী। ১৫ জানুয়ারি নিউইয়র্ক নগরের টাইমস স্কয়ারে অনুষ্ঠিত হয়েছে বড় ধরনের বিক্ষোভ সমাবেশ। এটিই ছিল মার্টিন লুথার কিংয়ের
প্রতি এখনকার নাগরিক আন্দোলনকারীদের
সম্মান প্রদর্শন।
নিউইয়র্ক নগর ১৫ জানুয়ারি হয়ে উঠেছিল মার্টিন লুথার কিংয়ের দর্শনের এক বিস্তৃত প্রদর্শনীস্থল। এই দিন সারা শহরের মানুষ নেমে এসেছিল পথে শুধু এই কথা জানাতে যে, ‘ভয়ের রাজত্বে বাস নয়, বরং সবচেয়ে জরুরি কাজটিই সময়ে করতে’ তারা উদ্গ্রীব। বর্তমান প্রেসিডেন্টের অভিবাসনবিরোধী পদক্ষেপ কিংবা কৃষ্ণাঙ্গ আমেরিকানদের বিরুদ্ধে করা তাঁর বিরূপ মন্তব্য এই সব কিছুকেই তাঁরা চ্যালেঞ্জ ছুড়ে দিতে এখনো প্রস্তুত, যেমনটা দেখা গেছে মার্টিন লুথার কিংয়ের পুরো জীবনে। কিংবদন্তি এই নেতার জন্মদিনকে তাঁরা শুধু নীরব শ্রদ্ধার উপলক্ষ নয়, বরং তাঁর আদর্শে উদ্দীপ্ত হয়ে প্রতিবাদে মুখর হওয়ারই প্রত্যয় ঘোষণা করেছেন। শুধু নিউইয়র্ক নয় পুরো আমেরিকার বিভিন্ন অঞ্চলের মানুষ এই দিন পথে নেমেছিল।
সাধারণ মানুষের এই বিক্ষোভে প্রকারান্তরে অংশ নিয়েছে নিউইয়র্ক নগর ও অঙ্গরাজ্য কর্তৃপক্ষও। বিশেষত ১১ জানুয়ারি হোয়াইট হাউসের বৈঠকে আফ্রিকান দেশগুলো সম্পর্কে ট্রাম্পের করা বিরূপ মন্তব্যের উল্লেখ করে নিন্দা জানিয়েছে কর্তৃপক্ষ। আর পথে পথে বিক্ষোভ করা মানুষেরা ট্রাম্পকে অভিহিত করেছেন, ‘বর্ণবাদী’ থেকে শুরু করে ‘মানসিক বিকারগ্রস্ত’সহ নানা অভিধায়।
বিক্ষোভে অংশ নেওয়া শার্পটন নামের এক ব্যক্তি তো ট্রাম্পের আফ্রিকান দেশ সম্পর্কিত মন্তব্যকে ‘অশ্লীল’ বলে অভিহিত করেছেন। নিউইয়র্ক ডেইলিকে তিনি বলেন, ‘এটা দুঃখজনক যে, এই প্রেসিডেন্ট উঠে এসেছেন নিউইয়র্ক থেকেই। এটা খুবই অস্বস্তিকর। তাঁর এই (আফ্রিকান দেশ সম্পর্কে) মন্তব্য জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। এটা এমনকি সংশ্লিষ্ট অঞ্চলে ইসলামিক স্টেট কিংবা আল-কায়েদার মতো জঙ্গিগোষ্ঠী তৈরির ক্ষেত্র তৈরি করে দিতে পারে।’
বিক্ষুব্ধ মানুষের সামনে বক্তব্য দেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো। তিনি বলেন, ‘যেই রিপাবলিকান নেতারা ট্রাম্পের এই মন্তব্যকে স্মরণ করতে পারছেন না, তাদের বলছি, এটি এমন একটি কথা, যা কখনোই ভুলে যাওয়া উচিত নয়। বিশেষত মন্তব্যকারী যখন প্রেসিডেন্ট। আর আপনার বসে থাকেন হোয়াইট হাউসে। আমাদের ক্ষোভ ও আন্দোলন এখন অন্য যেকোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষত দুই কারণে। প্রথমত, ওয়াশিংটনে বসে তারা যা করছে, তা কুৎসিত, বিতর্কিত, অ-আমেরিকানসুলভ ও নিন্দনীয়। আর দ্বিতীয়ত, আমাদের অঞ্চলকে এর বাইরে নিয়ে এসে সবার সামনে একটি উদাহরণ তৈরির স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত।’
মার্টিন লুথার কিংয়ের জন্মদিনের সম্মানে এই দিন ছিল ছুটি। ফলে প্রচুর সংখ্যক মানুষ সমবেত হয়েছিল বর্তমান প্রশাসনের বিভিন্ন নীতির প্রতি বিক্ষোভ প্রদর্শনের জন্য। আর তাদের সামনে একে একে হাজির হন আইনপ্রণেতা থেকে শুরু করে নাগরিক আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতারা। তারা সবাই বর্তমান প্রশাসনের গৃহীত বিভিন্ন নীতির কঠোর সমালোচনা করেন।
নিউইয়র্ক নগরের মেয়র বিল ডি ব্লাজিও বলেন, ‘আপনি যদি একজন হাইতিয়ান-আমেরিকান হয়ে থাকেন, আপনাকে ধন্যবাদ। এই দেশ ও এই শহরে আপনার অবদানের জন্য আপনাকে ধন্যবাদ। যদি আপনি আফ্রিকা থেকে এসে থাকেন, আপনাকে ধন্যবাদ। এল সালভাদরের সহিংসতা থেকে বাঁচতে যদি আপনি এখানে এসে থাকেন, আপনাকে ধন্যবাদ। আপনারা এখানে এসেছেন বলেই এখানে এই নিউইয়র্কে আমরা একটি বৈচিত্র্যপূর্ণ সমাজ গঠন করতে পেরেছি। আমরা এগিয়ে যেতে পেরেছি শুধু আপনার কারণেই। মার্টিন লুথার কিংয়ের এই জন্মদিনের উৎসবে দাঁড়িয়ে আমাদের শুধু এটুকুই বলা উচিত।’
আর সিনেটর চাক শুমার বলেছেন, ‘আমি আজকের দিনে প্রেসিডেন্টকে প্রাইভেট ইমানুয়েল মেনাশের গল্পটি শোনাতে চাই, যিনি আমেরিকায় এসেছিলেন ঘানা থেকে। তিনি আমাদের সামরিক বাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করেছেন। আর এই নিউইয়র্কের ব্রঙ্কসে ঘটা এক অগ্নিকাণ্ডে চার শিশুকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন দিয়েছেন। আমি চাই, ট্রাম্প আপনি মেনাশকে বলুন যে, তাঁর এই অবদানের কোনো প্রতিদান না তাঁর জন্ম দেশ দিতে পারবে, না আমেরিকা দিতে পারবে। কিন্তু সত্য হচ্ছে, ট্রাম্প শুধু কথাই বলেন। আর তিনি এই সপ্তাহে যা বলেছেন, তা দিয়ে মেনাশের মতো বীরদের তিনি অস্বীকার করেছেন।’
কিংয়ের জন্মদিনে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করেছেন তাঁর ছেলে মার্টিন লুথার কিং থ্রিও। ওয়াশিংটনে দেওয়া বক্তব্যে তিনি বর্তমান প্রশাসনের বিভাজনমূলক নীতির তীব্র সমালোচনা করেন। তবে শেষ পর্যন্ত এখনো ‘আশা আছে’ বলে মন্তব্য করেন তিনি। ঠিক তাঁর বাবা মার্টিন লুথার কিংয়ের মতোই শেষ পর্যন্ত স্বপ্নের স্বপক্ষেই বাজির রাখতে চান বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।