ট্রাম্পে 'গভীর আস্থা' আবের

ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে ‘গভীর আস্থা’ থাকার কথা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তাঁরা আশা, তিনি ও ট্রাম্প ‘আস্থার সম্পর্ক’ গড়তে পারবেন।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রথম বিদেশি নেতা হিসেবে দেখা করে শিনজো আবে এই অভিব্যক্তি প্রকাশ করেন।
কর্মকর্তারা জানিয়েছেন, শিনজো আবে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন। সে সময় তিনি ট্রাম্পকে বলেছিলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য সম্মেলনে যোগ দিতে পেরু যাওয়ার পথে নিউইয়র্কে তিনি যাত্রাবিরতি করবেন। এরপরই যাত্রাবিরতির ফাঁকে বৃহস্পতিবার নিউইয়র্কে ট্রাম্পের বাসভবন ট্রাম্প টাওয়ারে এই বৈঠকের আয়োজন করা হয়।
দেড় ঘণ্টার বৈঠকের পর সাংবাদিকদের শিনজো আবে বলেন, ‘আজকের আলোচনার পর আমার উপলব্ধি, ট্রাম্প এমন একজন নেতা যাঁর ওপর গভীর আস্থা রাখতে পারি।’ আর পারস্পরিক আস্থা ছাড়া মিত্রতা থাকে না বলেও তিনি মনে করেন।
নির্বাচনী প্রচারাভিযানের সময় ডোনাল্ড ট্রাম্পের বলা বিভিন্ন কথাবার্তায় উদ্বেগে পড়েছিল ওয়াশিংটনের দীর্ঘদিনের মিত্র দেশ জাপান। তাই ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের দায়িত্ব নিতে চলা ট্রাম্পের পররাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা পেতে তাঁর সঙ্গে আবের এ সাক্ষাৎ গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করা হয়।
ট্রাম্প টাওয়ারে শিনজো আবের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্পের মেয়ে ইভানকা ও ইভানকার স্বামী জ্যারেড কুশনারও।
ট্রাম্পের সঙ্গে বৈঠকের বিষয় নিয়ে খুব কম কথাই বলেন জাপানের নেতা। তবে আরও অনেক ইস্যুতে গভীর আলোচনার জন্য তাঁরা পুনরায় মিলিত হবেন বলে জানান।
ট্রাম্প প্রচারণার সময় বলেছিলেন জাপানকে নিরাপত্তা দিতে সে দেশে অবস্থানরত মার্কিন সেনাবাহিনীর খরচ মেটাতে টোকিওকে আরও অর্থ দিতে হবে। দাবি না মানলে ওই অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়ার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছিলেন। মার্কিন সেনাদের সহায়তা ও জাপানে মার্কিন ঘাঁটি চালানোর ব্যয় বাবদ বর্তমানে ওয়াশিংটনকে ১৭০ কোটি ডলার করে দিচ্ছে টোকিও।