ট্রাম্পুসকোনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প, সিলভিও বেরলুসকোনি
ডোনাল্ড ট্রাম্প, সিলভিও বেরলুসকোনি

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি বললেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর নিজের ‘দারুণ মিল’ রয়েছে। গত শনিবার দেশটির কোরিয়েরে দেল্লা সেরা নামক একটি দৈনিকের সঙ্গে সাক্ষাৎকারে অনৈতিক কর্মকাণ্ডের জন্য দণ্ডিত বেরলুসকোনি বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ ট্রাম্পকে নির্বাচিত করেছেন। এখন তাঁকে কাজ করতে দিন।
মার্কিন নির্বাচনের মধ্যে ট্রাম্প ও বেরলুসকোনির মিলগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন অনেকে। তাঁরা এর নাম দিয়েছেন ‘ট্রাম্পুসকোনি’। দুজনই বিতর্কিত কথাবার্তার জন্য আলোচিত।
দুজনের মধ্যে বড় মিল, দুজনই ব্যবসা থেকে রাজনীতিতে এসেছেন। একপর্যায়ে ক্ষমতার শীর্ষে বসেছেন। বেরলুসকোনি মিডিয়া ব্যবসায়ী আর ট্রাম্পের ব্যবসার ক্ষেত্র রিয়েল এস্টেট। প্রায়ই আইনি ঝামেলায় পড়তে হয়েছে ট্রাম্পকে।
বেরলুসকোনির কাছে ইতালির দৈনিকটি জানতে চেয়েছিল ট্রাম্প ও তাঁর মধ্যে কী কী মিল আছে। জবাবে ইতালির সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘অবশ্যই কিছু মিল রয়েছে। তবে উদ্যোক্তা হিসেবে আমার ও তাঁর কাহিনির মধ্যে পার্থক্য রয়েছে।’
চুল: ট্রাম্পের সযত্নে আঁচড়ে রাখা চুল বহু বছর ধরেই সংবাদমাধ্যমের আলোচনার বিষয়। বেরলুসকোনি ২০০৪ সালে মাথায় ব্যান্ডানা বেঁধে প্রকাশ্যে এসে আলোচনার জন্ম দিয়েছিলেন।
যৌন জীবন: পেশাদার যৌনকর্মীদের নিয়ে বেরলুসকোনির পার্টি করা বিষয়ে অনেক গল্পই চালু আছে। অপরিণত বয়সী মেয়ের সঙ্গে অর্থের বিনিময়ে যৌনকর্মের দায়ে আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। আর ট্রাম্পের বিরুদ্ধে নারীদের সঙ্গে অনেক অশিষ্ট আচরণ এমনকি কয়েকটি যৌন নিপীড়নেরও অভিযোগ উঠেছে।
ভুলগুলো: প্রকাশ্যে এবং গোপনে নারীদের নিয়ে মন্তব্য করে ফেঁসেছেন ট্রাম্প। ২০০৮ সালে ওবামাকে নিয়ে মন্তব্য করে তোপের মুখে পড়েছিলেন বেরলুসকোনি। তিনি ওবামা প্রসঙ্গে বলেছিলেন ‘ইয়াং, হ্যান্ডসাম অ্যান্ড ট্যানড’।