ট্রাম্পমুক্ত নিরাপদ আমেরিকা চান বাইডেন
যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন, ‘আমি একটি নিরাপদ আমেরিকা চাই। অপরাধ, লুটতরাজ ও সহিংসতামুক্ত আমেরিকা চাই। খারাপ পুলিশ মুক্ত আমেরিকা চাই। সর্বোপরি আগামী চার বছর ট্রাম্পমুক্ত নিরাপদ আমেরিকা চাই।’
নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভানিয়ার পিটসবার্গে গত ৩১ আগস্ট নিজের প্রথম নির্বাচনী সমাবেশে জো বাইডেন এসব কথা বলেছেন। সামাজিক অস্থিরতা, সহিংসতা ও লুটতরাজের বিরুদ্ধে কড়া অবস্থান ঘোষণা করে বাইডেন বলেছেন, গত চার বছরে ট্রাম্প যে সহিংসতার বীজ বুনেছেন, তা তিনি বন্ধ করতে পারবেন না। ডোনাল্ড ট্রাম্প অনেক আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের নৈতিক অধিকার হারিয়েছেন।
পিটসবার্গে জো বাইডেন যখন বক্তব্য দিচ্ছিলেন তখন হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে ট্রাম্প উগ্র শ্বেতাঙ্গদের সহিংসতার নিন্দা জানাতে অস্বীকার করেছেন। কাইল রিটেনহাউস নামের ১৭ বছরের এক শ্বেতাঙ্গ তরুণ এআর-১৫ রাইফেল নিয়ে প্রকাশ্যে রাস্তায় নেমে আসার ঘটনারও তিনি কোনো নিন্দা জানাননি। বলেছেন, কাইল রিটেনহাউস আত্মরক্ষার্থে এমন করেছেন।
গত চার বছরে ট্রাম্প যে সহিংসতার বীজ বুনেছেন, তা তিনি বন্ধ করতে পারবেন না। ডোনাল্ড ট্রাম্প অনেক আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের নৈতিক অধিকার হারিয়েছেন
এদিকে রাজ্য গভর্নর এবং নগরীর মেয়রের অনুরোধ উপেক্ষা করেই প্রেসিডেন্ট ট্রাম্প স্থানীয় সময় ১ সেপ্টেম্বর উইসকনসিনের কেনোশা নগরী সফর করছেন। সেখানে শ্বেতাঙ্গ উগ্রবাদী এবং ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনকারীরা অনেকটা মুখোমুখি অবস্থান করছে। এমন উত্তেজনায় আন্দোলন ও সহিংসতা নিয়ে ডোনাল্ড ট্রাম্প মাঠ গরম করা বক্তৃতা দেবেন বলেই আগাম ধারণা করা হচ্ছে।
ডেমোক্রেটিক দল ও রিপাবলিকান দলের জাতীয় কনভেনশনের পর আমেরিকার রাজনৈতিক মাঠ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। নির্বাচনের আর মাত্র দুই মাস বাকি। কনভেনশনের পর একটি গুরুত্বপূর্ণ জরিপে দেখা যাচ্ছে, চরম আগ্রাসী বক্তব্য রাখার পরও ডোনাল্ড ট্রাম্প জনমত জরিপের ব্যবধান জাতীয়ভাবে কমিয়ে আনতে পেরেছেন। ট্রাম্প ও বাইডেনের জনমতের ব্যবধান এখন মাত্র দুই শতাংশ। এক মাস আগেও ডোনাল্ড ট্রাম্প এমন যেকোনো জরিপে গড়ে ৯ শতাংশ পিছিয়ে ছিলেন জো বাইডেনের চেয়ে।
কনভেনশনের পর পরিচালিত জরিপের ফলাফল ৩১ আগস্ট প্রকাশ করেছে এমারসন কলেজ। এ জরিপে দেখা যাচ্ছে, দুই প্রার্থীর মধ্যে এখন ব্যবধান মাত্র দুই শতাংশ। এমন কাছাকাছি জনমতের অবস্থান নির্বাচনকে তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। এমারসন কলেজের জনমত জরিপে দেখা যাচ্ছে, জাতীয়ভাবে গড়ে বাইডেনের পক্ষে ৪৯ শতাংশ লোকজন। অপরদিকে ট্রাম্পের পক্ষে জনমত ৪৭ শতাংশ। দুই দশমিক চার শতাংশ ত্রুটির অবকাশ থাকলেও ফলাফলে বলা হয়েছে, পুরুষ ভোটারদের মধ্যে ৫০ শতাংশ ট্রাম্পের পক্ষে। বাইডেনের পক্ষে ৪৫ শতাংশ। নারী ভোটারদের মধ্যে বাইডেনের ৫২ শতাংশ এবং ট্রাম্পের ৪২ শতাংশ।
এমারসন কলেজের জরিপের প্রধান স্পেনসার কিম্বেল বলেছেন, জরিপটি গত ৩০ ও ৩১ আগস্ট পরিচালনা করা হয়েছে। কনভেনশনের পর ডোনাল্ড ট্রাম্প জনমতে ভালো করছেন বলে জনমত জরিপে দেখা গেছে।
চরম আগ্রাসী বক্তব্য রাখার পরও ডোনাল্ড ট্রাম্প জনমত জরিপের ব্যবধান জাতীয়ভাবে কমিয়ে আনতে পেরেছেন। ট্রাম্প ও বাইডেনের জনমতের ব্যবধান এখন মাত্র দুই শতাংশ
যুক্তরাষ্ট্রের বেশ কিছু নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে লোকজনের মধ্যে এক ধরনের শঙ্কা বিরাজ করছে। জনভীতিকে উসকে দিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান দলের প্রচার শিবির থেকে ডেমোক্র্যাটদের ওপর দায় চাপিয়ে দেওয়া হচ্ছে। জো বাইডেনের ৩১ আগস্টের বক্তৃতার আগে সহিংসতা, লুটতরাজ এবং সামাজিক অস্থিরতা নিয়ে ডেমোক্রেটিক দল কার্যকর অবস্থান গ্রহণ করতে পারেনি বলেই রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন।
পিটসবার্গে দাঁড়িয়ে জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র আজ বহুবিধ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এসব সংকটকে কয়েকগুণ বাড়িয়ে তুলছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কোভিড-১৯ সমস্যা, অর্থনৈতিক দুরবস্থা, অযৌক্তিক পুলিশি সহিংসতা, উসকে ওঠা শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ, যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে বিশ্বাসের সংকটের কথা উল্লেখ করে বাইডেন বলেছেন, ট্রাম্প এসব সংকটকে আরও নাজুক করে তুলেছেন। ট্রাম্প শান্তির চেয়ে বিশৃঙ্খলাকেই উৎসাহিত করছেন।
সিকি সেকেন্ড সময়ের মধ্যে পুলিশকে সিদ্ধান্ত নিতে হয়। কোনো কোনো সময় তাঁদের সিদ্ধান্ত ভুল হয়। ভুল ভুলই। উল্টোটাও হতে পারে। এমন ঘটনায় দ্রুত সিদ্ধান্ত না নিলে পুলিশের মৃত্যুও ঘটতে পারে
২৫ মে মেনিয়াপোলিসে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড পুলিশের হাতে নিহত হওয়ার পর নাগরিক আন্দোলন সারা যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে। একদিকে পুলিশের সহিংসতা ও বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ উগ্রবাদীদের ট্রাম্পের সমর্থনে নেমে আসতে দেখা যাচ্ছে। অস্ত্র হাতে এসব শ্বেতাঙ্গ লোকজনের মহড়া রীতিমতো ভীতিকর এবং উসকানিমূলক।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৩০ আগস্ট সংবাদ সম্মেলনে ১৭ বছরের শ্বেতাঙ্গ যুবকের অস্ত্র নিয়ে মহড়ার পক্ষেই কথা বলেছেন। পুলিশি সহিংসতা নিয়ে ট্রাম্প বলেছেন, সিকি সেকেন্ড সময়ের মধ্যে পুলিশকে সিদ্ধান্ত নিতে হয়। কোনো কোনো সময় তাঁদের সিদ্ধান্ত ভুল হয়। ভুল ভুলই। উল্টোটাও হতে পারে। এমন ঘটনায় দ্রুত সিদ্ধান্ত না নিলে পুলিশের মৃত্যুও ঘটতে পারে।
যে ভুলে আমেরিকায় একের পর এক কৃষ্ণাঙ্গ লোকের প্রাণ যাচ্ছে তাকে আরেকটি সাধারণ ভুল বলেই ট্রাম্প বলছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের এ বক্তব্য ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনকারীদের ক্ষোভ নিরসন না করে উসকে দিচ্ছে।
জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের পর কার্যত যুক্তরাষ্ট্রজুড়ে পুলিশ এবং আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থানে। ডেমোক্রেটিক প্রধান রাজ্যগুলোতে কৃষ্ণাঙ্গদের আধিক্য। এসব নগরীতে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে স্থানীয় নেতাদের সমর্থন রয়েছে। যদিও এসব রাজ্য গভর্নর বা নগরীর মেয়দের সঙ্গে জো বাইডেনের রাজনৈতিক খুব একটা সংশ্লিষ্টতা নেই।
বাইডেনকে এসব আন্দোলনকারীরা আরেকজন শ্বেতাঙ্গ হিসেবেই দেখে থাকেন। ডেমোক্রেটিক দলের জেগে ওঠা অতি উদারনৈতিক পক্ষের সমর্থনে জো বাইডেনের প্রকাশ্য কোনো অবস্থানও নেই। বাইডেন পেনসিলভানিয়ার সভা থেকে এ নিয়ে নিজের অবস্থান আরও বেশি করে পরিষ্কার করেছেন। তিনি বলেছেন, লুটতরাজ কোনো আন্দোলনের অংশ হতে পারে না। যারাই কোনো অপরাধ করবে, তাঁদের শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও একই আহ্বান জানানোর কথা বলেছেন। যদিও ডোনাল্ড ট্রাম্প দেশজুড়ে পুলিশের সহিংসতায় কোনো বাড়াবাড়ি দেখেন না। দেখেন না শ্বেতাঙ্গ উগ্রবাদীদের অস্ত্রের মহড়া। ডেমোক্র্যাটদের অপবাদ দিয়ে ট্রাম্পের নজর এখন কেবলই পুনর্নির্বাচনের দিকে।